‘...আমি স্রেফ মাঠে যাই আর খেলি’
আন্তর্জাতিক ক্রিকেটে কাল ২২ বছর পূর্ণ হলো ব্যাটিং জিনিয়াসের। ভারতের দৈনিক টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে এই দীর্ঘ পথচলা আর বর্তমান জীবন নিয়ে কথা বললেন শচীন টেন্ডুলকার ১৫ নভেম্বরের কথা কি মনে করিয়ে দিতে হবে?শচীন টেন্ডুলকার: (হাসি) খানিকটা মনে করিয়ে তো দিতেই হয়! আন্তর্জাতিক ক্রিকেটে ২২ বছর মানে অসাধারণ কিছু, পেছনে ফিরে তাকালে কেমন মনে হয় এই ভ্রমণটাকে?টেন্ডুলকার: বারবার না বলে পারছি না, দারুণ ছিল ভ্রমণটা, খুবই তৃপ্তিদায়ক। আমার কোনো অভিযোগ নেই। টেস্ট ক্রিকেটে প্রথম দিনটির কথা কিছু কি মনে পড়ে?টেন্ডুলকার: সত্যি বলতে, খুব বেশি নয়। যেটা মনে পড়ে তা হলো, আগের রাতটায় আমি খুব অস্থির ছিলাম...অভিজ্ঞতাটা ছিল বিশেষ কিছু। যে দিনটার জন্য আমি অপেক্ষা করছিলাম, সেই দিনটা সত্যিই এল...স্বপ্ন বাস্তব হওয়ার অনুভূতি বিশেষ কিছু। ভুলে যাবেন না, আমার তখন বয়স ছিল মাত্র ১৬। আপনার এখন আর কিছুই প্রমাণ করার নেই, নিজেকে তাহলে কীভাবে চ্যালেঞ্জ করেন?টেন্ডুলকার: আমি কখনোই কারও কাছে কিছু প্রমাণ করতে চাইনি। চ্যালেঞ্জ হলো দলের হয়ে অবদান রেখে যাওয়া। আমার কাছে ক্রিকেট উপভোগের বিষয়, কিছু প্রমাণ করা নয়। উপভোগ না করলে খেলার প্রতি দৃষ্টিভঙ্গিটাও পাল্টে যেতে শুরু করে। আপনার রানক্ষুধা সত্যিকার অর্থেই অসাধারণ, কোনো লক্ষ্য অর্জন কি আপনাকে প্রেরণা জোগায়, নাকি অন্য কোনো বিষয়?টেন্ডুলকার: আমি কখনোই কোনো লক্ষ্যের পেছনে ছুটি না...এটা করব বা ওটা করব, এসব ভাবি না। অসংখ্য রেকর্ডের মধ্যে কোনো একটি আছে কি, যেটি বেশি প্রিয়?টেন্ডুলকার: দুটো...৫০ টেস্ট সেঞ্চুরি ছোঁয়া (গত ডিসেম্বরে সেঞ্চুরিয়নে) আর ১৫ হাজার টেস্ট রান ছোঁয়া (গত সপ্তাহে দিল্লিতে)...আমার ব্যক্তিগত তালিকার শীর্ষে এই দুটোই। লোকে বারবার শততম আন্তর্জাতিক সেঞ্চুরির কথা বলায় কি কিছুটা বিরক্ত?টেন্ডুলকার: না। কারণ, সেঞ্চুরি নিয়ে আমি ভাবছি না। এটার জন্য আমি তৃষ্ণার্ত নই। এই বিশাল চাপ সামলান কীভাবে, আর কোনো ক্রীড়াবিদের মনে হয় এতটা প্রত্যাশার চাপ সামলাতে হয় না...টেন্ডুলকার: জানি না...আমি স্রেফ মাঠে যাই আর খেলি! মানে এর কোনো রহস্য নেই?টেন্ডুলকার: না, নেই। ভাগ্যের অবদান কতটা দেখেন?টেন্ডুলকার: আমি পেশাদারি পন্থায় নিজের প্রস্তুতিতে বিশ্বাস করি, এরপর যা হওয়ার হবেই...সবকিছুকে তো আর ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া যায় না। বিশ্বকাপ জয়ের স্বপ্ন অবশেষে পূরণ হয়েছে...সাত মাস পর এখন ভাবনাটা কী?টেন্ডুলকার: ভাবলে এখনো রোমাঞ্চিত হই...এটা বিশাল এক অর্জন হয়ে রইবে। এই ৩৮ বছর বয়সে ফিট থাকাটাই কি সবচেয়ে বড় চ্যালেঞ্জ?টেন্ডুলকার: আসলেই তাই। তরুণ ব্যাটসম্যানদের কোনটি করা উচিত নয়?টেন্ডুলকার: নিজের অগ্রাধিকারের বিষয় থেকে দৃষ্টি না সরানো...আর যদি স্বপ্ন থাকে সেটাকে তাড়া করা...এটা আমি অসংখ্যবার বলেছি। খেলাধুলার বাইরে শিক্ষার প্রতিই কি এখন আপনার উৎসাহ বেশি?টেন্ডুলকার: অবশ্যই...ভারতের প্রত্যন্ত অঞ্চলে মেয়েশিশুদের শিক্ষার প্রয়োজনীয়তা আমি গভীরভাবে অনুভব করি। খুব ভালো স্কুলই শুধু নয়, প্রয়োজন মৌলিক সুযোগ-সুবিধাসংবলিত স্কুল। স্কুলগুলোতে প্রায়ই টয়লেট থাকে না, অনেক সময় থাকলেও দূরে থাকে। এসব কারণে অসংখ্য মেয়ে আর স্কুলে যেতে চায় না। সম্প্রতি কোকাকোলা ও এনডিটিভির সঙ্গে একটা কর্মসূচিতে আমি ছিলাম এবং প্রত্যন্ত অঞ্চলে ১৪০টি স্কুল করার মতো তহবিল আমরা সংগ্রহ করেছি। এটা কেবল শুরু...মেয়েরা যেকোনো পরিবারের মেরুদণ্ড এবং তাদের শিক্ষিত করা প্রয়োজন। তাহলে তারা শুধু নিজ পরিবারের নয়, দেশেরও বড় সম্পদ হয়ে উঠবে। ২২ বছর আগে গিয়ে যদি সবকিছু নতুন করে শুরুর সুযোগ দেওয়া হয়, অন্য রকম কিছু কি চাইবেন?টেন্ডুলকার: না, চিত্রনাট্য যেভাবে সাজানো হয়েছে, তাতে আমি খুশি...কোনো কিছুই বদলাতে চাইতাম না। অনেকেরই কৌতূহল, দিনের শুরুতে আপনার ভাবনা কী থাকে?টেন্ডুলকার: নতুন দিন, নতুন শুরু...যদি খেলার মাঝে থাকি আর আগের দিনটা ভালো না যায়, তাহলে ভাবি আজ যেন অন্য রকম কিছু হয়। প্রার্থনার জন্য নির্দিষ্ট কোনো সময় আছে?টেন্ডুলকার: নির্দিষ্ট সময় নেই। শেষ প্রশ্ন, অর্জুন (টেন্ডুলকারের ছেলে) কি টেন্ডুলকারের উত্তরাধিকার বয়ে নিতে পারবে?টেন্ডুলকার: ওকে না ঘাঁটানোই ভালো, ওর বয়স এখনো অনেক কম (১২ বছর)।