৮১২ রানে জয়!

৮১২ রানে ক্রিকেট ম্যাচ জয়! অবাক হবেন না, এমন খবরে। কলকাতায় একটি স্কুল প্রতিযোগিতায় গতকাল সোমবার সত্যি সত্যিই এমন অদ্ভুত ব্যবধানে নিষ্পত্তি হয়েছে জয়-পরাজয়ের।
মেয়র কাপ অন্তঃ বিদ্যালয় প্রতিযোগিতার এক ম্যাচে সোমবার নব নালন্দা হাইস্কুলের মুখোমুখি হয়েছিল জ্ঞান ভারতী স্কুল। প্রথমে ব্যাট করে নালন্দা ৩৮ ওভারে গড়ে তোলে রানের পাহাড়। শ্রেয়াশ বন্দ্যোপাধ্যায়, ইমান চৌধুরী ও দীপাংশু সরকারের তিনটি অনবদ্য সেঞ্চুরিতে নালন্দা হাই স্কুলের রান দাঁড়ায় ২ উইকেটে ৬১৭।
রানের পাহাড় টপকাতে নেমে নালন্দার সন্দ্বীপ হালদারের বোলিং তোপে পড়ে জ্ঞান ভারতী। মাত্র ২৭ রানে ৫ উইকেট নেন তিনি। জ্ঞান ভারতীর ইনিংস গুটিয়ে যায় মাত্র ৩২ রানেই।
এখন প্রশ্ন করতে পারেন, ৬১৭ রানের জবাবে ৩২ রানে গুটিয়ে গেলে তো হারটা হয় ৫৮৫ রানের। ৮১২ রানের হয় কীভাবে? ফিল্ডিংয়ে সময় নষ্ট করার জন্য জ্ঞান ভারতীকে ম্যাচ রেফারি ২২৭ রান জরিমানা করেছিলেন। সে হিসাবে নালন্দার সংগ্রহ গিয়ে দাঁড়ায় ৮৪৪। এরই জবাবে কিনা অলআউট ৩২ রানে!
ক্রিকেটে অদ্ভুত কত ঘটনাই না ঘটে! ইদানীং এর বেশির ভাগই ঘটছে আবার ভারতের স্কুল ক্রিকেটেই! সূত্র: ডিএনএ।