৯ সোনা জিতেও আরিফুলের আক্ষেপ!
মিরপুর সাঁতার কমপ্লেক্সের বিজয়মঞ্চে মন খারাপ করে বসে ছিল আরিফুল ইসলাম। তাকে সান্ত্বনা দিচ্ছিলেন সহোদর সাঁতারু শরীফুল ইসলাম। জাতীয় বয়সভিত্তিক সাঁতারের ১০টি ইভেন্টের ৯টিতেই সোনা জিতেও হাসি নেই বিকেএসপির সাঁতারু আরিফুলের!
গত বছর ১১টি ইভেন্টের ৭টিতেই রেকর্ড গড়েছিল আরিফুল। এবার রেকর্ডের জন্যই হাপিত্যেশ করছে কিশোরগঞ্জের কিশোর। আরিফুল রেকর্ড না করলেও কালও চারটি জাতীয় রেকর্ড হয়েছে। বালকদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে (১৩-১৪ বছর) বিকেএসপির জাহিদুল ইসলাম, ২০০ মিটার ফ্রিস্টাইলে লালনশাহ সুইমিং ক্লাবের নয়ন আলী, বালিকাদের ৫০ মিটার ফ্রি-স্টাইলে মেহেরপুর সুইমিং ক্লাবের রাশেদা খাতুন, ২০০ মিটার বাটারফ্লাইয়ে সাগরখালী সুইমিং ক্লাবের মরিয়ম খাতুন নতুন জাতীয় রেকর্ড গড়েছে।
পদক তালিকায় যথারীতি বিকেএসপিরই আধিপত্য। দ্বিতীয় দিনে তারা জিতেছে ৪১ সোনা, ২৯ রুপা ও ২৩টি ব্রোঞ্জ। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ আনসার জিতেছে ৯ সোনা, ১৩ রুপা ও ৯টি ব্রোঞ্জ। এ ছাড়া মেহেরপুর, লালনশাহ ও সাগরখালী সুইমিং ক্লাব ৪টি করে সোনা জিতেছে। পূর্বাঞ্চল সুইমিং ক্লাব, কুষ্টিয়া জেলা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জিতেছে ২টি করে। আজ শেষ হচ্ছে জাতীয় বয়সভিত্তিক সাঁতার।