৮৫ বছর পর ফেরা রাগবির শ্রেষ্ঠত্ব ফিজির

অলিম্পিকে নিজেদের ইতিহাসের প্রথম পদকটি যদি হয় সোনা, তাহলে আনন্দ আর গর্বের মাত্রাটা কোন জায়গায় পৌঁছে, সেটা হয়তো খুব ভালোই বুঝতে পারছে ফিজির মানুষ। কিন্তু ফিজি নিজেদের ইতিহাসের পাতায় দেখছে এমন একটি খেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করে, যা ৮৫ বছর ফিরেছে অলিম্পিকের পতাকাতলে।
১৯২৪ সালে প্যারিস অলিম্পিকে শেষবারের মতো অনুষ্ঠিত হয়েছিল রাগবি। এবার রিও অলিম্পিকে তাই রাগবির প্রত্যাবর্তনটা ছিল ঐতিহাসিকই। ফিজির রাগবি দলটি তাই থাকছে অলিম্পিকের ঐতিহাসিক এই মুহূর্তেরই কেন্দ্রে।
রাগবি সাধারণত অনুষ্ঠিত হয় ১৫ জন খেলোয়াড় নিয়ে গঠিত দুটি দলের মধ্যেই। ৮৫ বছর আগে প্যারিস অলিম্পিকেও ১৫ জনের দল নিয়ে মাঠে নেমেছিল অংশগ্রহণকারী দলগুলো। কিন্তু এবারের রিও অলিম্পিকে ১৫ জন খেলোয়াড়ের বদলে প্রতি দলে সাতজন খেলোয়াড় নিয়ে খেলার বিধান করা হয়।
ফাইনালে ফিজি গ্রেট ব্রিটেনের বিপক্ষে জিতেছে ৪৩-৭ ব্যবধানে। সেমিফাইনালে জাপানকে হারিয়ে ফাইনালে ওঠে ফিজি। ব্রিটেন হারায় দক্ষিণ আফ্রিকাকে।
ব্রোঞ্জের লড়াইয়ে শেষ হাসি হেসেছে দক্ষিণ আফ্রিকা। রিও অলিম্পিক রাগবিতে দারুণ খেলা জাপানের বিপক্ষে তারা জিতেছে ৫৪-১৪ ব্যবধানে। সূত্র: রয়টার্স।