৯ বছর পর মরিনহোর অন্য স্বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিগুয়েল ডি লাস কুয়েভাসের নাম এর আগে শুনেছেন? না শুনে থাকলে লজ্জা পাওয়ার কিছু নেই। এমনকি বড় খটোমটো এই নাম আপনি চাইলে কাল থেকে ভুলেও যেতে পারেন। তবে নিশ্চিত জেনে রাখুন, হোসে মরিনহো ভুলবেন না। যে রেকর্ড কোচ মরিনহোকে প্রায় অবিনশ্বর করে তুলেছিল, এই ‘অখ্যাত’ ফুটবলার ভেঙে দিলেন সেই রেকর্ড। পরশু স্প্যানিশ লিগে ৭৯ মিনিটে করা কুয়েভাসের গোলে নিজেদের মাঠে হারল রিয়াল মাদ্রিদ (০-১)। ভেঙে গেল লিগ ম্যাচে নিজের মাঠে কোচ মরিনহোর টানা ১৫০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড। যে রেকর্ড অক্ষত ছিল গত নয় বছর! সর্বশেষ নিজের মাঠে মরিনহো হেরেছিলেন ২০০২ সালের ফেব্রুয়ারিতে। তখন কোচ ছিলেন পোর্তোর। নিজের রেকর্ড হারানোর চেয়ে মরিনহোর দুঃখ পয়েন্ট টেবিল। পরশুই পরের ম্যাচে বার্সেলোনা ১-০ গোলে হারিয়েছে ভিয়ারিয়ালকে। জেরার্ড পিকের ৬৭ মিনিটের গোল বার্সেলোনাকে এগিয়ে দিল আট পয়েন্টে। ৩০ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট ৮১, রিয়ালের ৭৩। লিগে এখন আট ম্যাচ বাকি। কার্যত শিরোপা জয়ের আশাও শেষ হয়ে গেল রিয়ালের। কাল নিজেদের ম্যাচ শেষেই মরিনহো আত্মসমর্পণ করলেন, ‘অঙ্কের হিসাবে এখনো আমাদের সুযোগ আছে ঠিকই। কিন্তু বার্সেলোনা যদি আট পয়েন্টে এগিয়ে যায়, বাস্তবতা বলে, আর কোনো সুযোগ থাকে না।’পেপ গার্দিওলার দল কি তবে এখনই টানা তৃতীয় লিগ শিরোপা জয়ের উৎসব শুরু করে দেবে? বার্সা কোচের শ্রেষ্ঠত্ব এখানেই। কারণ, তিনি বলছেন, ‘আমাদের মাটিতেই পা রাখতে হবে। কারণ, সামনের দিনগুলোতে অনেক কঠিন কঠিন ম্যাচ।’সান্তিয়াগো বার্নাব্যুতে মরিনহোর হেরে যাওয়াটাও অনেক বড় ব্যাপার। কারণ, শুধু লিগ ম্যাচ নয়; সব ধরনের প্রতিযোগিতাও যদি ধরা হয়, ২০০৪ সালে চেলসির কোচ হওয়ার পর থেকে ১৬৮ ম্যাচ পর প্রথম নিজের মাঠে হারলেন মরিনহো। সব ধরনের প্রতিযোগিতা বলতে চ্যাম্পিয়নস লিগ, কাপ, লিগ কাপও আছে। পরশু ক্রিকেট বিশ্বকাপের ফাইনালের ডামাডোলে ফুটবল অঙ্গনে আরেকটি ‘বড় ঘটনা’ ঘটেছে। এদিন ইতালিয়ান লিগে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলান আর ইন্টার মিলান। সানসিরোতেই ইন্টারকে ৩-০ গোলের লজ্জা দিয়েছে মিলান। ফাউল, দুই লাল কার্ড আর চরম উত্তেজনা ছড়ানো ম্যাচে দুই গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা পাতো। এর মধ্যে প্রথম গোলটিই ছিল খেলা শুরুর ৪৫ সেকেন্ডের মধ্যে। এই জয়ের ফলে ৩১ ম্যাচ শেষে ইন্টারের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে গেল শীর্ষে থাকা মিলান। কিন্তু ৬৫ পয়েন্ট নিয়েও স্বস্তিতে নেই তারা। কারণ ৬২ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে নাপোলি। হ্যাঁ, নাপোলিই। ম্যারাডোনার ছোঁয়ায় একসময় বদলে যাওয়া এই দলটি আবারও যেন পুনর্জন্ম পেয়েছে।বার্সেলোনা ও মিলান নিজেদের তাই এখনই চ্যাম্পিয়ন বলতে নারাজ। তবে ম্যানইউ কোচ অ্যালেক্স ফার্গুসন কিন্তু ঘোষণার সুরেই বলছেন, ‘আমরাই চ্যাম্পিয়ন।’ পরশু রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে বড় দলগুলোর মধ্যে কেবল ম্যানইউই যে জিতেছে। ড্র করেছে চেলসি, আর্সেনাল, টটেনহাম; লিভারপুল হেরেই গেছে। ৩১ ম্যাচে ম্যানইউয়ের পয়েন্ট ৬৬। এর পরই আছে আর্সেনাল (৫৯), চেলসি (৫৫) আর ম্যানচেস্টার সিটি (৫৩)। এই ত্রয়ী অবশ্য একটি ম্যাচ কম খেলেছে। ওদিকে জার্মান লিগে বুরুশিয়া মনশেনগ্লাডবাখকে ১-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।