৮২ রানে পিছিয়ে ভারত
ভারত সফরের প্রথম টেস্টে বিশাল ব্যবধানে হেরে গেলেও দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড। আজ ৩৬৫ রানে প্রথম ইনিংস শেষ করার পর ভারতের পাঁচটি উইকেট তুলে নিয়েছেন কিউই বোলাররা। অন্যদিকে স্কোরবোর্ডে ২৮৩ রান যোগ করে আজ দ্বিতীয় দিন শেষ করেছে ভারত। ৯৩ রানের চমত্কার এক ইনিংস খেলে দিন শেষে অপরাজিত আছেন বিরাট কোহলি। ৪৬ রান নিয়ে ব্যাট করছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।নিউজিল্যান্ডের ৩৬৫ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই খানিকটা চাপের মুখে পড়ে ভারত। মাত্র ২৭ রানের মধ্যে টিম সোউদির শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরেন গৌতম গম্ভীর ও চেতেশ্বর পূজারা। তৃতীয় উইকেটে ৪০ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন বীরেন্দর শেবাগ ও শচীন টেন্ডুলকার। কিন্তু টানা দুই ওভারে ভারতের প্রথম সারির এই দুই ব্যাটসম্যানের উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডকে শক্ত অবস্থানে নিয়ে যান ডোউগ ব্রেসওয়েল। পঞ্চম উইকেটে ৯৯ রানের জুটি গড়ে ভারতকে লড়াইয়ে ফেরান বিরাট কোহলি ও সুরেশ রায়না। দলীয় ১৭৯ রানের মাথায় এই জুটি ভাঙেন সোউদি। ৫৫ রানের লড়াকু এক ইনিংস খেলে ফিরে যান সুরেশ রায়না। দিনের বাকি সময়টা অবশ্য নির্বিঘ্নেই পার করেছেন কোহলি ও অধিনায়ক ধোনি। ষষ্ঠ উইকেটে ১০৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে অপরাজিত আছেন এই দুই ব্যাটসম্যান।এর আগে ৬ উইকেটে ৩২৮ রান নিয়ে আজ দ্বিতীয় দিন শুরু করার পর বাকি চার উইকেটে মাত্র ৩৭ রান যোগ করতে সক্ষম হয় নিউজিল্যান্ড। আগের দিনের পারফরম্যান্স অনুযায়ী সংগ্রহটা আরও বড় হতে পারত সফরকারীদের। কিন্তু দ্বিতীয় দিনটা ভালো কাটেনি কিউই ব্যাটসম্যানদের। মাত্র ২০ রানের ব্যবধানে চার উইকেটের পতন ঘটে। নিউজিল্যান্ডের ভরসার কেন্দ্রে ছিলেন আগের দিন ৬৩ রানে অপরাজিত থাকা ফন উইক। আজ বেশি দূর যেতে পারেননি তিনি। জহির খানের বলে সুরেশ রায়নার হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে তিনি নিজের সংগ্রহে যোগ করেন মাত্র ৮ রান। দলীয় সংগ্রহ তখন ৩৪৫। জহির খানের পরের ওভারের শেষ বলে রানআউট হন আগের দিন ৩০ রানে অপরাজিত থাকা ব্রেসওয়েল (৪৩)। দলীয় সংগ্রহ তখন ৩৫৩। এরপর কোনো রান পাওয়ার আগেই জিতান প্যাটেলকে সাজঘরে ফেরান উমেশ যাদব। দলীয় সংগ্রহে আর দুই রান যোগ হতেই ওঝার বলে বোল্ড হন সোউদি (১৪)।