৯৭-তে শাহরিয়ারের সান্ত্বনা!
দুটি কারণের কথা বললেন শাহরিয়ার নাফীস— সর্বশেষ টেস্টের পর পরিবারের সদস্য, সাবেক ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট, সতীর্থ এমনকি সাংবাদিক—যাঁদের সঙ্গেই দেখা হয়েছে, সবাই বলেছেন আমার ব্যাটিংয়ে নাকি খুব তাড়াহুড়ো দেখা যাচ্ছে। এ জন্যই ভেবেছি, আর যা-ই হোক, তাড়াহুড়ো করব না। আরেকটি ব্যাপার, সিদ্ধান্ত নিয়েছিলাম বাজেভাবে আউট হব না। আউট হতেই পারি, তবে এমনভাবে আউট হব না যা নিয়ে প্রশ্ন ওঠে; যেন কেউ বলতে না পারে, টেস্টে এমনভাবে কেন আউট হলো!নিজেকে আরেকবার চেনানোর এই দুই পরীক্ষাতেই সফল শাহরিয়ার নাফীস। ৩ রানের জন্য সেঞ্চুরি না পেলেও ১৭৭ বলে ৯৭ রানের ইনিংসটাতে উইকেটে পড়ে থাকার মানসিকতা ছিল। বাজে বলেও আউট হননি। উমর গুলের হঠাৎ লাফিয়ে ওঠা যে বলটা তাঁর গ্লাভস ছুঁয়ে উইকেটকিপারের হাতে জমা পড়ল, সেটা দিনের সেরা বলগুলোরই একটি।শাহরিয়ার তার পরও খুশি হতে পারছেন না পুরোপুরি, আবার হচ্ছেনও। টেস্টে প্রথম সেঞ্চুরিটা পেয়েছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০৬ সালের মার্চে, ফতুল্লায়। সাড়ে পাঁচ বছর পর কাল দ্বিতীয় সেঞ্চুরিটা যে পেতে পেতেও পেলেন না! তবে ব্যাটে খুব ভালো সময় যাচ্ছিল না বলে ওই ৯৭ রানের ইনিংসেও খুঁজছেন সান্ত্বনা, ‘৯৭ রানে আউট হওয়ায় আফসোস তো হবেই। তবে এমনও তো হতে পারত, ১০ রানে আউট হয়ে গেলাম। সে কারণে ৯৭ রান করায় আমি খুশি।’শুধু তা-ই নয়, সাকিব আল হাসানের সেঞ্চুরির সঙ্গে মিরপুরে কাল আরেকটি ব্যাটিং বিপর্যয় ঠেকাতে শাহরিয়ারের ইনিংসেরও ছিল বড় ভূমিকা। ৪৩ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর ১৮০ রানের জুটি হয়েছে দুজনের। সময়ের দাবি মেটানোর চ্যালেঞ্জটাও দারুণ উপভোগ করেছেন শাহরিয়ার, ‘এই মুহূর্তের পাকিস্তানি বোলিং আক্রমণ বিশ্বের অন্যতম সেরা। তাদের বিপক্ষে ব্যাটিংয়ে চ্যালেঞ্জ তো আছেই। আর সাকিবের সঙ্গে ব্যাটিং করাটাও দারুণ ব্যাপার। সকালে ব্যাটিং-সহায়ক কন্ডিশন ছিল না, দ্রুত ৪ উইকেট হারিয়ে ফেলেছিলাম—এমন সময় ব্যাটিং করার চ্যালেঞ্জটা খুব উপভোগ করেছি।’ টেস্টে দ্বিতীয় সেঞ্চুরি করা সাকিবের প্রশংসাও শোনা গেল তাঁর মুখে, ‘সাকিব বাংলাদেশের অন্যতম সেরা খেলোয়াড়। ওর সঙ্গে ব্যাটিং করাটা দারুণ। খুবই আত্মবিশ্বাসী ব্যাটসম্যান। ক্রিজে গিয়ে মাথা ঠান্ডা রাখে। পরিস্থিতি সামাল দিতে পারে। ও এক পাশ থেকে ভালো ব্যাটিং করায় আমার জন্য পরিস্থিতি সহজ হয়ে গিয়েছিল। কখনোই খুব একটা চাপে ভুগিনি আমরা।’নড়বড়ে নব্বইয়ে আউট হয়ে গেলেও শেষ মুহূর্ত পর্যন্ত আত্মবিশ্বাসী ছিলেন শাহরিয়ার, ‘সেঞ্চুরির কাছাকাছি গিয়েও কোনো টেনশন কাজ করেনি। বুঝতে পারছিলাম, ফাস্ট বোলাররা আমাকে বাউন্সারই দেবে। ফার্স্ট সেশনের পর থেকে ওরা আমাকে সারাক্ষণ বাউন্সার মারছিল। কিন্তু ওই বলটা এত ভালো জায়গায় পড়ল যে, ছাড়তে পারিনি। গ্লাভসে লেগে যায়। বাজেভাবে আউট হলে আফসোস বেশি লাগত। ভালো বলে আউট হয়েছি তো, কিছু করার নেই।’নিজে আউট হয়ে গেলেও সাকিবের সঙ্গে উইকেটে আছেন অধিনায়ক মুশফিক। শাহরিয়ারের আশা, আজ দ্বিতীয় দিনেও ভালো ব্যাটিংয়ের ধারাটা ধরে রাখবেন তাঁরা, ‘দল এখন কিছুটা ভালো অবস্থায় আছে। আমরা আশা করছি, ওরা ভালো ব্যাটিং করে আরেকটি বড় জুটি গড়বে। তাহলে বড় স্কোর করে বোলারদের ১০ উইকেট নেওয়ার একটা সুযোগ দিতে পারব। তবে এখনো অনেক দূর যেতে হবে। কাল (আজ) যদি অন্তত দেড় থেকে দুই সেশন ব্যাটিং করতে পারি...।’মুশফিকের সঙ্গে দিনশেষে ১০৮ রানে অপরাজিত সাকিব। আজ আরও ভালো কিছু হবে কি না, সে প্রশ্নের জবাবে কাল মাঠ ছাড়ার আগে মৃদু হেসে বলেছেন, ‘দেখা যাক...হতেও পারে!’ সাকিবের আশা পূরণ হলে ঢাকা টেস্ট পাকিস্তান সিরিজের হতাশা ভোলার একটা উপলক্ষ হতেও পারে। শেষ ভালোর আশাটাও তাতে পূরণ হয়!