‘...ছেড়ে দিলেই পারতাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাকিব আল হাসান তামিমের ক্যাচ ছাড়লেন। তামিমও সাকিবের ক্যাচটা ছেড়ে দিলে পারতেন! বিশ্বাস করবেন কি না কে জানে, পরশু উস্টারশায়ারের সাকিবের ক্যাচ নেওয়ার পর নটিংহামশায়ারের তামিমের নাকি সে রকমই মনে হয়েছিল!কাল টেলিফোনে হাসতে হাসতে তামিমই বললেন কথাটা, ‘ক্যাচ নেওয়ার পর মনে হচ্ছিল, ছেড়ে দিলেই পারতাম। সাকিবের সঙ্গেও এ নিয়ে কথা হয়েছে। ও বলেছে, “এটা কোনো ব্যাপার না। আমিও তো ইচ্ছে করে ছাড়িনি।” এটা আসলে পার্ট অব গেম। সাকিব সাকিবের কাজ করেছে, আমি আমার কাজ করেছি।’‘পার্ট অব গেম’, তবে ম্যাচ শেষে সাকিবের ব্যথায় সমব্যথী তামিম। ‘আমাদের মধ্যে এমনিতেই খেলা নিয়ে কথা হয় কম। তার ওপর ওর (সাকিব) মন খারাপ। আমি তো তার সামনে আনন্দ করতে পারি না’—টেলিফোনে নটিংহামশায়ার থেকে বলছিলেন বাংলাদেশ সহ-অধিনায়ক। অবশ্য খেলা বাদ দিলে দুজন মিলে আনন্দ কমও হচ্ছে না। সাকিব তো রীতিমতো রন্ধনশিল্পের সনদই পেয়ে গেলেন তামিমের কাছ থেকে, ‘সাকিবের বাসায় এক দিন ছিলাম। ওর রান্না অসাধারণ। পরোটা বানাল, ডিম ভাজল...দারুণ।’আর মাঠের পারফরম্যান্স এখন পর্যন্ত ‘দারুণ’ তামিমের। তিন ম্যাচ খেলে রান করেছেন ১২ বলে ৮, ৩৭ বলে ৪৭ এবং ২৫ বলে ৩৫। দ্বিতীয় ম্যাচে ম্যান অব দ্য ম্যাচও! স্বপ্ন যেন হাতের মুঠোয় এসে ধরা দিচ্ছে তামিমের, ‘দেশে দেখে এসেছি উস্টারশায়ারের ম্যাচ থাকলে সবাই কীভাবে সাকিবের দিকে তাকিয়ে থাকে। এখন সেটা আমার বেলায় হচ্ছে এবং আমিও সাকিবের মতো ভালো খেলতে পারছি...।’ দেশে এবং ইংল্যান্ডেও প্রবাসী বাংলাদেশিদের খুব আগ্রহ কাউন্টির সাকিব-তামিমকে ঘিরে। কখনো কখনো চাপ মনে হলেও তামিম উপভোগই করছেন সেটা, ‘কাল (পরশু) অনেকে লন্ডন থেকেও খেলা দেখতে এসেছে। এখানকার মানুষ জানত, এই ম্যাচটা বাংলাদেশে টিভিতে দেখা যাবে, সবাই দেখবে। বাংলাদেশে এ দেশের ক্লাব জনপ্রিয় হয়ে উঠছে শুনে তারা খুব খুশি।’ইংলিশ কাউন্টিতে বাংলাদেশের ক্রিকেটের দূত সাকিব-তামিম। তা দূতিয়ালির কাজটা খারাপ করছেন না বাংলাদেশের অধিনায়ক ও সহ-অধিনায়ক। ‘বাংলাদেশের ক্রিকেট এবং ক্রিকেটারদের গুরুত্ব এখানে বাড়ছে। এখন ইংল্যান্ডের ক্রিকেটাররাও বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট নিয়ে আগ্রহ দেখাচ্ছে, বাংলাদেশে খেলতে যেতে চাচ্ছে’—জানালেন তামিম।