৮ পাকিস্তানির ম্যাচে মোহামেডানের জয়
এক দলে খেললেন পাঁচজন পাকিস্তানি খেলোয়াড়, অন্য দলে তিনজন। লড়াইটা আবাহনী-মোহামেডান, নাকি পাকিস্তানিদের—ধন্দে পড়ে যেতে হচ্ছিল। ঘরোয়া হকিতে দুই বড় দল আগেও বিদেশিদের ওপর ভর করত সাফল্যের জন্য। দিনে দিনে নির্ভরতা বেড়েছে। কাল প্রিমিয়ার হকি লিগের প্রথম পর্বে দুই দলের শেষ ম্যাচটা যার তরতাজা উদাহরণ।বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা মাথায় নিয়ে দুই বছর পর বহুল কাঙ্ক্ষিত হকি লিগ শুরু হয়েছিল। প্রথম দিনেই চ্যাম্পিয়ন ঊষা মাঠে আসেনি। ক্লাব কাপের বিতর্কিত ফাইনালে মোহামেডানের কাছে তারা হার মেনে নিয়েছিল প্রতিবাদ রেখে। সেই ম্যাচের ফল বদলে দেওয়া হবে না, এই সিদ্ধান্ত জানার পর ঊষা লিগে খেলল না। আদালতে গেছে দলটি। ঊষাবিহীন ১০ দলের লিগে দুই প্রধান তাদের ৮ ম্যাচের সব কটিতে জিতে মুখোমুখি হয়েছিল কাল।আবাহনীর জার্সি গায়ে ছিলেন ৫ পাকিস্তানি—সোহেল আব্বাস, মোহাম্মদ জাভেদ, তারিক আজিজ, মোদাচ্ছের আলী ও গোলরক্ষক নাসির আহমেদ। প্রথমজন বিখ্যাত পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ হিসেবে এখনো খেলছেন পাকিস্তান জাতীয় দলে। বাকিরা জাতীয় দলের সাবেক খেলোয়াড়। মোহামেডানের হয়ে খেললেন মোহাম্মদ সাকলায়েন, মোহাম্মদ সাব্বির ও মোহাম্মদ আতিক। প্রথমজন পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক। বাকি দুজনও সাবেক। জিতল কে? সাকলায়েন-সাব্বিরের মোহামেডান। ব্যবধান ৩-০। তিনটিই ফিল্ড গোল।এমনিতে আবাহনীর অনভিজ্ঞ দল মোহামেডানের কাছে তিন গোলে হারতেই পারে। কিন্তু ৫ পাকিস্তানিকে নিয়ে তিন গোল খাওয়া আবাহনীর জন্য একটু বিব্রতকরই। কিন্তু আবাহনী জেতার মতো খেলতে পারেনি। পেনাল্টি কর্নার পেলে সোহেল আব্বাস গোল করে দেবেন—এই ছিল আবাহনীর মূল লক্ষ্য। মোহামেডান যেখানে মাত্র একটি পেনাল্টি কর্নার পেল, আবাহনী পেল দুই অর্ধে দুটি করে। একটিও ভালোভাবে নিতে পারেননি সোহেল। মোহামেডানের কৌশলই ছিল সোহেলকে পেনাল্টি কর্নার ভালোভাবে নিতে দেওয়া যাবে না। তাতে তারা সফল। তার ওপর অনভিজ্ঞ তরুণদের পাশে খেলা পাকিস্তানি ফরোয়ার্ড মোদাচ্ছের প্রত্যাশা মেটাতে ব্যর্থ।মোহামেডান যে খুব প্রাধান্য নিয়ে খেলেছে, তা নয়। দ্রুত গতির আক্রমণে লক্ষ্যভেদ করায় এদিন পারদর্শী ছিল, এই যা। সাব্বিরই ছিলেন মূল কারিগর। ৩৪ মিনিটে কোনাকুনি হিটে মোহামেডানকে এগিয়ে দেওয়া প্রথম গোলটি তাঁরই। ৫১ মিনিটে সাজ্জাদের হিটের ওপর নেওয়া দুর্দান্ত রিভার্স হিটে বল পোস্টে পাঠান রাজন। ৬৫ মিনিটে আলতো টোকায় ব্যবধান ৩-০ করে দেন রাসেল মাহমুদ (জিমি)।মেরেকেটে পাঁচ-সাত শ দর্শক মাঠে ছিল। আকর্ষণীয় স্টিক ওয়ার্ক দেখার আকাঙ্ক্ষা মেটেনি তাদের। মালয়েশিয়ান আম্পায়ার খেলা পরিচালনা করেছেন, মাঠের পরিবেশ ‘শান্তিপূর্ণ’ই ছিল। মোহামেডানের জয়গানই সেখানে। সাদা-কালো কর্মকর্তারা মাঠে এলেন দলে দলে। ফিরলেন হাসিমুখে। কারণটাও অজানা নয়—সুপার ফাইভ শুরুর আগে আবাহনীর বিপক্ষে এই জয় মোহামেডানকে লিগ দৌড়ে এগিয়ে দিয়েছে অনেকটাই।