৯ বলের আক্ষেপ নিয়ে রোমাঞ্চের শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের তো বটেই, সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠল তাঁরই হাতে। তার পরও মুখে রাজ্যের অন্ধকার। নিষ্প্রাণ হাসি হেসে হাশিম আমলা প্রথম বাক্যটিই বললেন, ‘আমি ভীষণ ক্লান্ত!’ক্লান্ত তাঁর হওয়ারই কথা। সিরিজে তিন ইনিংস ব্যাট করেছেন। একটি ডাবল সেঞ্চুরি আর দুটো সেঞ্চুরি। কাল শেষ পর্যন্ত আগলে রেখেছেন উইকেট। অপরাজিত ১২৩ রান, তার চেয়েও বড় কথা, উইকেটে কাটিয়ে দিয়েছেন আট ঘণ্টা ১৯ মিনিট। সব মিলে সিরিজে ব্যাট করেছেন ২৩ ঘণ্টা ২২ মিনিট। রান করেছেন ৪৯০। গড়ও তা-ই। ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ সিরিজ গড়।তার পরও ক্লান্তি ধুয়েমুছে যেত আমলার। যদি দিনের শেষ নয়টি বল পার করে দিতে পারত দক্ষিণ আফ্রিকা। নয় বল বাকি থাকতেই মরনে মরকেলের বিদায়। শেষ বিকেলে তুমুল উত্তেজনার উত্তাপ ছড়িয়ে ড্র করতে করতেও হেরে গেল দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ৫৭ রানে। সমতা দিয়েই শেষ হলো সিরিজ। এক নম্বর জায়গাটিও থেকে গেল ভারতের কাছে।তা-ই হওয়ার কথা ছিল। চা-বিরতি আগেই দক্ষিণ আফ্রিকার পরাজয় একরকম নিশ্চিত হয়ে গিয়েছিল। ৭৪তম ওভারের শেষ বলে জেপি ডুমিনির বিদায়ই পরাজয়ের দিকে ঠেলে দিয়েছিল সফরকারীদের। দিনের খেলা তখনো ৫৯ ওভার বাকি। উইকেটে শেষ স্বীকৃত ব্যাটসম্যান বলতে কেবল আমলাই। ম্যাচ বাঁচাতে হলে দুর্গম গিরি কান্তার মরু পাড়ি দিতে হতো আমলাকে। রুখে দাঁড়ানোর লড়াইয়ে তাঁর সঙ্গী ছিল চারজন টেলএন্ডার। আমলা সেই চ্যালেঞ্জটাই নিলেন। কিন্তু মাত্র এক রান করে ফিরে গিয়ে ডেল স্টেইন জানিয়ে দিলেন, এই লড়াইয়ের জন্য তিনি প্রস্তুত নন। বাকি রইল ওয়েইন পারনেল, পল হ্যারিস আর মরনে মরকেল। উইকেট থেকে টার্ন-বাউন্স দুটোই পাচ্ছেন স্পিনাররা। চোট নিয়ে জহির খানের মাঠের বাইরে চলে যাওয়াও তাই ধোনির জন্য দুশ্চিন্তার কারণ ছিল না।কিন্তু ধোনির কপালে ক্রমেই ভাঁজ বাড়িয়েছেন পঞ্চম দক্ষিণ আফ্রিকান হিসেবে দুই ইনিংসে সেঞ্চুরি করা আমলা। অষ্টম উইকেট জুটিতে পারনেলের সঙ্গে পার করে দিলেন ২৪.২ ওভার। ২২ করে পারনেল ফিরে গেলেন ইশান্ত শর্মার প্রথম শিকার হয়ে। এর পর হ্যারিসের সঙ্গে ৮.৩ ওভারে জুটি। এই জুটিও ভাঙল ইশান্তের আঘাতে। ১১০.৫ ওভারে দক্ষিণ আফ্রিকার নবম উইকেটের পতন। দিন শেষ হতে কমপক্ষে ২২ ওভার বাকি। আসল লড়াই শুরু হলো এর পর। একের পর এক বল ঠেকিয়ে গেলেন আমলা আর মরকেল। পড়ন্ত বেলায় ভারতের হতাশা আর দক্ষিণ আফ্রিকার আশা বাড়ছিল দুটোই। ২০ ওভারও পেরিয়ে গেল এক সময়। বাকি রইল দুই ওভার। মরকেল এক ওভার ঠেকাবেন। অন্য ওভারটি আমলা। এই ছিল পরিকল্পনা। হরভজনের করা ১৩২তম ওভারের প্রথম দুটো বল ভালোমতোই ঠেকালেন মরকেল। কিন্তু তৃতীয় বল গিয়ে লাগল প্যাডে। ভারতীয় ফিল্ডারদের সঙ্গে সমস্বরে আবেদন করে উঠল ইডেনের গ্যালারি। স্টিভ ডেভিসের তর্জনী মৃত্যু ঘোষণা করল দক্ষিণ আফ্রিকার স্বপ্নের। হরভজন তখন ছুটছেন উসাইন বোল্টের গতিতে। তাঁর পিছু ধাওয়া করলেন সতীর্থরা।মাথা নিচু করে মাঠ ছাড়লেন ক্লান্ত সৈনিক হাশিম আমলা। ওয়েবসাইট।