৮৮ রানেই গুটিয়ে গেছে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস
অধিনায়ক হিসেবে শুরুটা ভালোই হলো সালমান বাটের। প্রথম টেস্টে ১৫০ রানের বিশাল ব্যবধানে হারের পর দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে মাত্র ৮৮ রানেই গুটিয়ে দিয়েছে পাকিস্তান।হেডিংলিতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। দলীয় ২০ রানের মাথায় এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফিরে যান অস্ট্রেলিয়ার দুই ওপেনার। অধিনায়ক রিকি পন্টিং মাত্র ৬ রান করে মোহাম্মদ আসিফের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান। মধ্যাহ্ন বিরতির আগেই স্কোর বোর্ডে মাত্র ৬০ রান জমা করে আউট হন অস্ট্রেলিয়ার ৬ ব্যাটসম্যান। মধ্যাহ্ন বিরতির পর প্রথম ওভারেই পরপর দুই বলে জনসন ও স্মিথকে বোল্ড করে প্যাভিলিয়নে ফেরত পাঠান মোহম্মদ আমির। এরপর আর কেউই দুই অঙ্কের কোটা পূরণ করতে পারেননি। অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় ৮৮ রানে। এটা পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। এর আগে ১৯৫৬ সালে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়া অলআউট হয়েছিল ৮০ রানে।মোহম্মদ আমির ও মোহম্মদ আসিফ পেয়েছেন ৩টি করে উইকেট। ২টি উইকেট নিয়েছেন উমর গুল।শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ৭৫ রান সংগ্রহ করেছে পাকিস্তান। ইমরান ফারহাদ ২৬ ও সালমান বাট ৪২ রান নিয়ে ব্যাট করছেন।