অভিষেক সিরিজে প্রতিশ্রুতির স্বাক্ষর রেখেছেন। তবে ঠিক জ্বলে উঠতে পারেননি। এনামুল-সোহাগদের মতো এসেই শক্ত জমি পাননি আন্তর্জাতিক ক্রিকেটে। মমিনুল হক নিজেও বেশ হতাশ, নিজেই উপলব্ধি করতে পারছেন এখনো পাড়ি দিতে হবে অনেক পথ চারপাশে অনেক শব্দ শোনা যাচ্ছে, কোথায় এখন?মমিনুল হক: বাড়ি এসেছি, কক্সবাজারে। একটু ঘুরতে বেরিয়েছি। এবারের কক্সবাজার ফেরাটা নিশ্চয়ই অন্য রকম?মমিনুল: অবশ্যই। জাতীয় দলে খেলে এলাম, বাড়ির সবাই, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব অনেক খুশি। অচেনা অনেকেও অভিনন্দন জানিয়েছেন। অনেকেই মনে করিয়ে দিচ্ছেন কক্সবাজারের প্রথম আন্তর্জাতিক ক্রিকেটার আমি। আমার চেয়ে কক্সবাজারবাসীর খুশি যেন হাজার গুণ বেশি। আপনি নিজে কতটা খুশি পারফরম্যান্সে?মমিনুল: মোটেও না, আমি আসলে হতাশ। আমার সামর্থ্যের ২০ থেকে ২৫ শতাংশ খেলতে পেরেছি। আরও ভালো খেলা উচিত ছিল। দুটি ম্যাচে সেট হয়েও আউট হয়ে গেছেন, ২৫ ও ৩১...মমিনুল: দুটি না, আসলে তিনটি। আরেকটা ম্যাচেও শুরুটা ভালোই হয়েছিল (তৃতীয় ওয়ানডেতে, ১২)। যেটা বললাম, ভালো খেলতে পারিনি। শেষ ওয়ানডেতে তো ভালোই খেলছিলেন, ভালো একটা জুটিও হলো নাসিরের সঙ্গে...মমিনুল: জুটিটা খুব প্রয়োজন ছিল ওই সময়। তবে শেষ পর্যন্ত উইকেটে থাকা উচিত ছিল। তাহলে হয়তো ম্যাচটা আরও সহজে জিততাম, আমার রানও একটু বেশি হতো। ঘরোয়া ক্রিকেটে তো বড় ইনিংস বেশ কিছু আছে, এ বছরই জাতীয় লিগে দুটি সেঞ্চুরি করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে এসে কী পার্থক্য দেখলেন? মমিনুল: সবচেয়ে বড় পার্থক্য, বাজে বল কম পাওয়া যায়। অনেক সময় এমনও হয় টানা ৪-৫ ওভারে কোনো বাজে বল নেই। ঘরোয়া ক্রিকেটে প্রায়ই বাজে বল পাওয়া যায়। আন্তর্জাতিক ক্রিকেটে বোলাররা একটুও ছাড় দিতে চায় না। আর আরেকটা মূল পার্থক্য, ঘরোয়া ক্রিকেটে প্রতিপক্ষ দলে ভালো বোলার হয়তো দু-তিনজন। এখানে সবাই ভালো। নিজের ঘাটতির জায়গাগুলো নিশ্চয়ই ধরতে পেরেছেন?মমিনুল: আমার মনে হয়েছে, এখনো অনেক পিছিয়ে আছি। অনেক অনেক শিখতে হবে। ভালো বলে শট খেলা শিখতে হবে। ভালো ব্যাটসম্যান হতে গেলে এর বিকল্প নেই। বাজে বল তো খুব বেশি পাওয়া যায় না। কেমার রোচের মতো এত দ্রুতগতির বোলিং নিশ্চয়ই আগে খেলেননি?মমিনুল: ঘরোয়া ক্রিকেটে তো প্রশ্নই আসে না। তবে একাডেমি দলের হয়ে দক্ষিণ আফ্রিকা গিয়ে মার্চেন্ট ডি ল্যাঙ্গের বল খেলেছি। ও তো মনে হয় আরও জোরে বল করে। ডি ল্যাঙ্গের বল অবশ্য সোজাই আসে, রোচের শুধু গতিই না, সুইংও আছে। খেলা অনেক কঠিন। সুনীল নারাইনকে খেলার অভিজ্ঞতা কেমন?মমিনুল: ওর হাত থেকেই বল বোঝার চেষ্টা করেছি আমি। মাঝেমধ্যে বুঝতে পেরেছি, মাঝেমধ্যে পারিনি। বুঝতে পারলে খেলা খুব একটা কঠিন না। শেষ ম্যাচে তো বল হাতে চমকে দিলেন...পোলার্ড সে সময় যেমন উন্মত্ত ছিলেন, বল হাতে নিয়ে বুক কাঁপেনি?মমিনুল: নাহ...আমি মনে মনে বলেছি সবাই তো মার খাচ্ছে। খুব খারাপ হলে হয়তো দু-তিনটা ৬ খাব, এর চেয়ে বেশি আর কী হবে! মুশফিক ভাই বলেছিল, ‘তুই শুধু জায়গামতো বল রাখিস। এরপর যা হওয়ার হবে।’ আমি তাই করেছি। উইকেটটা আসলে...কী বলব হয়ে গেছে। আগে যেদিন বোলিং করেছিলাম (তৃতীয় ওয়ানডেতে), কে যেন বলেছিল, ‘দেখিস, তুই উইকেট পেলে বড় কোনো ব্যাটসম্যানের উইকেট পাবি।’ সেটাই হলো। প্রথম আন্তর্জাতিক সিরিজে মাঠের বাইরের অভিজ্ঞতা কেমন? ড্রেসিংরুম, হোটেল...মমিনুল: খুব ভালো লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে মাশরাফি ভাই, তামিম ভাই, রিয়াদ ভাই, মুশফিক ভাই...সবাই অনেক আপন করে নিয়েছেন। ক্রিকেট নিয়েও অনেক কথা হয়েছে। তামিম ভাই বলেছেন, ঘরোয়া ক্রিকেটে যেসব শট খেলে রান করি, ওসব শট খেলতে। নিজের সহজাত খেলাটা খেলতে, আন্তর্জাতিক ক্রিকেট বলে যেন গুটিয়ে না যাই। উচ্চতার কারণেই আরেকটা ব্যাপারে অনেকেরই আগ্রহ, আপনি কি সাধারণ মাপের ব্যাট দিয়েই ব্যাটিং করেন?মমিনুল: অবশ্যই। সবকিছুই মনের ব্যাপার, যেভাবে অভ্যাস গড়ে ওঠে। আমি তো তামিম ভাইয়ের ব্যাট দিয়েই ব্যাটিং করেছি বেশির ভাগ সময়। সবচেয়ে ভালো ব্যাটগুলো তামিম ভাই-ই নিয়ে আসেন। এমনিতে আমি তো সাধারণের চেয়ে একটু লম্বা ব্যাটে ব্যাটিং করি। মানে হাতলটা একটু লম্বা থাকে।