‘...এখন শেবাগের নাম বলব’
‘কাকে বল করতে ভয় লাগে’—এমন প্রশ্নে এত দিন কারও নাম বলতেন না। বিশ্বকাপের প্রথম ম্যাচের পর শফিউল ইসলাম উত্তরটা পেয়ে গেছেন। তারেক মাহমুদকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বকাপের প্রথম ম্যাচের অভিজ্ঞতার পাশাপাশি পরের ম্যাচগুলোর পরিকল্পনা নিয়েও কথা বলেছেন বাংলাদেশ দলের এই পেসার ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের অভিজ্ঞতার পর একটু কি ধাক্কা খেলেন?শফিউল ইসলাম: ধাক্কা ঠিক না...হ্যাঁ, ম্যাচটা আমাদের জন্য একটু খারাপ হয়েছে। পরের ম্যাচে ইনশাআল্লাহ ফিরে আসব। আসলে, ওই দিনটা শেবাগের জন্য খুব ভালো গেছে। আমরাও বাজে বল করেছি। উদ্বোধনী ম্যাচ বলে একটু চাপে ছিলেন বোধ হয়...শফিউল: এই ম্যাচে বেশি ভালো করার ইচ্ছা ছিল।্রম্যাচটা মনে রাখার মতো করার ইচ্ছা ছিল। হয়নি...। পরের ম্যাচে চেষ্টা করব। আপনার বা বাংলাদেশেরই শুধু নয়, এবারের বিশ্বকাপেরই প্রথম বলটা করলেন আপনি। সামনে শেবাগের মতো একজন ব্যাটসম্যান...প্রথম বল করার সময় কী চিন্তা কাজ করছিল?শফিউল: আমার স্বপ্ন ছিল, যদি প্রথম ওভার করি, বিশ্বকাপের প্রথম বলেই শেবাগকে আউট করে দেব। ভাগ্যে সেটা ছিল না। তবে প্রথম বল বা প্রথম ওভার থেকেই আক্রমণাত্মক থাকব, এ রকম একটা চিন্তা ছিল। প্রথম বলটা ঠিক কী রকম করার ইচ্ছা ছিল?শফিউল: অফ স্টাম্প থেকে সুইং করে ওকে পরাস্ত করব, স্নিক নেবে...এ ধরনের একটা পরিকল্পনা ছিল। ও রকম হয়নি, বলটা একটু বাইরে পড়েছে। শেবাগের পছন্দের বলের মতোই হয়ে গেছে শেষ পর্যন্ত। তবে আমার মনে হয় অন্য ব্যাটসম্যানদের জন্য বলটা ভালোই ছিল। উইকেট পাওয়ার মতো না হলেও বলটা চার মারার মতো ছিল না। প্রথম বলে বাউন্ডারি খাওয়ার পরই কি বেশি নার্ভাস হয়ে গিয়েছিলেন?শফিউল: না। তখন আমি পরের বলগুলো নিয়ে চিন্তাভাবনা করেছি। যেটা গেছে গেছে, পরের বলগুলো ভালো করতে হবে। আমি চেষ্টাও করছিলাম, কিন্তু বারবার বল বেরিয়ে যাচ্ছিল এবং তাতে শেবাগের জন্য ভালো হচ্ছিল। শেবাগকে এর আগে টেস্টে বল করলেও ওয়ানডেতে সেদিনই প্রথম করলাম। তার সম্পর্কে ধারণাটা সত্যি হলো এ ম্যাচে। কার সামনে বল করতে ভয় লাগে—এ রকম প্রশ্নে আগে কারও নাম বলতাম না। এখন শেবাগের নাম বলব। গ্যালারি ভর্তি দর্শকও নিশ্চয়ই চাপ হয়ে দাঁড়িয়েছিল...শফিউল: নিউজিল্যান্ড-জিম্বাবুয়ে সিরিজেও এ রকম দর্শক দেখেছি। ওটা অভ্যাস হয়ে গেছে...