জাতীয় দলের বাইরে ছিটকে গেলেই আর ওই খেলোয়াড়ের খোঁজ রাখে না বাফুফে। এই ধারাবাহিকতার সর্বশেষ উদাহরণ আরিফুল ইসলাম। জাতীয় দলের এই অপরিহার্য ডিফেন্ডার চোটের কারণে মাঠের বাইরে আছেন এ মৌসুমের শুরু থেকেই। বাফুফে খোঁজখবর না নেওয়ায় কাল মুঠোফোনে খানিকটা হতাশাও ঝরল তাঁর কণ্ঠে এই মুহূর্তে কোথায় আছেন। কী করছেন?আরিফুল ইসলাম: এই তো একটু আগে গরুর হাট থেকে এলাম। কোরবানির জন্য গরু কিনেছি। আমি এখন আছি বরিশাল শহরে। এখানেই আমাদের বাসা। ঢাকায় তো গরুর দাম তুলনামূলক কম। বরিশালে কী অবস্থা?আরিফ: এখানে ভালোই দাম আছে। ব্যাপারিরা অনেক দাম হাঁকাচ্ছেন। যা-ই হোক, কিনতে যখন হবে দাম দেখে তো লাভ নেই। দুই মাস আগে ভারতে হাঁটুর চোট অপারেশন করিয়ে এসেছেন। এখন কী অবস্থা?আরিফ: এখন ভালোর দিকে। হাঁটুর (ডান হাঁটু) লিগামেন্ট ঠিক হতে আসলে একটু সময় লাগে। তবে আমি শেখ জামালে আমাদের ক্যাম্পেই ছিলাম এত দিন। ঈদ উপলক্ষে বাড়িতে এসেছি। ঈদের পর জিম শুরু করব। এর মাস দেড়েক পর রানিং শুরু করতে পারব, আশা করি। সব মিলিয়ে মাঠে ফিরতে কত দিন লাগবে?আরিফ: বাংলাদেশ লিগ নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে। প্রথম পর্বে সম্ভব হবে না। আশা করি, এই লিগের দ্বিতীয় পর্ব থেকে খেলা শুরু করতে পারব। আমার পরিকল্পনাও সে রকম। জানেন নিশ্চয়ই, জাতীয় দল নেপালে প্রদর্শনী ম্যাচ খেলে এসেছে। নভেম্বরে ব্যাংককে যাবে প্রদর্শনী ম্যাচ খেলতে। নিজে খেলতে পারছেন না বলে খারাপ লাগছে না?আরিফ: খারাপ তো লাগেই। কেউ চায় না জাতীয় দলে খেলার সুযোগ হাতছাড়া করতে। কিন্তু এখন আমার কিছু করার নেই। ফিট হলে দলে ফিরব। আপনি এবার ঘরোয়া ফুটবলে দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার। ফেডারেশন আপনার খোঁজখবর নেয়?আরিফ: ফেডারেশনের কোচ গোলাম জিলানি ভাই ফোন দিয়ে বলেছেন, ‘ফিট হয়ে আসো।’ ফেডারেশন তৈরি খেলোয়াড়ই চায়। খেলোয়াড় অনেক সময় বোঝে না, কী করলে তাড়াতাড়ি চোট সারবে। এখানে ফেডারেশনের সহযোগিতা দরকার। আপনাকে ফিট করে তোলার জন্য ফেডারেশনের বিশেষ কোনো চিন্তা নেই। সব দায় যেন আপনারই। এটাকে কীভাবে দেখছেন?আরিফ: এই মুহূর্তে সুজন ভাইয়ের কথা মনে পড়ছে, ইনজুরিতে পড়ে অনেক দিন পর ফিরে এসেছেন। ওই সময় ফেডারেশন খবর নেয়নি বলে কত ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। আমি যে ইনজুরিতে পড়লাম, আপনারা, সাংবাদিক ভাইয়েরা আমার খোঁজ নিয়েছেন এবং নিচ্ছেন। আর কেউ নেওয়া প্রয়োজন হয়তো মনে করেনি। এতে কি জাতীয় দলের প্রতি আকর্ষণটা একটু কমে যায় না?আরিফ: আকর্ষণ তো কমেই। এখন আমি যদি দেখি ইনজুরির সময় কেউ আমার পাশে নেই, তাহলে আমি উজ্জীবিত হব কীভাবে? তাই বলব, জাতীয় দলে যারা খেলে, তারা ইনজুরিতে পড়লে তত্ত্বাবধান করা এবং খোঁজ নেওয়া উচিত বাফুফের। আপনি তো মাঝখানে জাতীয় দলের অধিনায়কত্বও করেছেন। দলীয় ব্যবস্থাপনার কাছে আপনার কোনো চাওয়া আছে?আরিফ: আমি চাইব, জাতীয় দলের খেলোয়াড়দের জন্য যেন কিছু করা হয়। একটা বেতনকাঠামো করা উচিত, তা যত টাকাই হোক। আমরা যারা জাতীয় দলে খেলছি, তাদের একটা পরিচয়পত্র দেওয়া উচিত। এতে নিজের একটা আত্মপরিচয় থাকবে। প্রচারণা আছে, অনেক খেলোয়াড়ই জাতীয় দলের হয়ে শতভাগ দিতে চান না মাঠে। আপনি কী মনে করেন?আরিফ: খেলোয়াড়েরা শতভাগই দেয়। তবে একটা ব্যাপার, আমি চাই জাতীয় দলে ঢোকাটা যেন কঠিন হয়। আমাদের দেশে তো হুটহাট করেই সুযোগ চলে আসে জাতীয় দলে। এটা না করে আরও পরীক্ষা করে খেলোয়াড় নেওয়া উচিত।