৮ উইকেটের সহজ জয় ভারতের
অপমানজনক ইংল্যান্ড সফরের প্রতিশোধটা বেশ ভালোমতোই নিচ্ছে ভারত। দেশের মাটিতে প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে ১২৬ রানের বিশাল ব্যবধানে হারানোর পর দ্বিতীয় ওয়ানডেতেও সফরকারীদের বিপক্ষে ৮ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে ধোনি-বাহিনী। ইংল্যান্ডের ছুড়ে দেওয়া ২৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৩.২ ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকেরা। এই জয় দিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০-তে এগিয়ে গেল ভারত।২৩৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে প্রথম ৭ ওভারের মধ্যেই দুই ওপেনার পার্থিব প্যাটেল ও আজিনকা রেহানের উইকেট হারিয়ে কিছুটা চাপের মুখে পড়েছিল ভারত। তবে এরপর ইংলিশ বোলারদের শুধু হতাশই করেছেন গম্ভীর ও কোহলি। তৃতীয় উইকেটে ২০৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ভারতকে এনে দিয়েছে ৮ উইকেটের অনায়াস জয়। কোহলি করেছেন ক্যারিয়ারের সপ্তম ওয়ানডে সেঞ্চুরি। আর গম্ভীর অপরাজিত ছিলেন ৮৪ রানে।এর আগে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। কিন্তু ব্যাট করতে নেমে প্রথম ওভারেই প্রাভিন কুমারের শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক অ্যালিস্টার কুক। পরের ওভারে আরেক ওপেনার কেইসওয়েটারকেও শূন্য রানে ফেরত পাঠান বিনয় কুমার। তৃতীয় উইকেটে ৪৮ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা কিছুটা সামলে নেওয়ার চেষ্টা করেন জনাথন ট্রট ও কেভিন পিটারসেন। কিন্তু দশম ওভারে ৩৭ বলে ৩৪ রানের ইনিংস খেলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান ট্রট। এরপর চতুর্থ উইকেটে ৭৩ রানের গুরুত্বপূর্ণ এক জুটি গড়ে ইংলিশ-শিবিরে আশার সঞ্চার করেছিলেন রবি বোপারা ও পিটারসেন। তবে দলীয় ১২১ রানের মাথায় টানা দুই ওভারে এই দুই ব্যাটসম্যানকেই সাজঘরের পথ দেখিয়েছেন উমেশ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন। ষষ্ঠ উইকেটে ৮৬ রানের লড়াকু জুটি গড়ে ইংল্যান্ডকে কিছুটা সম্মানজনক অবস্থায় নিয়ে যান জনি বেয়ারস্টো ও সামিত পাটেল। ৪২ ও ৪৩তম ওভারে পাটেল ও বেয়ারস্টো আউট হওয়ার পর আর কেউই রানের চাকা সচল রাখতে পারেননি। এরপর ব্রেসনান, সোয়ান, ফিন ও ডার্নব্যাচ স্কোরবোর্ডে যোগ করেন ৩০ রান। ইংল্যান্ডের ইনিংস শেষ হয় ২৩৭ রানে। দলীয় সর্বোচ্চ ৪৬ রান এসেছে কেভিন পিটারসেনের ব্যাট থেকে। ভারতের পক্ষে মাত্র ৩০ রানের বিনিময়ে ৪টি উইকেট শিকার করেছেন বিনয় কুমার।