৯ রানের হার ভারতের
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর ওয়ানডে সিরিজের শুরুটাও ভালোভাবে করতে পারেনি স্বাগতিক ভারত। আজ সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৯ রানে হেরে গেছে ধোনি বাহিনী। জয়ের জন্য ইংল্যান্ডের ছুঁড়ে দেওয়া ৩২৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের ইনিংস শেষ হয় ৩১৬ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রানের ইনিংসটি খেলেছেন যুবরাজ সিং। ইংল্যান্ডের পক্ষে ৪৪ রানের বিনিময়ে চারটি উইকেট শিকার করেছেন জেমস ট্রেডওয়েল।৩২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবেই করেছিলেন দুই ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর ও আজিনকা রেহানে। উদ্বোধনী জুটিতেই তাঁরা যোগ করেছিলেন ৯৬ রান। ভারতীয় শিবিরে প্রথম আঘাতটি হানেন জেমন ট্রেডওয়েল। টানা দুই ওভারে গম্ভীর ও রেহানেকে সাজঘরমুখী করেন এই ডানহাতি অফস্পিনার। রেহানে ৪৭ ও গম্ভীর ৫২ রান করে আউট হন। এরপর খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি বিরাট কোহলি। ফিরে গেছেন মাত্র ১৫ রান করে। চতুর্থ উইকেটে ৬০ রানের ঝড়ো জুটি গড়েন যুবরাজ সিং ও সুরেশ রায়না। ৫৪ বলে ৬১ রানের ইনিংস খেলে ক্রমশই বিপদজনক হয়ে উঠছিলেন যুবরাজ। দলীয় ১৯৮ রানের মাথায় মারমুখী এই ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়ে ইংলিশ শিবিরে স্বস্তি ফেরান ট্রেডওয়েল। এরপর সুরেশ রায়নাকে নিয়ে বেশ ভালোই লড়াই চালাচ্ছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বড় বড় চারটি ছয় মেরে ইংল্যান্ড বোলারদের মধ্যে ভীতির সঞ্চার করেছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। কিন্তু ৪৫তম ওভারে ধোনির উইকেটটি তুলে নিয়ে ইংল্যান্ডের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন জেড ডার্নব্যাচ। তার আগে ৫০ রান করে ট্রেডওয়েলের শিকারে পরিণত হয়েছিলেন সুরেশ রায়না। ধোনির ব্যাট থেকে আসে ৩২ রান।এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক। উদ্বোধনী জুটিতে ১৫৮ রান যোগ করে ইংল্যান্ডকে শক্ত ভিত্তি গড়ে দেন কুক ও ইয়ান বেল। ইনিংসের ২৮তম ওভারে দুর্ভাগ্যবশত রানআউটের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন বেল। তার আগে তিনি খেলেছেন ৯৬ বলে ৮৫ রানের চমত্কার এক ইনিংস। বেল আউট হওয়ার পর খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি কুকও। ৭৫ রানের অধিনায়কোচিত এক ইনিংস খেলে তিনি পরিণত হয়েছেন সুরেশ রায়নার শিকারে। তৃতীয় উইকেটে আবার ৭৬ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে বড় সংগ্রহের পথে নিয়ে যান ইয়ন মরগান ও কেভিন পিটারসেন। টানা দুই ওভারে এই দুই ইংলিশ ব্যাটসম্যানকে আউট করেন অশোক ডিন্ডা। পিটারসেন ৪৪ ও মরগান ৪১ রান করে আউট হন। পঞ্চম উইকেটে ৭০ রানের ঝোড়ো জুটি গড়ে ইংল্যান্ডকে বড় সংগ্রহ এনে দেন সামিত পাটেল ও ক্রেইগ কিসওয়েটার। এই ৭০ রান তাঁরা সংগ্রহ করেন মাত্র ৬ ওভারে।