৮২ রানেই শেষ বাংলাদেশের ইনিংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফারজানা হকের ব্যাট থেকে আসা ২৮ রানই এ পর্যন্ত বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। এরপর থেকে যাওয়া আসার মিছিলে পড়ে মেয়েদের টি-টোয়েন্টি এশিয়া কাপের সেমিতে পাকিস্তানের বিপক্ষে সংগ্রহটাকে একশ’র কোটা পার করতে পারল না বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৮২ রান।এরআগে, ভালো ‘শুরু’টাকে বেশিদূর টেনে নিয়ে যেতে পারেননি ফারজানা হক ও সানজিদা ইসলাম। দলীয় ২৪ রানে প্রথম উইকেট পতনের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। দ্বিতীয় উইকেটের পতন ঘটে ৩৮ রানে। ৪১ রানে তৃতীয়, সেই ৪১ রানেই চতুর্থ, ৫২ রানে পঞ্চম ও ৫৫ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে বড় সংগ্রহের সম্ভাবনাকে কবর দিয়েছেন বাংলাদেশের টপ অর্ডাররাই। ফারজানার ২৮ রানের পর সানজিদা, রুমানা, লতা ও তাজিয়ার ব্যাট থেকে এসেছে যথাক্রমে, ৬, ৪, ১ ও ৩ রান। অধিনায়ক সালমা খাতুন ও শুকতারা রহমানের দুটি ছোট্ট অথচ কার্যকর ইনিংস শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংসকে নিয়ে যায় মোটামুটি লড়াই করার মতো পর্যায়ে। সালমা ১৪ রান করে আউট হন। শুকতারা অপরাজিত থাকেন ১৬ রানে।পাকিস্তানের পক্ষে বিসমাহ মারুফ ছিলেন বল হাতে সবচেয়ে সফল। তিনি ২ ওভার বল করে মাত্র ৯ রানে ২টি উইকেট দখল করেন। এছাড়া নিদা দার ১৩ রানে ২টি এবং সাদিয়া ইউসুফ ও সানা মির একটি করে উইকেট দখল করেন।গ্রুপ পর্যায়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি থেকে নিশ্চয়ই উদ্দীপনা সংগ্রহ করবে বাংলাদেশ। ওই ম্যাচে ষাটের কোটায় নিজেদের ইনিংস শেষ করেও শ্রীলঙ্কাকে হারিয়েছিল সালমারা। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের প্রেরণা আজ সেমিতে পাকিস্তানের বিপক্ষে কতটা কাজে লাগে-দেখার বিষয় এটিই।