৮০০ ও জয়ের পথে মুরালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রইল বাকি দুই। আজ শ্রীলঙ্কার মতো পুরো ক্রিকেট-বিশ্বও হিসাব কষবে। ‘কাউন্ট ডাউনের’ সেই কোরাসে কি যোগ দেবে ভারতও? অবশ্যই! মুরালি তাদের আরও দুই ব্যাটসম্যানকে বধ করুন—এই ঔদার্য্যটুকু ভারত দেখাতেই পারে। আর দুটো উইকেট হলেই যে ৮০০! নতুন ইতিহাস, নতুন শৃঙ্গে পা রেখে মুরালির বিদায় নেওয়া টেস্ট ক্রিকেট থেকে।‘মুরালির টেস্ট’ হলেও প্রথম তিন দিন ঠিক খেলা দিয়ে আলোচনায় ছিলেন না। নিজের বিদায়ী টেস্টটা স্মরণীয় করে রাখতে চতুর্থ দিনে তৎপর হলেন মুরালিধরন নিজেই। ক্যারিয়ারে ৬৭ বারের মতো তুলে নিলেন ইনিংসে ৫ উইকেট। আর তাতেই ভারত ভেঙে পড়ল তাসের ঘরের মতো। বাধ্য ছেলের মতো দ্বিতীয়বার নামল ব্যাট হাতে। ফলোঅন করতে গিয়েও বিপদে। দ্বিতীয় ইনিংসে ১৮১ রান তুলতে গিয়েই ভারত হারিয়ে ফেলেছে ৫ উইকেট। র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দলটির মাথার ওপর এখন ঝুলছে ইনিংস পরাজয়ের খড়্গ। সেই লজ্জা থেকে ৬৩ রান দূরে এখনো। দূরত্বটা অনেক বড়ই দেখাচ্ছে। ৯ রানে অপরাজিত ভিভিএস লক্ষ্মণের সঙ্গে আজ পরাজয় ঠেকানোর মিশন নিয়ে শূন্য থেকে শুরু করবেন মহেন্দ্র সিং ধোনি।কাল দিনের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটটি কিন্তু তুলে নিয়েছিলেন চাণক্য ভেলেগেদারা। বীরেন্দর শেবাগকে বানিয়েছেন থারাঙ্গা পারানাভিতানার ক্যাচ। ততক্ষণে শেবাগ অবশ্য টানা তৃতীয় ম্যাচে সেঞ্চুরি পূর্ণ করে ফেলেছেন। শ্রীলঙ্কার বিপক্ষেও এটি তাঁর টানা তৃতীয় সেঞ্চুরি, সব মিলে ক্যারিয়ারে ২০তম। দিনের দ্বিতীয় উইকেটটিও মুরালির নয়, লাসিথ মালিঙ্গার। শিকার লক্ষ্মণ। ৯ রানের ব্যবধানে আগের দিনের দুই ব্যাটসম্যানকে হারিয়ে ভারত তখন আক্ষরিক অর্থেই কোণঠাসা। ১৭৮ নেই ৫ উইকেট। ধোনি-যুবরাজ তখনো ছিলেন। কিন্তু এর পরই মুরালি দৃশ্যপটে। আগের দিন শচীন টেন্ডুলকারকে তুলে নেওয়া এই স্পিনার ধোনি, যুবরাজ, প্রজ্ঞান ওঝা আর অভিমন্যু মিথুনকে তুলে নিয়ে ইনিংসে নিজের ৫ উইকেট পূর্ণ করেন। মাঝখানে হেরাথের বলে হরভজন সিং স্টাম্পিংয়ের ফাঁদে পড়লে ২৭৬ রানে অলআউট ভারত। প্রথম ইনিংসে ২৪৪ রানের ঘাটতি নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামতে হয় তাদের।সেখানেও শুরুতেই মালিঙ্গার আঘাত। গৌতম গম্ভীরকে প্রথম ইনিংসের স্মৃতি ফিরিয়ে দেন মালিঙ্গা। এবার অবশ্য এলবিডব্লু নয়, ক্যাচ বানান উইকেটের পেছনে। প্রথম ইনিংসে দ্বিতীয় বলেই আউট হওয়া গম্ভীর এবার আউট হন তৃতীয় বলে। শেবাগ অবশ্য তাঁর মতো করেই ব্যাট চালাচ্ছিলেন। ৩০ বলে ৩১ করে ফেলেন যাতে চারই ছয়টি। কিন্তু এবার প্রথম ইনিংসে তাঁর ঘাতক ভেলেগেদারাই ফেরান শেবাগকে। ৪২ রানে দুই উইকেট পড়ে যাওয়ার পর হাল ধরেন শচীন টেন্ডুলকার আর রাহুল দ্রাবিড়। তৃতীয় উইকেটে এই দুজনের ১১৯ রানের জুটি। কিন্তু দৃশ্যপটে আসেন মালিঙ্গা, তাঁর ভয়ংকর গতির রিভার্স সুইং নিয়ে। দ্রাবিড় মালিঙ্গার দ্বিতীয় শিকার হয়ে ফিরে গেলেও টেন্ডুলকার ছিলেন। ৪৮তম টেস্ট সেঞ্চুরিটাও তাঁর নাগালের কাছাকাছি চলে এসেছিল। কিন্তু ৩১ মাস পর টেস্ট খেলতে নেমে নিজেকে নতুন করে ফিরে পাওয়া মালিঙ্গা শচীনকে ৮৪ রানে ফিরিয়ে তুলে নেন ইনিংসে তাঁর তৃতীয় উইকেটটি। এর পর আবার মুরালি। দুর্দান্ত টার্নে যুবরাজকে একরকম বাধ্যই করান স্লিপে ক্যাচ দিতে। তাতেই মুরালির উইকেটের সংখ্যা পৌঁছায় ৭৯৮-এ। দুটো উইকেট পেলেই হয়ে যাবে ৮০০। আজ টেস্ট ক্রিকেটে নিজের শেষ দিনে খেলতে নামা মুরালি কি পারবেন?