পাকিস্তানির হাতেই ধ্বংস পাকিস্তান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন্মভূমি পাকিস্তানের বিপক্ষেই ক্যারিয়ারের সেরা বোলিংটা করলেন ইমরান তাহির!
জন্মভূমি পাকিস্তানের বিপক্ষেই ক্যারিয়ারের সেরা বোলিংটা করলেন ইমরান তাহির!

ঘরের শত্রু বিভীষণ! পাকিস্তানকে ধ্বংস করে দিল এক পাকিস্তানিই! পাকিস্তানের লাহোরে জন্ম নেওয়া লেগস্পিনার ইমরান তাহিরের বিষে নীল পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকে তাহির তুলে নিয়েছেন পাঁচ উইকেট। তাতেই আবুধাবি টেস্টের প্রথম দিনে ৭৬ রান তুলতেই ৯ উইকেট হারিয়ে ফেলেছিল পাকিস্তান! শেষ পর্যন্ত তারা ৯৯ রানে অলআউট। এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই গত ফেব্রুয়ারিতে ৪৯ রানে অলআউট হয়েছিল পাকিস্তান। সেটাই তাদের সর্বনিম্ন স্কোর।

জবাবে প্রথম দিনেই লিড নিয়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। দিন শেষ করেছে ৩ উইকেটে ১২৮ রানে। ৬৭ রানে অপরাজিত গ্রায়েম স্মিথের সঙ্গী নাইটওয়াচম্যান ডেল স্টেইন। ২৯ রানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা।

সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের কাছে অসহায় আত্মসমর্পণ করার পর দক্ষিণ আফ্রিকার অনেকেই দলে তাহিরকে নেওয়ার কথা বলেছিলেন। গত নভেম্বর থেকে দলের বাইরে থাকা এই স্পিনারকে দলে নিতেই সেটা কাজ করল জাদুমন্ত্রের মতো। শান মাসুদ, মিসবাহ-উল হক, আসাদ শফিক, আদনান আকমল আর মোহাম্মদ ইরফানকে তুলে নিয়ে নিজ দেশের বিপক্ষেই ক্যারিয়ারে প্রথমবারের মতো তুলে নিলেন ইনিংসে পাঁচ উইকেট।

দিনের দ্বিতীয় বলে উইকেট হারিয়ে দিনটা বাজেভাবে শুরু করা পাকিস্তান আর এক মুহূর্তও সুস্থির হতে পারেনি তাহিরের কারণেই। ৩২ ওভারের মধ্যেই ‘নেই’ হয়ে গেছে পাকিস্তানের ৯ উইকেট। নবম উইকেট হিসেবে ইরফানের বিদায়ের পর তাহিরের বোলিং বিশ্লেষণ ছিল দেখার মতো: ১১-৩-২৪-৫!

আঘাতের শুরুটা অবশ্য করেছিলেন ডেল স্টেইন। পাকিস্তানের প্রথম চার ব্যাটসম্যানের দুজনই তাঁর শিকার। দ্বিতীয় বলে গত ম্যাচের সেঞ্চুরিয়ান খুররম মঞ্জুরকে ফিরিয়ে দেওয়া স্টেইন পরে ফিরিয়েছেন ইউনুস খানকেও। স্টেইনের সঙ্গে কাঁধ মিলিয়ে অন্য ওপেনার মাসুদকে ফেরানোর পর আলোটা কেবলই নিজের ওপর টেনে নিয়েছেন তাহির।

পাকিস্তানের চার ব্যাটসম্যান আউট হয়েছেন শূন্য রানে। সর্বোচ্চ ২৫ এসেছে আটে নামা জুলফিকার বাবরের ব্যাটে। দ্বিতীয় উইকেটে ৩৮ রানের পর পাকিস্তানের সর্বোচ্চ জুটিটা হয়েছে শেষ উইকেটে। ২৩ রানের সেই জুটিটা না হলে আরও বড় লজ্জাতেই পড়ত পাকিস্তান।

পাকিস্তানে জন্ম। বেড়ে ওঠাও সেখানেই। কিন্তু তাহির ছিলেন যাযাবর ক্রিকেটার। একের পর এক দল পাল্টে খেলেছেন বিভিন্ন ঘরোয়া লিগে। শেষ পর্যন্ত প্রেম-ভালোবাসা তাঁকে থিতু করেছে দক্ষিণ আফ্রিকায়। ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান তরুণীকে বিয়ে করার পর দেশটাকেও আপন করে নিয়েছেন। ৩২ বছর বয়সে দক্ষিণ আফ্রিকার হয়েই পা রেখেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে।

১১ টেস্টে অবশ্য মাত্র ২৬ উইকেট নিয়ে হারিয়েই যেতে বসেছিলেন। কে জানে, জন্মভূমি পাকিস্তানই নবজন্ম দিল কি না তাঁকে!

বাংলাদেশ-নিউজিল্যান্ড মিরপুর টেস্ট এবং ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ ওয়ানডের আপডেট পেতে C লিখে এসএমএস করুন 2221 নম্বরে