'...জীবন থেমে থাকে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বনাথন আনন্দ
বিশ্বনাথন আনন্দ

দাবায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে সেই বিশ্বনাথন আনন্দ হেরে গেলেন নরওয়ের তরুণ ম্যাগনাস কার্লসেনের কাছে। তাও নিজের শহর চেন্নাইয়ে। সপ্তাহ খানেক আগের সেই হার এবং অন্যান্য বিষয় নিয়ে আনন্দ মুখোমুখি হয়েছেন দ্য টেলিগ্রাফ-এর। সাক্ষাৎকারের চৌম্বক অংশ তুলে দেওয়া হলো এখানে
 পরাজয় আপনার কাছে অতীতের একটা বিষয়, নাকি এটা আপনাকে যন্ত্রণা দিতে থাকে?
বিশ্বনাথন আনন্দ: এটা ভুলে যাওয়ার চেষ্টা করছি... সপ্তাহ খানেক কিংবা তার চেয়েও বেশি সময় এটা আমাকে আচ্ছন্ন করে রেখেছিল। আমি কৃতজ্ঞ যে অনেকের উদ্দীপনামূলক খুদে বার্তা পেয়েছি, মানসিকভাবে আমাকে চাঙা করতে এগুলো অনেক কাজে লেগেছে।
 যিনি হারতে অভ্যস্ত নন, তাঁর জন্য হার মেনে নেওয়া কঠিন। আপনি কী মনে করেন?
আনন্দ: অবশ্যই পরাজয় একটা ধাক্কা...দাবার বিশ্ব শিরোপা খোয়ানোটা সত্যিই অনেক বড় ধাক্কা। যাই হোক, চেন্নাইয়ের ফাইনালটা আমার ক্যারিয়ারে একটা মাইলফলক হয়ে থাকবে, যদিও সেটি আমার জন্য ইতিবাচক ছিল না।
 দুঃসময় কাটিয়ে উঠতে নিশ্চয়ই পরিবারকে পাশে পেয়েছেন, বিশেষ করে স্ত্রী অরুণা...
আনন্দ: অবশ্যই...২২ নভেম্বরের চেয়ে এখন অনেক বেশি ভালো লাগছে। ছেলে অখিলের সঙ্গে বেশি করে সময় কাটাচ্ছি। এটা পরাজয়টাকে মন থেকে দূরে সরিয়ে রাখছে।
 সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন, এটা কি স্বতঃস্ফূর্ত ছিল?
আনন্দ: এত সমর্থন পাওয়ার পর আমি মুখ ফিরিয়ে নিতে পারি না। সমর্থকদের ভালোবাসা, শুভেচ্ছার সংস্পর্শেই থেকেছি আমি। আমি তাদের কাছে ঋণী। এই পরিস্থিতিতে আমার ক্ষমা চাওয়াটাই ছিল সম্ভাব্য সেরা করণীয়।
 কার্লসেনের বিপক্ষে ভুলের কোনো সহজ উত্তর আছে?
আনন্দ: আমি বলে বোঝাতে পারব না কিংবা আমি কখনো পুরোপুরি জানতে পারব না ভুলটা কোথায় ছিল। কাজেই সহজ কোনো উত্তর নেই...প্রস্তুতি ভালো র্িছল। কিন্তু আমার কৌশল কাজে আসেনি—এটাই সহজ সত্য।
 অনেকেরই ধারণা, আপনি যতটা আক্রমণাত্মক হতে পারতেন ততটা ছিলেন না। এটা কতটা যৌক্তিক?
আনন্দ: এমন নয় যে আমার কোনো কৌশল ছিল না। কিন্তু এটা কার্যকর হয়নি কিংবা প্রয়োগটা সঠিক ছিল না আমার। বছরের পর বছর ধরে কিছু বিষয় আমার খেলায় এসেছে...লোকে বলছে আমার বেশি আক্রমণাত্মক হওয়া উচিত ছিল, কিন্তু আমাকে জানতে হবে সেটি কীভাবে।
 দাবায় কি কৌশলই সব, নাকি মনস্তত্ত্ব গুরুত্বপূর্ণ।
আনন্দ: কৌশল ও মনস্তত্ত্ব পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। দুটি বিষয়কে আপনি আলাদা করতে পারেন না।
 দাবা শরীরনির্ভর খেলা নয়। কিন্তু বয়স একটা ব্যাপার নয় কি, তরুণ প্রতিপক্ষের খেলাটা কি একটা সুবিধা নয়?
