৯.৭৯ করেও অখুশি বোল্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশু অসলোতে ডায়মন্ড লিগ মিটের ১০০ মিটারে জিতেছেন। টাইমিংটাও ভালো—৯.৭৯ সেকেন্ড। কিন্তু তার পরও দৌড় শেষে অসন্তুষ্ট উসাইন বোল্ট। কিছুদিন ধরে দৌড়ের শুরুটা করতে খানিকটা দেরি করে ফেলছেন। পরশুও তাই হলো। শেষ ১০ মিটারে স্বদেশি আসাফা পাওয়েল পেছন থেকে দৌড়ে এসে শেষ করেছেন। নিজের স্টার্টিংটা যে নিজেরই পছন্দ হচ্ছে না, সেটি বলছেনও। তবে তাঁর ধারণা, সমস্যার মূলে আছে নতুন ধরনের স্টার্টিং ব্লক, যেটিতে পা দিয়ে দৌড় শুরু করেন অ্যাথলেটরা। ‘এই ব্লকগুলো আগের মৌসুমের চেয়ে আলাদা। আমার বেলায় যেটি হচ্ছে, নতুন এই ব্লকে আসার পর আমার রিঅ্যাকশনটা ভালো হচ্ছে। কিন্তু এরপর পরিকল্পনা অনুযায়ী দৌড়টা আমি দিতে পারছি না, যেহেতু আমি এটি নিয়ে অস্বস্তিতে আছি। নতুন ধরনের এই ব্লকগুলোতে আমি খুশি নই’—বলেছেন বোল্ট। রয়টার্স।