চিৎকার তো সব একই! বরং সেদিন এটা প্রেরণা ছিল। সবাই বাংলাদেশের সমর্থক, ভয়ের তো কোনো কারণ নেই। অন্যান্য সময় বাউন্ডারি লাইনে দাঁড়ালে অনেক দর্শক অনেক বাজে কথা বলে, এদিন আমরা খারাপ বল করার পরও কেউ বাজে মন্তব্য করেনি। দর্শকদের চাহিদা পূরণ করতে পারিনি বলে নিজের কাছেই খারাপ লেগেছে। প্রথম ম্যাচ হারায় বিশ্বকাপ নিয়ে মানুষের আগ্রহ যেন একটু কমে গেল! আপনার কী মনে হয়?শফিউল: কমে যায়নি, বরং আমার মনে হয় তারা এখন আরও ভালো সমর্থন দিচ্ছে। সবাই আগের ম্যাচ ভুলে পরের ম্যাচের দিকে তাকানোর পরামর্শ দিয়েছে। ক্রিকেট যে সবাই এখন কতটা ভালোবাসে, সেটা তাদের আচরণ দেখেই বোঝা যায়। হারার পরও কারও কাছ থেকে কোনো বাজে কথা শুনিনি। দর্শক-সমর্থকেরা আমাদের ওপর এখন অনেক আস্থা রাখছে, এটা আমাদের জন্য ভালো দিক। পরের ম্যাচ তো আয়ারল্যান্ডের বিপক্ষে। ব্যক্তিগত কোনো লক্ষ্য আছে?শফিউল: কামব্যাক তো করতেই হবে। ভারতের সঙ্গে যতটা খারাপ করেছি, আয়ারল্যান্ড ম্যাচে ততটাই ভালো করতে চাই। বিশেষ কিছু করার কথা ভাবেননি?শফিউল: আয়ারল্যান্ডের বিপক্ষে আমাদের সর্বশেষ ম্যাচে আমি ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলাম। বিশ্বকাপের ম্যাচেও ম্যাচসেরা হতে চাই। দলকে জেতানোর মতো পারফর্ম করতে চাই। ভারতের যেমন শেবাগ, আয়ারল্যান্ডের তেমন কেউ আছে?শফিউল: ওদের উইকেটকিপার নিয়াল ও’ব্রেইন খুব ভালো ব্যাটসম্যান। ওর মতো যারা আছে বা টপ অর্ডারের উইকেটগুলো পেতে চাই। প্রথম ম্যাচে হার বাকি পাঁচ ম্যাচে কীভাবে প্রভাব ফেলতে পারে?শফিউল: আমার ধারণা, এই হারে আমাদের জন্য ভালোই হয়েছে। ভালো করতেই হবে—সবার মধ্যে এমন জেদ চেপেছে। আর অন্যান্য দলে তো শেবাগের মতো ব্যাটসম্যান নেই। পরের ম্যাচগুলোতে বোলাররা ভালো করবে আশা করি। বোলিং কোচ ইয়ান পন্ট কিছু কৌশল নিয়ে কাজ করেছেন। সেগুলো কি কাজে লাগছে বিশ্বকাপে?শফিউল: গত ম্যাচে ভালো বলেও শেবাগ মেরে খেলেছে। আর স্পেলগুলো খুব ছোট ছিল। বেশি কিছু করতে গেলে আরও খারাপ হতে পারত। তবে নেটে কিছু টেকনিক খুব ভালো কাজে লাগাচ্ছি। শোয়েব আখতারের একটা বল আছে, ছাড়ার সময় বোঝা যাবে না, কিন্তু বলটা পড়ে লাফ দেবে। ওটা করছি আমি। আয়ারল্যান্ড, হল্যান্ড ছাড়া বিশ্বকাপে এখনো বড় তিন দলের বিপক্ষে ম্যাচ আছে আপনাদের। এই তিন দলের বিপক্ষে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু?শফিউল: ওয়েস্ট ইন্ডিজকে হারানোর খুব ভালো সুযোগ আছে। ওরা অতটা ফর্মে নেই। পেসাররা সাপোর্ট দিতে পারলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমাদের স্পিনাররা ভালো করবে। ইংল্যান্ডের ব্যাপারেও একই কথা বলব। সত্যি বলতে কি, এই কন্ডিশনে আমরা যেকোনো দিন যেকোনো দলকে ধরিয়ে দিতে পারি।