'...আরও দুইটা দিন আছে!'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এর আগে ১৮৭ ওভারের বেশি একবারই বোলিং করেছে বাংলাদেশ। ২০১২ সালে খুলনায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে হাত ঘোরাতে হয়েছিল ২০০.৩ ওভার। কিন্তু প্রতিপক্ষের স্কোর বোর্ডে ৭৩০ রান দেখার অভিজ্ঞতা এই প্রথম। বাংলাদেশের বিপক্ষে কোনো দলের ইনিংস-সর্বোচ্চ এই রানটা টেস্ট ক্রিকেটের ইতিহাসেই ১৩তম সর্বোচ্চ রান।
দিন শেষের সংবাদ সম্মেলনে প্রশ্ন হলো, এমন একটা ইনিংসের উল্টো দিকে দাঁড়ানো বাংলাদেশ দলের খেলোয়াড়েরা কতটা বিপন্ন বোধ করছিলেন মাঠে? মনে কি হচ্ছিল না টেস্টে ব্যাটিং করাটা আপাতত শ্রীলঙ্কানদেরই কাজ, বাংলাদেশ উপলক্ষ মাত্র? দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা সোহাগ গাজী ব্যাপারটা অস্বীকার করতে পারলেন না, ‘ওরা (শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা) এত সুন্দর ব্যাটিং করেছে যে না বললেই নয়। আমরা ভালো বোলিং করলেও এত বেশি ওভার ফিল্ডিং করা খুব কঠিন।’ হাল ছেড়ে দেওয়া শরীরী ভাষাটাকে তাই স্বাভাবিকই মনে করছেন তিনি, ‘ক্রিকেট খেলাটাই এমন। এটা হয়ে গেছে...আরও দুইটা দিন আছে। আমরা চেষ্টা করব ভালো খেলার। বাকিটা পরে দেখা যাবে।’
দিন শেষে ড্রেসিংরুমের আলোচনার সুরটাই যেন নতুন করে তুললেন সোহাগ। বাজে ব্যাটিং, ক্যাচ মিস কিংবা বোলারদের ক্লান্তিকর বোলিংয়ের পরও কাল ড্রেসিংরুমে বাংলাদেশের জন্য ইতিবাচক দিকগুলোই আলোচিত হয়েছে বেশি। শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা রান করেছে, কিন্তু আউট হওয়ার সুযোগও তো দিয়েছে! দুর্ভাগ্যক্রমে হয়তো সে সুযোগগুলো কাজে লাগানো যায়নি। টেস্টে বাংলাদেশের সাম্প্রতিক টুকরো টুকরো সাফল্যও আলোচনায় এসেছে। কোচ শেন জার্গেনসেন টেস্টের আলোকিত অংশগুলো তুলে ধরে চতুর্থ দিনের জন্য উজ্জীবিত করার চেষ্টা করেছেন খেলোয়াড়দের। ব্যাটসম্যানদের এখন কী করতে হবে, সেটা অবশ্য না বলে দিলেও চলছে। টেস্ট বাঁচাতে মাটি কামড়ে পড়ে থাকা ছাড়া আর উপায় কী!
প্রথম ইনিংসে এই কাজটাই করতে পারেননি ব্যাটসম্যানরা। দ্বিতীয় ইনিংসে তাঁরা শিক্ষা নিতে পারেন মাহেলা জয়াবর্ধনের ব্যাটিং থেকে। সোহাগও বললেন, ‘জয়াবর্ধনের কাছ থেকে শেখার তো অবশ্যই আছে। খুব ভালো খেলেছে সে। সারা দিন ব্যাট করছে। আমাদের ব্যাটসম্যানদের ওর কাছ থেকে অবশ্যই শেখার আছে।’ তবে তাঁর দাবি, বোলিং খুব একটা খারাপ করেনি বাংলাদেশ, ‘আমরা যে খারাপ বল করেছি, তা না। ভালো বোলিংই করেছি। ওরা ভালো ব্যাটিং করেছে বলেই এই জায়গায় আসতে পেরেছে।’
তৃতীয় দিনে বোলারদের জন্য পরামর্শ ছিল ভালো জায়গায় বল ফেলার। উইকেট না পেলেও যেন রানটা আটকে রাখা যায়। কিন্তু বোলাররা সফল হননি কোনো ক্ষেত্রেই। ‘ডট বল করতে পারলে বা জুটি বেঁধে বোলিং করে পরপর চার-পাঁচটা ওভার যদি মেডেন নেওয়া যায়, তখন যত বড় ব্যাটসম্যানই হোক ভুল করেই। ব্যাটসম্যান কিন্তু আসেই রান করার জন্য। আর বোলাররা চেষ্টা করে ডট বল করার জন্য, উইকেট নেওয়ার জন্য। আমরাও তা-ই করেছি’—বলছিলেন সোহাগ।
এই টেস্টে বাংলাদেশের ভবিষ্যৎ অবশ্য এখন আর বোলারদের ওপর নয়, নির্ভর করছে চতুর্থ দিনের ব্যাটিংয়ের ওপর। হাতে আছে ৯ উইকেট, শ্রীলঙ্কাকে আরেকবার ব্যাটিংয়ে নামাতে করতে হবে আরও ৪৬৩ রান। সম্ভব? উত্তরটা অনুমান করা যদিও কঠিন নয়, তার পরও আশা করা ছাড়া যে বিকল্প আর কিছুই নেই।


টেস্টে দলীয় সর্বোচ্চ

৯৫২/৬ ডি.
শ্রীলঙ্কা-ভারত
কলম্বো,১৯৯৭
৯০৩/৭ ডি.
ইংল্যান্ড-অস্ট্রেলিয়া
ওভাল, ১৯৩৮
৮৪৯
ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ
কিংস্টন, ১৯৩০
৭৯০/৩ ডি.
ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান
কিংস্টন,১৯৫৮
৭৬৫/৬ ডি.
পাকিস্তান-শ্রীলঙ্কা
করাচি, ২০০৯
৭৬০/৭ ডি.
শ্রীলঙ্কা-ভারত
আহমেদাবাদ, ২০০৯
৭৫৮/৮ ডি.
অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ
কিংস্টন, ১৯৫৫
৭৫৬/৫ ডি.
শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা
কলম্বো, ২০০৬
৭৫১/৫ ডি.
ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড
অ্যান্টিগা, ২০০৪
৭৪৯/৯ ডি.
ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড
ব্রিজটাউন, ২০০৯
৭৪৭
ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা
অ্যান্টিগা, ২০০৫
৭৩৫/৬ ডি.
অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ে
পার্থ, ২০০৩
৭৩০/৬ ডি.
শ্রীলঙ্কা-বাংলাদেশ
মিরপুর, ২০১৪