আনন্দ: সন্দেহ নেই বয়স একটা ফ্যাক্টর। কিন্তু এটাকেই বড় করে দেখছি না। আর আমার বয়সটাও (৪৩ বছর) আমি কমাতে পারব না। দাবায় আস্তে আস্তে বয়সী খেলোয়াড়ের সংখ্যা কমে আসছে। এই সময়ে আপনি ১৯৮১ সালের পরিস্থিতি আশা করতে পারেন না, যখন পঞ্চাশোর্ধ্ব ভিক্টর করশনয় বিশ্ব শিরোপার জন্য ইতালির মেরানোতে চ্যালেঞ্জ করেন আনাতোলি কারপভকে।
 ২৩ বছরেরও কমবয়সী কার্লসেনকে মূল্যায়ন করবেন কীভাবে?
আনন্দ: কার্লসেনের আছে সর্বোচ্চ রেটিং পয়েন্ট (২৮৭২)। রেকর্ডই তার পক্ষে কথা বলবে। তার সম্পর্কে আমার আর যোগ করার কিছু নেই। এখান থেকে সে কত ওপরে উঠবে, সেটা তার ওপরই নির্ভর করছে।
 আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?
আনন্দ: র্যাপিড দাবায় অংশ নিতে কিছুদিনের জন্য লন্ডন যাচ্ছি আমি। সাদাকালো বোর্ডের সামনে বসলে কার্লসেনের কাছে হারের ব্যাপারটি আরও দ্রুত ভুলতে পারব। এরপর আমি একটা বিশ্রাম নেব, যাতে ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারি। তবে অবসরের পরিকল্পনা আমার নেই।
 পাঁচটি বিশ্ব শিরোপা জিতেও আপনি সাফল্য-বুভুক্ষু। সবকিছুই কি জেতা হয়ে যায়নি আপনার?
আনন্দ: আমাকে ভেবে দেখতে হবে আর কোন জিনিসটি জিততে চাই আমি। বিশ্রাম কাটানোর পর তা ভেবে দেখব।
 খেলাটা ভিন্ন হলেও আপনারই সমসাময়িক শচীন টেন্ডুলকার অবসর নিলেন। দূর থেকে হলেও তাঁর শেষ টেস্টটা লক্ষ করেছেন আপনি?
আনন্দ: ফাইনাল নিয়েই বেশি মনোযোগী ছিলাম আমি, তবে সে যে যোগ্য বিদায় সংবর্ধনাটাই পাচ্ছে, সে ব্যাপারটি মনে ছিল আমার।...দেশের সমর্থকদের সামনে তাঁর বিদায় নিতে পারাটা দারুণ। এর চেয়ে একজন ক্রীড়াবিদের আর কী চাওয়ার থাকতে পারে? এত লম্বা সময় ধরে (২৪) আলোটা জ্বালিয়ে রাখার জন্য সব সময়ই শচীনের প্রশংসা করে এসেছি আমি।
 শেষ প্রশ্ন...২২ নভেম্বর রাতে কি ঘুম হয়েছিল আপনার?
আনন্দ: ভালোই ঘুম হয়েছিল আমার এবং সকালে ঘুম ভেঙে মনে হয়েছিল জীবনে আরও অনেক কিছুই আছে...জীবন থেমে থাকে না।...সত্যি বলতে কী পঞ্চম গেম যেটিতে হারলাম, সেটির পর রাতে আমি ভালোভাবে ঘুমাতে পারিনি। ওই জয়েই এগিয়ে গিয়েছিল কার্লসেন। তার পরও ও আরও দুটি গেম জিতল। কঠিন ছিল, কিন্তু কোনো না কোনোভাবে মানসিক প্রস্তুতি আমার নিতে হয়েছিল যে শিরোপাটা হাতছাড়া হয়ে যেতে পারে।