৯৯-এ রানআউট নাসির

বিকেএসপি ২ নম্বর মাঠের সীমানাদড়ির পাশে ফিল্ডিং করতে এসে গজরাচ্ছিলেন শাহাদাত হোসেন, ‘এমন উইকেটে আমিও ফিফটি করব...।’ রাগটা যে নিজের ওপর, বুঝতে অসুবিধা হচ্ছিল না। পূর্বাঞ্চলের মুমিনুল হকের ব্যাটে ওই সময়টাতেই বেদম মার খাচ্ছিলেন মধ্যাঞ্চলের এই পেসার।
পাশের ৩ নম্বর মাঠে চলছিল উত্তরাঞ্চল-দক্ষিণাঞ্চলের ম্যাচ। দিনের শেষ সেশনে মাঠের বাইরে দাঁড়িয়ে টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলছিলেন, ‘উইকেট ভালো, তবে প্রথম শ্রেণীর উইকেটে আমরা আরেকটু ভালো উইকেট চাই। ২ নম্বর মাঠে বল তবু কিছুটা ব্যাটে আসছে দেখলাম। কিন্তু এই উইকেটে বল একটু আস্তে আসছে।’
এই দুটি ঘটনায় যদি ভেবে থাকেন, বিসিএলের প্রথম পর্বের ম্যাচে বিকেএসপিতে রানের বন্যা বয়ে গেছে, তো ভুল ভাবলেন। প্রথম দিন শেষে দুই মাঠেই তিন শর বেশি রান করেছে প্রথমে ব্যাট করা দল। কিন্তু ৩ নম্বর মাঠে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিপক্ষে ৩৩১ রান তুলতে গিয়ে বিসিবি উত্তরাঞ্চল হারিয়ে ফেলেছে ৮ উইকেট। আর ২ নম্বর মাঠে ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ৩০১ রান করতে হারিয়েছে ৯ উইকেট।
এর মধ্যে দিনের সবচেয়ে ‘ট্র্যাজিক’ ঘটনাটি ঘটেছে তিন নম্বর মাঠে। ঘটনার ‘নায়ক’ উত্তরাঞ্চলের নাসির হোসেন। ইনিংসের একেবারে শুরুর দিকে একবার প্রাণ ফিরে পেলেও ব্যাট হাতে খুবই স্বচ্ছন্দ ছিলেন নাসির। সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গিয়েছেন শুনে পাশের দুই নম্বর মাঠ থেকে ফটোসাংবাদিকেরা ছুটে এলেন শতরানের মুহূর্ত ফ্রেমবন্দী করতে। কিন্তু এ কি করলেন নাসির, ৯৯ রানে গিয়ে রানআউট হলেন! সৌম্য সরকারের একটা বল পয়েন্টে ঠেলে দিয়েই রানের জন্য ছুটলেন। একটু গিয়ে থেমে পেছালেন, আবার ছুটলেন। উল্টো প্রান্তের ব্যাটসম্যান ফরহাদ রেজাও দৌড়ের শুরুটা একইভাবে করলেও ফিল্ডার শুভাগত হোমের লক্ষ্য যে নাসিরের উইকেট! সরাসরি থ্রোতে বোলারের হাতে বল, বোলার সৌম্য উইকেট ভেঙে দিলেন নাসির পৌঁছানোর আগেই।
ড্রেসিংরুমে ফেরার সময় ৯৩ বলে দুই ছক্কা আর ১৪ বাউন্ডারিতে ৯৯ করা নাসিরকে মনে হচ্ছিল তাঁর পৃথিবীটাই বুঝি ধ্বংস হয়ে গেছে! তবে নাসির সান্ত্বনা খুঁজতে পারেন ফরহাদ রেজার সঙ্গে গড়া তাঁর ১৪১ রানের সপ্তম উইকেট জুটিটা থেকে। ১৬৮ রানের মধ্যে দলের স্বীকৃত ছয় ব্যাটসম্যান ফিরে যাওয়ার পর ওই জুটির সৌজন্যেই তিন শ পেরিয়েছে উত্তরাঞ্চল। ফরহাদ রেজা দিন শেষে অপরাজিত ৭৬ রানে। এর আগে দলের আরেক ফরহাদও (হোসেন) আউট হয়েছেন ৭৬ রান করে। তবে রবিউলের বলে কট বিহাইন্ডের সিদ্ধান্ত মানতে না পেরে অশোভন আচরণ করায় ৪ হাজার টাকা জরিমানা করেছেন তাঁকে ম্যাচ রেফারি।
৩ নম্বরের তুলনায় ২ নম্বর মাঠের উইকেটটাই বেশি ব্যাটিং উপযোগী ছিল। শুরুতে বলা শাহাদাতের কথাতেও আছে সেই আভাস। তার পরও নাসিরের মতো সেঞ্চুরির দ্বারপ্রান্তে যেতে পারেননি পূর্বাঞ্চলের কেউ। ৬৮ রানের উদ্বোধনী জুটিতে তামিম-নাজিমউদ্দিন ভালো শুরু করলেও নিজেদের ইনিংসটাকে বড় করতে পারেননি কেউই। ৫৭ রানের ইনিংস নাজিমউদ্দিনকে কেবল ফিফটির সান্ত্বনাই দিতে পারে। চার নম্বরে নেমে দারুণ শুরু করা মুমিনুলের জন্য সেটাও নেই। নিখুঁত সব ড্রাইভ আর কাটে শাহাদাতের দুই ওভারেই ৬টি বাউন্ডারি মেরেছেন। শহীদের বলে আরেকটি চার মারায় তাঁর ৩২ রানের ২৮-ই আসে বাউন্ডারিতে। কিন্তু ৪ উইকেট নিয়ে প্রথম দিনে মধ্যাঞ্চলের সেরা বোলার মাহমুদউল্লাহর বলে এলবিডব্লুতে শেষ হয়েছে মুমিনুলের ২৪ বলের ঝোড়ো ইনিংস। ১১২ বলে ৭৯ রান করে বড় ইনিংস খেলার সম্ভাবনা যা একটু জাগিয়েছিলেন লিটন দাসই। ষষ্ঠ উইকেটে জুবায়েরের (৩৩) সঙ্গে তাঁর ৭৭ রানের জুটিটাই দলের পক্ষে সর্বোচ্চ।
সংক্ষিপ্ত স্কোর
ওয়াল্টন মধ্যাঞ্চল-ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল
পূর্বাঞ্চল ১ম ইনিংস: ৯০.২ ওভারে ৩০১/৯ (লিটন ৭৯, নাজিমউদ্দিন ৫৭, তামিম ৩৭, জুবায়ের ৩৩, মুমিনুল ৩২, অলক ২৪; মাহমুদউল্লাহ ৪/৬৭, মার্শাল ২/৩২, শাহাদাত ২/৫৪, শহীদ ১/৩৬)।
বিসিবি উত্তরাঞ্চল-প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল
উত্তরাঞ্চল ১ম ইনিংস: ৯০ ওভারে ৩৩১/৮ (নাসির ৯৯, ফরহাদ রেজা ব্যাটিং ৭৬, ফরহাদ হোসেন ৭৬, জহুরুল ৩২, নাঈম ২৪; রবিউল ৩/৩৫, রাজ্জাক ২/৮৬, সৌম্য ১/২৬, সোহাগ ১/৮১)।