৯৬ তুলতেই হাওয়া অস্ট্রেলিয়ার ৭ উইকেট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাজঘরের দিকে ফেরার সময় স্পষ্টই বোঝা যাচ্ছিল মাইকেল ক্লার্কের হতাশা। যেন বিশ্বাস করতে পারছেন না। এই অবিশ্বাস আম্পায়ারের সিদ্ধান্তে নাকি স্কোরবোর্ডের চেহারা দেখে—বলা মুশকিল।
স্টুয়ার্ট ব্রডের যে এলবিডব্লিউর আবেদনে আম্পায়ার সাড়া দিয়েছেন, সেটা নিয়ে ক্লার্কের মনে হয়তো সংশয় থাকতে পারে। কিন্তু অস্ট্রেলিয়া যে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে, তা নিয়ে কোনোই সন্দেহ নেই। ক্লার্ক যখন আউট হলেন তখন স্কোরবোর্ডের অবস্থা ৯১/৬। খানিক পরে প্রথম টেস্টে চমক জাগানো অ্যাশটন অ্যাগার হাস্যকর রানআউটের শিকার হয়ে ফিরলে অস্ট্রেলিয়া হয়ে যায় ৭ উইকেটে ৯৬।
ট্রেন্ট ব্রিজ টেস্টের মতো লর্ডসেও অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের সঙ্গী হয়েছে টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা। আবারও তাই শুরুতেই বিপদে পড়ে গেছে ক্লার্কের দল। অস্ট্রেলীয় অধিনায়ক নিজে শক্ত হাতে হাল ধরার চেষ্টা করেছিলেন ঝরে পড়া জাহাজটির। কিন্তু সফল হতে পারেননি। ফিরে গেছেন মাত্র ২৮ রান করে।
এমনিতে শুরুটা ভালোই হয়েছিল অস্ট্রেলিয়ার। ইংল্যান্ডকে ৩৬১ রানে অলআউট করার পর ১২ ওভারে বিনা উইকেটে তুলে ফেলেছিল ৪২ রান। ত্রয়োদশ ওভারে ভর করল অপয়া তেরোর ভূত। টিম ব্রেসনানের শিকার হয়ে ফিরলেন শেন ওয়াটসন (৩০)। ব্রেসনান এরপর ফিল হিউজকেও (১) ফিরিয়েছেন। মাঝখানে ক্রিস রজার্সের (১৫) উইকেটটি তুলে নিয়েছেন গ্রায়েম সোয়ান। পরে সোয়ানের শিকার হয়ে উসমান খাজা (১৪) ও স্টিভেন স্মিথও ফিরে গেলে সংকট আরও বেড়ে যায়।