আট ফুটবলারকে ফিরে পেতে উচ্চ আদালতে রিট করেছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গতকাল রায় দিয়েছেন বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক-আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলামসহ আট খেলোয়াড় কোথায় খেলবেন, সে ব্যাপারে বাফুফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিকে সিদ্ধান্ত নিতে বলেছেন আদালত। সেই সিদ্ধান্তও নিতে হবে আদালতের রায়ের কপি পাওয়ার দুই সপ্তাহের মধ্যে। তত দিন পর্যন্ত ওই আট খেলোয়াড় কোনো ক্লাবের পক্ষেই মাঠে নামতে পারবেন না বলে জানিয়েছেন শেখ জামালের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। যার অর্থ, আট ফুটবলারকে মাঠে নামার জন্য আরও অপেক্ষা করতে হচ্ছে।
সাবেক সচিব আখতার হোসেন খানকে চেয়ারম্যান করে গঠিত পাঁচ সদস্যের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি এর আগে আট খেলোয়াড়কে শেখ জামালের খেলোয়াড় বলে স্বীকৃতি দেয়নি। বরং সিদ্ধান্তটা গিয়েছিল শেখ জামালের বিপক্ষে। স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছে, আদালতের রায়ের পর ওই আট খেলোয়াড়কে সম্ভবত আর পাচ্ছে না শেখ জামাল।
শেখ জামাল রিট আবেদনে বলেছিল, আট ফুটবলার তাদের কাছ থেকে টাকা নিয়ে অন্য দলে নাম লিখিয়েছেন। এতে সহায়তা করেছে বাফুফে। শুনানির পর হাইকোর্ট বেঞ্চ অন্তর্বর্তী আদেশে বলেন, এ বিষয়ে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শেখ জামাল ছাড়া অন্য দলে খেলতে পারবেন না ওই খেলোয়াড়েরা। ওই আদেশের স্থগিতাদেশ চেয়ে চেম্বার বিচারপতির কাছে গিয়েছিল মামলার বিবাদী বাফুফে। চেম্বার বিচারপতি স্থগিতাদেশ না দিয়ে বিষয়টি পাঠান আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে। পূর্ণাঙ্গ বেঞ্চ সেটি আবার পাঠিয়ে দেন হাইকোর্টে।
আট খেলোয়াড়কে দলে নেওয়া তিনটি ক্লাবই খুশি আদালতের রায়ে। মামুনুল ইসলাম, নাসিরউদ্দিন, রায়হান, ইয়ামিন, সোহেল রানাকে নিয়েছে চট্টগ্রাম আবাহনী; জামাল ভূঁইয়া ও আলমগীর রানাকে শেখ রাসেল; গোলরক্ষক সোহেলকে ঢাকা আবাহনী। তিনটি ক্লাবের কর্মকর্তারাই আশা করছেন, প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির চূড়ান্ত সিদ্ধান্তও তাঁদের পক্ষে যাবে। তবে কাল আদালতের রায়ে শেখ জামালে নেমে এসেছে হতাশা।