
এই ফেব্রুয়ারিতে বয়স হবে ৭০। গেন্ডারিয়া থেকে প্রতিদিন স্কুটারে উত্তর বারিধারা যান কোচিং করাতে। ফুটবল-অন্তঃপ্রাণ মানুষটি এত কষ্ট স্বীকার করেও শুরু থেকেই আছেন উত্তর বারিধারা ক্লাবের সঙ্গে। আজ পেশাদার ফুটবল লিগে দলের অভিষেক ম্যাচের জন্য অনুশীলনের ফাঁকে নানা বিষয় নিয়ে কথা বললেন কাল উত্তর বারিধারার কোচ মোহাম্মদ আলমগীর
জন্ম থেকেই উত্তর বারিধারা ক্লাবের সঙ্গে থাকার প্রেরণাটা কী?
মোহাম্মদ আলমগীর: এই ক্লাবের প্রেমে পড়ে গেছি। ২০০৪ সালে ক্লাবটা তৃতীয় বিভাগে প্রথম চ্যাম্পিয়ন। এরপর দ্বিতীয় বিভাগে অপরাজিত চ্যাম্পিয়ন আমার অধীনেই। প্রথম বিভাগে সুপার সিক্সে ওঠে। তখনো আমি কোচ। পেশাদার লিগের দ্বিতীয় স্তরে রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে উঠে আসাও আমার কোচিংয়ে।
আপনার বয়সী কোচ তো এখন আর তেমন নেই বাংলাদেশে। কোচিংয়ে এই বয়সকে বাধা মনে করেন না?
আলমগীর: বয়স কোনো বাধা নয়। আমার চেয়ে বেশি বয়সী বোধ হয় এখন একজনই আছেন, ওয়াজেদ গাজী ভাই। কোচিং করাতে হলে মনের শক্তি আর খেলার প্রতি ভালোবাসাই আসল। যেটা আমার আছে।
আপনার দীর্ঘ কোচিং-জীবনে সেভাবে আলোচনায় তো আসেননি।
আলমগীর: আমি নীরবে তৃণমূলে কাজ করেই বেশি আনন্দ পাই। নাম-খ্যাতির পেছনে কখনো ছুটিনি। চলন্তিকা টিম একেবারে শেষ হয়ে গেল, এটা আমার হাতে গড়া। ৩১ বছরের কোচিং-জীবনে ইস্ট এন্ড ক্লাবের সঙ্গে অনেক দিন ছিলাম। এই দলের ভাঙাগড়ার সাক্ষী আমি।
এই বয়সেও গেন্ডারিয়া থেকে উত্তর বারিধারা এসে কোচিং করান। আপনার ক্লান্তি লাগে না?
আলমগীর: না, আমি মোটেও ক্লান্ত নই। আমার একটা খারাপ অভ্যাস, বাসে উঠতে পারি না। স্কুটার না হয় রিকশা। আপনাকে এই সুযোগে আমার ইতিহাসটা বলি। আমার শিকড় কিন্তু কলকাতার খিদিরপুরে। সেখানে আমার ছেলেমেয়েরা এবং স্ত্রী থাকে। আমিই আছি বাংলাদেশে। ’৬৫ সালে আমরা এখানে চলে আসি। পরে আমি থেকে যাই।
আপনি তো নিজেও ফুটবল খেলেছেন। সেসব স্মৃতি মনে পড়ে?
আলমগীর: কত মনে পড়ে! আমি ’৬৬, ’৬৭,’৬৮-তে খেললাম ভিক্টোরিয়ায়। তারপর দিলকুশা। তখনকার শীর্ষ ফুটবলে কাটিয়েছি অনেকগুলো বছর।
জাতীয় দলে কখনো খেলেছেন?
আলমগীর: স্বাধীনতার পর ’৭৩ সালে যে বছর ফিফার সদস্যপদ পেল বাংলাদেশ, ওই বছর কুয়ালালামপুরে মারদেকা কাপগামী জাতীয় দলে ডাক পাই। বিমানে ওঠার এক ঘণ্টা আগে আমি বাদ পড়ে যাই দল থেকে। কারণ চোট ছিল একটু। পরের বছর ঢাকায় রাশিয়ার ডায়নামো ক্লাব এল, আমি ছিলাম জাতীয় দলের সদস্য।
তখনকার কোনো স্মরণীয় ঘটনা...
আলমগীর: অনেক আছে। ওই সময় বাংলাদেশে ৯ জন প্রথম সারির লিংকম্যান ছিল। আমি তাদের একজন। জাতীয় দল গড়তে আমাদের সর্বশেষ ট্রায়াল হলো এখনকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে। নান্নু (প্রয়াত), কায়কোবাদ, সলিমুল্লাহ, অমলেশ, আলীম, বাটু (প্রয়াত) আমিসহ আরও দুজন ছিল। শেষ ট্রায়ালে টিকলাম আমি, নান্নু আর কায়কোবাদ।
এত বছর আপনি পর্দার আড়ালে থেকে ফুটবলে যুক্ত, আপনার প্রাপ্তি কী?
আলমগীর: প্রাপ্তি কিছুই না। এসব নিয়ে ভাবিওনি। টাকাপয়সাও তেমন পাই না। তবু আনন্দ লাগে এই ভেবে, আমার হাত দিয়ে অনেক খেলোয়াড় উঠে এসেছে। বড় লিটন, গাউস, স্বপনসহ অনেকেরই নাম বলতে পারি।
আপনি খুব হাসিখুশি মানুষ। খেলার বাইরে কী করতে বেশি পছন্দ করেন?
আলমগীর: আমি প্রচুর সিনেমা দেখি। এখন বেশি দেখি হিন্দি। আর মেহদি হাসানের গজল ভালো লাগে। তবে সবকিছুর ওপর আমার প্রেম উত্তর বারিধারা ক্লাব।