৯৯ বছর পর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০০তম টেস্ট অনেকের কাছে শুধুই একটি সংখ্যা। সময়ের প্রবহমান স্রোতের একটি ধারা। তাঁরা হয়তো আর নতুন করে বিস্মিত হবেন না। কিন্তু ইতিহাসের ২০০০তম টেস্ট দেখতে পারছেন বলে নিজেদের যাঁরা সৌভাগ্যবান ভাবছেন আর কাকতালীয়ভাবে আরও বেশ কিছু ব্যাপার মিলে যাওয়ায় রোমাঞ্চিত, তাঁদের বিস্ময় উপহার দিয়েই যাচ্ছে লর্ডস টেস্ট। মঞ্চ পুরোপুরি সাজানো ছিল শচীন টেন্ডুলকারের জন্য। টেন্ডুলকার প্রথম সুযোগে পারেননি, তবে সেই মঞ্চে আলো ছড়িয়েছেন রাহুল দ্রাবিড়। গ্রায়েম সোয়ানের বলে খেলা যে ফ্লিক শটটি ফিফটি এনে দিয়েছিল দ্রাবিড়কে, সেই শটটিই টেস্ট ক্রিকেটকে ফিরিয়ে নিয়ে গেছে ৯৯ বছর আগে। ওই শটেই রিকি পন্টিংকে পেছনে ফেলে টেস্ট ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রহকারী হয়ে যান দ্রাবিড়। সর্বোচ্চ রানের চূড়ায় তো সেই কবে থেকেই আছেন টেন্ডুলকার। টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ দুই রানসংগ্রাহক এক দলে খেলেছেন সেই ১৯১২ সালে। সর্বোচ্চ রান ছিল ক্লেম হিলের, দ্বিতীয় সর্বোচ্চ ভিক্টর ট্রাম্পারের। দুই অস্ট্রেলিয়ান ক্যারিয়ার শেষ করেছিলেন একসঙ্গেই, সিডনিতে ১৯১১-১২ অ্যাশেজের শেষ ম্যাচটি খেলে। ৩১৪২ রান নিয়ে শেষ করেছিলেন হিল, ৩১৬৩ নিয়ে ট্রাম্পার। ওই ম্যাচ আসলে এমন এক নজির হয়ে আছে, আর কখনো যা দেখা যাবে কি না, সন্দেহ। অস্ট্রেলিয়ার ব্যাটিং-অর্ডারের প্রথম চার ব্যাটসম্যান ছিলেন ওই সময় টেস্টের সর্বোচ্চ ৪ রানসংগ্রহকারী! হিল-ট্রাম্পারের পর সর্বোচ্চ রান ছিল সিড গ্রেগরি ও ওয়ারউইক আর্মস্ট্রংয়ের। ওই ম্যাচের দ্বিতীয় ইনিংসে বেশ কিছুক্ষণ একসঙ্গে ব্যাটিং করেছেন হিল ও ট্রাম্পার; শীর্ষ দুইয়ের একসঙ্গে ব্যাটিংয়ের সর্বশেষ ঘটনাও যেটি। এবার দ্রাবিড় দুইয়ে ওঠার আগেই ফিরে গেছেন টেন্ডুলকার। দ্বিতীয় ইনিংসেই হয়তো ৯৯ বছর পর দেখা যাবে একসঙ্গে শীর্ষ দুইয়ে ব্যাটিং!শেষ নয় এখানেই। মোট রানে পেছনে ফেলেছেন পন্টিংকে, সেঞ্চুরিতে পেছনে ফেলেছেন পন্টিংয়ের পূর্বসূরিকে। মোট সেঞ্চুরিতে স্টিভ ওয়াহকে (৩২) পেছনে ফেলে দ্রাবিড় (৩৩) এখন এককভাবে ছয়ে। তবে এর চেয়েও বড় একটি অর্জন হয়েছে এই ইনিংসটার পথে। লম্বা সময় ব্যাটিং করার জন্য যাঁর সবচেয়ে বেশি খ্যাতি, সেই দ্রাবিড় পেয়েছেন দারুণ এক স্বীকৃতি। ৩৪৪ মিনিটের ইনিংসটা খেলার পথে ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছেন ৪০ হাজার মিনিট খেলার মাইলফলক! অপেক্ষা করতে থাকুন, পরিসংখ্যানের খেলা যাদের ভালো লাগে, ২০০০তম টেস্ট আরও রোমাঞ্চই উপহার দিতে পারে তাদের।