৯১ রানেই শেষ বাংলাদেশ
২০০০ সালের এশিয়া কাপে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে ৮৭ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। আজ ১১ বছর পর সেই স্কোরের চেয়ে ৪ রান বেশি করলেন বাংলাদেশি ক্রিকেটাররা। কিন্তু দেশের মানুষ লজ্জাটা পেল ঠিক আগের মতোই। পাকিস্তান দল দুর্দান্ত ফর্মে আছে। আমিরাতে অনুষ্ঠিত সিরিজে তারা শ্রীলঙ্কাকে রীতিমতো উড়িয়েই দিয়েছে। কিন্তু তারমানে এই নয় যে বাংলাদেশের ব্যাটসম্যানদের কাছে পাকিস্তানি বোলিং ঠেকানোর কোনো উত্তর থাকবেনা। উত্তরটা যে আসলেই নেই, তা এখন প্রমাণিতই। টি-টোয়েন্টি ম্যাচে ১০০’র নিচে অলআউট হওয়ার পর প্রথম ওয়ানডেতেও বাংলাদেশের ইনিংস শেষ সেই ১০০’র নিচেই। এবার ৯১ রানে। টসে জিতে কিন্তু ব্যাটিং বেছে নিয়েছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম। আজও পাক অধিনায়ক মিসবাহ-উল-হক অফস্পিনার মোহাম্মদ হাফিজকে দিয়ে বোলিং আক্রমণ শুরু করেছিলেন। স্কোরবোর্ডে কোনো রান না তুলেই সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানাতেই যেন তাঁর বলে এলবি’র ফাঁদে পা দিলেন তামিম ইকবাল। ইমরুল কায়েসকে বাদ দিয়ে কোচ স্টুয়ার্ট ল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ থেকেই নাঈমকে ওপেনার বানানোর একটা চেষ্টা করে যাচ্ছেন। আজও নাঈমকে তামিমের সঙ্গী করে পাঠিয়েছিলেন তিনি। কিন্তু নাঈম আজও পারলেন না। ব্যক্তিগত ৭ রানে তিনি উমর গুলের বলে স্লিপে ক্যাচ দিলেন। শাহরিয়ার নাফীস অনেকদিন ধরেই নিজেকে হারিয়ে খুঁজছেন। আজও তিনি আউট হলের শহীদ আফ্রিদির বলে পয়েন্টে ক্যাচ দিয়ে। মুশফিক ১১ রানে উইকেটরক্ষক সরফরাজের হাতে ক্যাচ দিলেন শোয়েব মালিকের বলে। মাহমুদউল্লাহও সেই আফ্রিদির বলেই সরফরাজকে ক্যাচ দিলেন। নাসির প্রতিরোধ গড়েও বেশিদূর এগুতে পারলেন না। আফ্রিদির ৬.৩ ওভারে ২৩ রান দিয়ে ৫ উইকেট নিয়ে মুড়ে দিলেন বাংলাদেশের লেজ। পাকিস্তান নয়, গোটা বাংলাদেশই যেন অসহায়ভাবে আত্মসমর্পণ করল আফ্রিদির কাছে। আফ্রিদির পাশাপাশি হাফিজ, গুল, মালিক, চিমা, আজমল প্রত্যেকেই নিয়েছেন ১টি করে উইকেট।৯১ রানে অলআউট হয়ে যাওয়ার পর ম্যাচের আর কিছু বাকি থাকেনা। আজও নেই। অপেক্ষা কেবল কত তাড়াতাড়ি পাকিস্তান খেলাটি শেষ করে দিতে পারে-তার জন্য।শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তান ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৭ রান সংগ্রহ করেছে। সাকিব ও নাসির ১টি করে এবং রুবেল দখল করেছেন ২ উইকেট।