৮০ বছর পরও ওয়েন্স...

বার্লিন রেলস্টেশনে নেমেই এক ভয়ংকর অভিজ্ঞতা হয়েছিল সেদিন জেসি ওয়েন্সের। একদল মানুষ দাঁড়িয়ে তাঁকে দুয়ো দিচ্ছে, গালমন্দ করছে। অনেক তরুণীর হাতে কাঁচি। ভিড়ের মধ্যে ওরা চেষ্টা করছে ওয়েন্সের গায়ের জামাকাপড় কেটে দিতে। কয়েকজন আবার স্লোগান দিচ্ছেন, ‘কোথায় জেসি? কোথায় জেসি?’ আসলে দেখতে পেয়েও না দেখার ভান। কী অবজ্ঞা, কী অপমান!
কিন্তু কেন এই অপমান? কাজটা করা হয়েছিল জার্মানির তখনকার শাসক অ্যাডলফ হিটলারের ‘আর্য শ্রেষ্ঠত্ব’ তত্ত্ব মেনে। যে তত্ত্ব অনুযায়ী, ‘আর্য’ মানে জার্মানরা পৃথিবীর সেরা জাতি। তাই পুরো পৃথিবীর নেতৃত্বও তাদের হাতেই থাকা উচিত। সেই তত্ত্ব প্রমাণের জন্য হিটলারের জার্মানি বেছে নিয়েছিল ১৯৩৬ সালের বার্লিন অলিম্পিক। এমনকি তিনি ঘোষণাও দিয়ে দেন, তাঁর দেশে অলিম্পিকে ইহুদিরা অংশ নিতে পারবে না। কিন্তু এর ফলে অনেক দেশ যখন অলিম্পিক বয়কটের হুমকি দেয়, হিটলার সেই ঘোষণা থেকে সরে আসেন। তবে প্রবল জাতিবিদ্বেষ তো তাঁর যায়নি! এমন এক অলিম্পিকে কিনা অংশ নিতে গেলেন জেসি ওয়েন্সের মতো যুক্তরাষ্ট্রের এক কৃষ্ণাঙ্গ দৌড়বিদ!
জেসি ওয়েন্স সব বিদ্রূপ-অপমানের বদলা নিয়েছিলেন মাঠে নেমে। হিটলারকে জবাব দিয়েছিলেন এক এক করে ১০০ মিটার, ২০০ মিটার, ১০০ মিটার রিলে ও লং জাম্পে সোনা জিতে। একাই প্রমাণ করে দেন, হিটলারের তত্ত্বটা শুধুই ফাঁপা বুলি। গুঞ্জন আছে, এতে হিটলারের এতই আঁতে ঘা লেগেছিল যে তিনি ইহুদি আর কৃষ্ণাঙ্গ অ্যাথলেটদের সঙ্গে হাত মেলাতে হবে দেখে তো পদক বিতরণী অনুষ্ঠানেই থাকেননি। এমন কীর্তি গড়েও তাই হিটলারের অভিনন্দন পাননি ওয়েন্স।
পরে অনেক ইতিহাসবিদ অবশ্য দাবি করেছেন, হিটলারের ইচ্ছে করে হাত না মেলানোর গুঞ্জনটা সত্যি নয়। ওই সময় অন্য একটা সূচি থাকার কারণেই তিনি পদক বিতরণী অনুষ্ঠানে থাকতে পারেননি।
সেই বিতর্কিত বার্লিন অলিম্পিকটা শুরু হয়েছিল আজ থেকে ঠিক ৮০ বছর আগে, ১৯৩৬ সালের ১ আগস্ট। ওয়েন্স না-ফেরার দেশে চলে গেছেন ১৯৮০ সালে, ৬৬ বছর বয়সে। তবে আরও একটা অলিম্পিকের আগে এবং বার্লিন অলিম্পিকের ৮০ বছর পূর্তির সময়ে খুব স্বাভাবিকভাবেই ওই ঘটনাটা ঘুরেফিরে আসছে। জার্মান দৈনিক বিল্ড-এর সঙ্গে এ নিয়ে কথা বলতে গিয়ে বাবার মুখ থেকে শোনা ওই ঘটনার স্মৃতিচারণা করেছেন ওয়েন্স-কন্যা মারলিন ওয়েন্স রানকিন। তাঁর কথা তো বলে গুঞ্জনটা ছিল সত্যিই, ‘আমার বাবা সব সময় বলতেন, “আমি তো হিটলারের সঙ্গে হাত মেলাতে বার্লিন যাইনি। আমি দৌড়াতে গিয়েছিলাম এবং সেটাই করেছি। আমি আজ আমার জায়গাতেই আছি, কিন্তু হিটলার কোথায় আছে আমি জানি না।” বাবার এই কথা শুনে আমারও মনে হয়েছে, তিনি (হিটলার) তাঁর সঙ্গে হাত মেলাননি।’
এ প্রসঙ্গটি নিজের আত্মজীবনীতেও উল্লেখ করেছেন ওয়েন্স। সেখানে লিখেছেন, ওই কীর্তি গড়ার পর বার্লিন গেমসে একই কক্ষে যখন হিটলারের সঙ্গে তাঁর দেখা হয়, হিটলার শুধু একটু সৌজন্যসূচক হাত তুলেছিলেন দূর থেকে।
রানকিনও তাই বলেছেন, ‘বাবাকে নিয়ে লেখা ওই বইটাই আমার প্রিয়। আমি আসলে ঠিক জানি না কী হয়েছিল। তবে আমার বাবা গল্প বানানোর মানুষ ছিলেন না। তিনি ও রকম বলেছেন মানে আসলে সেটাই ঘটেছিল।’ এএফপি।