৯ বছর পর বাদ চয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মামুনুর রহমান চয়ন
মামুনুর রহমান চয়ন

খবরটা শুনে যতটা না অবাক হয়েছেন, এর চেয়ে বেশি পেয়েছেন কষ্ট। আগামী ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠেয় এসএ গেমসের জন্য গতকাল চূড়ান্ত দল ঘোষণা করেছে হকি ফেডারেশন। ১৮ সদস্যের দলে নাম নেই মামুনুর রহমান চয়নের! ৯ বছর পর জাতীয় দল থেকে বাদ পড়লেন নৌবাহিনীর ডিফেন্ডার।
তাঁকে বলা হয় ‘পেনাল্টি কর্নার স্পেশালিস্ট’। কিন্তু সম্প্রতি চয়নের সেই ‘ট্রেডমার্ক’ ড্র্যাগ ফ্লিকেও যেন ধার কমেছে। ফিটনেসটাও আগের মতো নেই। সব মিলিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কাল জানালেন কোচ মাহবুব হারুন, ‘ও আসলে একটা ম্যাচ পুরো সময় খেলতে পারে না। ফিটনেসে ঘাটতি আছে। আগে তো চয়নকে রাখা হতো পেনাল্টি কর্নারের জন্যই। কিন্তু ও পিসি থেকেও ইদানীং গোল পাচ্ছে না। এ জন্যই ওকে বাদ দেওয়া হয়েছে।’ পেনাল্টি কর্নারে কোচের নতুন ভরসা আশরাফুল ইসলাম।
জাতীয় দলের জার্সি গায়ে চয়নের ক্যারিয়ার শুরু ২০০৬ সালে, ঢাকায় এশিয়ান গেমসের বাছাইপর্ব দিয়ে। এরপর জাতীয় দল থেকে কখনোই বাদ পড়েননি। অধিনায়কত্ব করেছেন ২০১০ থেকে ২০১৪ পর্যন্ত। হঠাৎই বাদ পড়ায় চয়ন তাই হতাশ, ‘দলে নেই শুনে খুবই খারাপ লাগছে। বাদ পড়ব, এমনটা আশা করিনি। ক্যাম্পে ভালো করেছি। গত বিজয় দিবসে দল চ্যাম্পিয়ন হয়েছে, আমিও ভালো খেলেছি। খবরটা শুনে তাই একটু অবাকই হয়েছি।’ তবে নির্বাচকদের সিদ্ধান্তও তিনি মেনে নিয়েছেন, ‘কারও প্রতি আমার রাগ নেই। নির্বাচক এবং কোচের সিদ্ধান্তকে মেনে নিয়েছি। তবে চেষ্টা থাকবে আবারও জাতীয় দলে ফেরার। দলের সবার জন্য শুভকামনা রইল।’
এই দলে চমক বলতে শুধু চয়নের বাদ পড়া। তা ছাড়া সবগুলো পুরোনো মুখই আছে। সর্বশেষ ২০১৩ এশিয়া কাপে খেলা গোলরক্ষক জাহিদ হোসেন নিষেধাজ্ঞা কাটিয়ে দুই বছর পর ফিরলেন দলে। অসীম গোপের সঙ্গে লড়াই করেই একাদশে ঢুকতে চান তিনি। গত জানুয়ারিতে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে খেলা দল থেকে বাদ পড়া মিডফিল্ডার সাব্বির হোসেন আবারও ফিরেছেন। এর আগে অনূর্ধ্ব-২১ দলে খেলা মিডফিল্ডার ফজলে হোসেন রাব্বিই একমাত্র নতুন মুখ। কৃষ্ণ দাসকে সরিয়ে নতুন অধিনায়ক করা হয়েছে সারোয়ার হোসেনকে।
বাংলাদেশ দল
অসীম গোপ, জাহিদ হোসেন, আশরাফুল ইসলাম, ইমরান হাসান পিন্টু, রেজাউল করিম, ফরহাদ আহমেদ, খোরশেদুর রহমান, তাপস বর্মণ, সারোয়ার হোসেন (অধিনায়ক), হাসান জুবায়ের নিলয়, রোমান সরকার, ফজলে হোসেন রাব্বি, সাব্বির হোসেন, মইনুল ইসলাম, পুষ্কর খীসা মিমো, রাসেল মাহমুদ জিমি, মিলন হোসেন ও কৃষ্ণ দাস।
স্ট্যান্ডবাই: আবু সাঈদ, বেলাল হোসেন, নাঈম উদ্দিন ও দ্বীন ইসলাম।