৯৯ রানে রানআউট নাসির!

সাদা পোশাক-লাল বল হলে কী হবে, টি-টোয়েন্টির ধাঁচ ভালোই টের পাওয়া যাচ্ছিল নাসিরের ব্যাটে। ১৪ চার ও ২ ছয়ে ৯৩ বলেই পৌঁছে গেলেন শতকের দ্বারপ্রান্তে। কিন্তু না, নাসিরের শতক-স্বপ্ন আর পূরণ হলো না; ‘খুন’ হলো রানআউটে! ৯৯ রানেই শেষ নাসির-অধ্যায়!
বিকেএসপি-৩ মাঠে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল অধিনায়ক আবদুর রাজ্জাক টসে জিতে ব্যাট করতে পাঠায় বিসিবি উত্তরাঞ্চলকে। মাত্র ১ রানে ১ উইকেট হারালেও দিন শেষে উত্তরাঞ্চলের সংগ্রহ নেহাত মন্দ নয়। ৯০ ওভারে ৮ উইকেটে ৩৩১। রান উঠেছে ৩.৬৮ গড়ে। উইকেটটা একটু বেশি না পড়লে দিনটি উত্তরাঞ্চলেরই বলা যেত। চা-বিরতির আগেই ‘নেই’ হয়ে যায় উত্তরাঞ্চলের ৫ উইকেট! চা-বিরতির পর আরও ৩টি গেলেও নাসির-ফরহাদ রেজার ঝলকে প্রথম দিনে ভালো সংগ্রহ পায় উত্তরাঞ্চল।
তৃতীয় ওভারের প্রথম বলেই রবিউল ইসলাম শিবলীর বলে এলবিডব্লিউ হয়ে শূন্য রানেই সাজঘরে ফেরেন জুনায়েদ। এরপর দলকে কক্ষপথে ফেরানোর চেষ্টা করেন জহুরুল ইসলাম ও ফরহাদ হোসেন। শিবলুর শিকার হওয়ার আগে ফরহাদের সংগ্রহ ৭৬। উইকেটে থিতু হওয়ার আগেই এদিন খালি হাতে ফেরেন উত্তরাঞ্চল অধিনায়ক মুশফিকুর রহিম। তখনো ম্যাচের মূল চমক বাকি! উইকেটে এসে ফরহাদ হোসেনকে নিয়ে ‘মারপিট’ শুরু করেন নাসির হোসেন! ফরহাদ হোসেন বিদায় নিলেও আরেক ফরহাদকে (রেজা) কাছে পান নাসির। শেষ বিকেলে দক্ষিণাঞ্চলের বোলারদের ‘কাঁদিয়ে’ ছাড়েন এ দুজনই। নাসিরের রুদ্রমূর্তি ভালোভাবে টের পাওয়া গেল রাজ্জাকের করা ৬৮তম ওভারে। ওই ওভারে ৩ চার ও ১ ছয়ে নাসির তোলেন ১৮ রান। নাসির ও রেজার সপ্তম উইকেট জুটিতে আসে ১৪১। এর পরই নাসির ট্র্যাজেডি। সৌম্য সরকারের বলে ২ রান নিয়ে পৌঁছালেন ৯৯ রানে। নার্ভাস নাইনটিজে রানআউট হলেন শুভাগতের হাতে। নাসির ফিরলেও রেজা উইকেটে রয়েছেন ৭৬ রানে। দক্ষিণাঞ্চলের বোলারদের মধ্যে শিবলু ৩, রাজ্জাক ২, সোহাগ গাজী ১ ও সৌম্য সরকার নিয়েছেন ১ উইকেট।
বিকেএসপি-২ মাঠে অনুষ্ঠিত দিনের অপর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ওয়ালটন মধ্যাঞ্চল টসে জিতে ব্যাট করতে পাঠায় ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলকে। তামিম ইকবাল ও নাজিমউদ্দিন দারুণ এক শুরু এনে দিলেও দিনটি মোটেও পূর্বাঞ্চলের বলা যাবে না। প্রথম দিন শেষে তাদের সংগ্রহ ৯ উইকেটে ৩০১।
তামিম-নাজিমের উদ্বোধনী জুটিতেই আসে ৬৮। প্রতিপক্ষের অধিনায়কের শিকার হয়ে ফেরার আগে পূর্বাঞ্চল অধিনায়ক তামিম করলেন ৩৭। নাজিমের ৫৭, লিটন কুমারের ৭৯ ও কয়েকটি মাঝারি মানের ইনিংসের সৌজন্যে পূর্বাঞ্চলের ইনিংস ভদ্রস্থ হয়। লিটন কুমার ও জুবায়ের আহমেদের ষষ্ঠ জুটিতে আসে সর্বোচ্চ ৭৭।
তামিমের দলের মূল সর্বনাশ চা-বিরতির পরই। দিনের শেষ ১৫ ওভারে ৩০ রানে ৪ উইকেট খুইয়েছে পূর্বাঞ্চল। এদিন প্রতিপক্ষ ঘায়েল করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন মধ্যাঞ্চল অধিনায়ক মাহমুদউল্লাহ। একাই তুলে নেন ৪ উইকেট। এ ছাড়া শাহাদত ২টি, মার্শাল আইয়ুব ও শহীদ নিয়েছেন ১টি উইকেট।