৯৯ শতাংশ ইতালিয়ান!
১১ জন নয়, আজ মাঠে ১২ জন খেলোয়াড়ের সঙ্গে থাকবে জার্মান পতাকা! না, জার্মানি একজন খেলোয়াড় বেশি খেলাচ্ছে না। সেই প্রশ্নই আসে না। আজ আসলে মাঠে এক ইতালিয়ানের সঙ্গেই থাকবে জার্মান পতাকা! খেলোয়াড়ি জীবনের শুরু থেকেই এক বুটে ইতালি আর অন্য বুটে জার্মান পতাকা লাগিয়ে রাখেন রিকার্ডো মন্তোলিভো। ইতালিয়ান বাবা আর জার্মান মায়ের প্রতি ভালোবাসার নিদর্শন। কিন্তু আজ এই দুই দলই মুখোমুখি সেমিফাইনালে। একজন ইতালিয়ান খেলোয়াড়ের জার্মানির পতাকা ‘বহন’ করাটা কি অশোভন নয়? মন্তোলিভো নির্বিকার, ‘এই জুতাগুলো আমি ফুটবল খেলা শুরু করার সময় থেকেই পরে আসছি। এখন সেটি পাল্টাব না।’ লন্ডনে পড়াশোনা করতে গিয়ে পরিচয় হয়েছিল তাঁর বাবা-মার। সেই ভালোবাসারই উপহার ইতালিয়ান মিডফিল্ডার। তিনি নিজেও জার্মানিতে কাটিয়েছেন অনেক সময়। জার্মান ভাষাটাও ভালো জানা তাঁর। জার্মানিতে শুধু নানার বাড়িই নয়, সেখানে আছে আরও অনেক বন্ধু। গত ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে যেমন দুর্দান্ত খেলেছেন, আজ জার্মানদের হূদয় ভেঙে দিতে পারেন এই আধা জার্মানই। মাকে কাঁদাতে কি ভালো লাগবে তাঁর? ‘এটা অবশ্যই আমার জন্য স্পেশাল একটা ম্যাচ। নিজের শেকড় তো আর লুকাতে পারি না। আমার একটা অংশ অবশ্যই জার্মান। ১৫ বছর বয়স হওয়া পর্যন্ত প্রতিটা গ্রীষ্ম আমি সেখানেই কাটিয়েছি। এখনো সেখানকার অনেক বন্ধুর সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে। কিন্তু আমি জন্মেছি, বেড়ে উঠেছি ইতালিতে। নিজেকে ৯৯ শতাংশ ইতালিয়ানই মনে হয় আমার’—বলেছেন মন্তোলিভো। জার্মান রক্ত থেকে মাঠে ও মাঠের বাইরে মাথা ঠান্ডা রাখতে জানাটা শিখেছেন। তবে এই তথ্য জানানোর সঙ্গে দুষ্টু হেসে এও যোগ করলেন, শুধু পেনাল্টি নিতে গেলে আর জার্মান শীতলতাটা থাকে না! প্রমাণ, আগের ম্যাচে টাইব্রেকারে শট মিস। এবার অবশ্য এই ভুল আর হবে না। সেই সঙ্গে মাঠে জার্মানরা কে কী বলছেন, তা নাকি সতীর্থদের কাছে ফাঁস করেও দেবেন! এএফপি, ওয়েবসাইট।