৯০০ ছুঁলেন ডেল স্টেইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র এক পয়েন্ট দূরে ছিলেন। কেপটাউন টেস্টের পারফরম্যান্সে কাঙ্ক্ষিত সেই মাইলফলক ছুঁয়ে ফেললেন ডেল স্টেইন। ইতিহাসের ২০তম ক্রিকেটার হিসেবে টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে ছুঁয়েছেন ৯০০ পয়েন্ট। দক্ষিণ আফ্রিকার হয়ে এই কৃতিত্ব আগে ছিল কেবল শন পোলকের। কেপটাউন টেস্ট শুরুর আগে ৮৯৯ পয়েন্ট ছিল স্টেইনের, স্মরণীয় এই টেস্টে ৬ উইকেট নিয়ে পেয়েছেন ৩ রেটিং পয়েন্ট। ৯০২ পয়েন্ট নিয়ে সর্বকালের রেটিংয়ে স্টেইন এখন ১৭তম, পারফরম্যান্সের যে ধারাবাহিকতা, তাতে আরও ওপরে উঠবেন নিশ্চিতভাবেই।দলের দারুণ এক জয়ের পর এই মাইলফলক, সময়ের সেরা ফাস্ট বোলার স্বাভাবিকভাবেই ছিলেন উচ্ছ্বসিত, ‘৯০০-পয়েন্ট ক্লাবে ঢোকাটা আমার কাছে বিশেষ কিছু। এই ক্লাবে এখন বিশ্বমানের সব ক্রিকেটার, তাঁদের পাশে থাকতে পারাটা দারুণ সম্মানের। বোলিংয়ের সময় আমি র‌্যাঙ্কিংয়ের কথা কখনো ভাবি না। দেশকে প্রতিনিধিত্ব করা ও নিজেকে উজাড় করে দেওয়াই আমার কাছে গুরুত্বপূর্ণ। তবে এই স্বীকৃতি জানাচ্ছে, কাজটা আমি ঠিকঠাক পারছি।’২০০৯ সালের ডিসেম্বর থেকেই টেস্ট বোলিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন স্টেইন, দুইয়ে থাকা জেমস অ্যান্ডারসনের চেয়ে এখন এগিয়ে আছেন ৯১ পয়েন্ট! কেপটাউনের ব্যর্থতায় (০ ও ২*) ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছেন জ্যাক ক্যালিস, শীর্ষে উঠে গেছেন কুমার সাঙ্গাকারা। আট ধাপ এগিয়ে সাতে উঠেছেন গ্রায়েম স্মিথ, চার ধাপ এগিয়ে আটে হাশিম আমলা। কেপটাউনের সাফল্যে বোলারদের র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো সেরা দশে উঠে এসেছেন শেন ওয়াটসন, অথচ ব্যাটিং অলরাউন্ডার বলে বিবেচিত অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে আছেন ৩০ নম্বরে! ওয়েবসাইট।