
পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ হিসেবে নজর কেড়েছেন আগেই। এবার অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের ৫-৪ গোলের জয়ে তাঁর গোল ৪টি। অভিনন্দন-জোয়ারে ভাসতে ভাসতে কথা বললেন বিকেএসপির সাবেক ছাত্র আশরাফুল ইসলাম
* আপনি তো মাতিয়ে দিলেন শুরুতেই। চার-চারটি গোল করে হারিয়ে দিলেন ভারতকে। এতটা ভেবেছিলেন ম্যাচের আগে?
আশরাফুল ইসলাম: আত্মবিশ্বাস ছিল ভালো করব। কারণ, পেনাল্টি কর্নার নিতে মজা পাই। আজ যেভাবে চাইছিলাম, সেভাবেই হচ্ছিল। তাই গোল পেয়েছি। এটা ধরে রাখতে চাই।
* কিন্তু এবারের লিগে তো আপনাকে এভাবে দেখা যায়নি। চ্যাম্পিয়ন মেরিনার্সে আপনি ও চয়ন ভাগাভাগি করে পেনাল্টি কর্নার নিয়েছিলেন।
আশরাফুল: হ্যাঁ, চয়ন ভাই আর আমি মেরিনার্সের পেনাল্টি কর্নার নিতাম। উনি কিছু মারতেন, আমি মারতাম কিছু। তবু আমার গোল আছে ৮টি। সব কটিই পেনাল্টি কর্নারে।
* দেশের হকিতে চয়নের পর আপনাকে পেনাল্টি কর্নারের ভবিষ্যৎ হিসেবে ভাবেন অনেকেই। তা এই পেনাল্টি কর্নার নেওয়ার চর্চাটা কীভাবে হলো?
আশরাফুল: এটা সেই বিকেএসপি থেকেই। ২০১০ সালে বিকেএসপিতে ভর্তি হওয়ার পর এই অনূর্ধ্ব-১৮ বাংলাদেশ দলের কোচ রাজু স্যার আমাকে পেনাল্টি কর্নার নিতে উদ্বুদ্ধ করেন। শুরুতে একটু জড়তায় ভুগতাম। আস্তে আস্তে মজা পেতে থাকলাম। একা অনেক অনুশীলন করতাম। অনুশীলনে হাজার হাজার পেনাল্টি কর্নার নিয়েছি।
* হকিতে পেনাল্টি কর্নার মানেই গোলের অর্ধেক সুযোগ। তার মানে আপনার ওপর চোখ থাকে সবার। কিন্তু আপনি নিজে কাকে অনুসরণ করে এটা শিখেছেন?
আশরাফুল: শুরুতে তো অত বুঝতাম না। এখন আর্জেন্টিনার ড্র্যাগ ফ্লিকার (গঞ্জালো) পেইলেটকে আমার ভালো লাগে। এবার রিও অলিম্পিক হকিতে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার পেছনে পেইলেটের অনেক বড় অবদান। তাঁকেই আমি আদর্শ মানি।
* এখনকার কিশোরেরা ক্রিকেটারই হতে চায় বেশি। আপনি হকি পছন্দ করলেন কীভাবে?
আশরাফুল: সাভারে আমার বাড়ি। ছোট থেকেই ইচ্ছা ছিল বিকেএসপির ছাত্র হব এবং সেটা ক্রিকেটে। দুবার চেষ্টাও করেছিলাম। কিন্তু ক্রিকেটে হলো না। পরে হকিতে ভর্তি হলাম। এ বছরই বের হলাম বিকেএসপি থেকে। এর মধ্যে উচ্চমাধ্যমিকও পাস করেছি।
* এখন কি মনে হয়, হকি খেলোয়াড় হয়ে ভালোই হয়েছে?
আশরাফুল: (হাসি) হ্যাঁ, হকিতে আসাই ভালো হয়েছে। ক্রিকেটে গেলে এত তাড়াতাড়ি হয়তো জাতীয় দলে সুযোগ না-ও পেতে পারতাম। হকিতে ২০১৪ নভেম্বরে বাংলাদেশ দলে আমার অভিষেক হয়ে গেছে। সিঙ্গাপুরে বিশ্ব হকি লিগের দ্বিতীয় পর্ব এবং গত এসএ গেমসে খেলেছি। গোল করেছি দুটি। এসএ গেমসে যাওয়ার আগে ভারতের অনূর্ধ্ব-২১ দলের সঙ্গে একটি, অন্যটি এসএ গেমসে শ্রীলঙ্কার সঙ্গে।
* এর আগেও বিভিন্ন প্রতিযোগিতায় হ্যাটট্রিক করেছেন। আজকের এই হ্যাটট্রিক আপনার কাছে কতটা স্মরণীয়?
আশরাফুল: বিকেএসপির হয়ে আমার হ্যাটট্রিক আছে। সেনাবাহিনীর বিপক্ষে স্বাধীনতা দিবস টুর্নামেন্টে আছে ৫ গোল। যুব হকিতে রাজশাহীর বিপক্ষে হ্যাটট্রিক করেছি। তবে সব ছাপিয়ে আজকের এই হ্যাটট্রিকই আমার কাছে সবচেয়ে স্মরণীয়।