‘অঘটন’, ‘ভাগ্য’ আর দুটি জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাগ্য! ভাগ্যকেই দুষছেন পাওলো বেন্তো। পেপের জোরালো শট ক্রসবারে লেগে পড়ল ঠিক গোললাইনে। পর্তুগাল কোচের ধারণা, ভাগ্য পাশে ছিল না বলেই গোলটা পায়নি তাঁর দল। আর ভাগ্য জার্মানির দিকে মুখ তুলে চেয়েছে বলেই গোল পেয়েছে জার্মানি। ‘এই ফল আমাকে ব্যথিত করেছে। আমার মতে, ম্যাচটা আমরাই নিয়ন্ত্রণ করেছি; আমাদের রক্ষণকাজটাও ভালো হয়েছে। বল বারে লাগাটা ছিল আমাদের দুর্ভাগ্য, অন্যদিকে গোমেজের গোলটার সময় ভাগ্য ছিল তাদের পাশে’—ম্যাচ শেষে বলেছেন বেন্তো।ভাগ্যকে দ্বাদশ খেলোয়াড় হিসেবে পাওয়াটা জার্মানি অস্বীকার করছে না। অধিনায়ক ফিলিপ লাম বলছেন, ‘শেষের দিকে ভাগ্য কিছুটা সহায়তা করেছে আমাদের। তবে এ ধরনের ম্যাচ জিততে ভাগ্যকে পাশে লাগেই।’ভাগ্য! ভাগ্যই বটে। মারিও গোমেজের গোলটার কথাই ধরুন। গোমেজকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন জোয়াকিম লো। সাইডলাইনে দাঁড়িয়ে আছেন তাঁর বদলি মিরোস্লাভ ক্লোসা। সেই সময় ৭৩ মিনিটে স্যামি খেদিরার ক্রস খুঁজে পেল জায়গামতো ওত পেতে থাকা গোমেজকে। মাপা হেড। লাফিয়ে পড়েও নাগাল পেলেন না গোলরক্ষক রুই প্যাত্রিসিও। শেষ মুহূর্তে বদলি হিসেবে নামা স্ট্রাইকার সিলভেস্ত্রে ভালেরোর দুর্দান্ত একটি প্রচেষ্টাও অবশ্য বিফল করে দিয়েছে জার্মান রক্ষণ। নিজের ছায়া হয়ে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোকেও সুবিধা করতে দেয়নি জার্মান রক্ষণ। বিশেষ করে, জেরোম বোয়াটেংয়ের দেয়ালে এসে বারবার হোঁচট খেয়েছেন পর্তুগাল অধিনায়ক।ম্যাচের আগে রক্ষণ নিয়েই সবচেয়ে দুশ্চিন্তায় ছিলেন লো। জার্মান কোচ এদিন অনেককে চমকে দিয়ে বসিয়ে রেখেছিলেন অভিজ্ঞ সেন্টার-ব্যাক পার মার্টেসেকারকে। শেষ পর্যন্ত এই ম্যাচে রক্ষণটাই সবচেয়ে বেশি তৃপ্তি দিচ্ছে লোকে, ‘এটা সত্যিই খুব কঠিন একটি ম্যাচ ছিল। তবে এটা আমাদের শেষ পর্যন্ত দারুণ শুরুই এনে দিল। আমরা রক্ষণে অনেক ভালো করেছি।’চাইলে ভাগ্যকে দুষতে পারতেন বার্ট ফন মারউইকও। পরিষ্কার একটি পেনাল্টি পায়নি হল্যান্ড। কিন্তু সরাসরি ভাগ্যকে দোষ দেননি ডাচ কোচ। এদিন যে তাঁর আক্রমণভাগ নেমেছিল সুযোগ হাতছাড়া করার প্রতিযোগিতায়। সবচেয়ে বেশি আশা ছিল যাঁর ওপর, আর্সেনালের জার্সি গায়ে দুর্দান্ত ফর্মে থাকা সেই রবিন ফন পার্সিই হতাশ করেছেন সবচেয়ে বেশি। এ ফাঁকে সুযোগ দুর্দান্তভাবে কাজে লাগিয়ে হল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে ১৯৯২-এর চ্যাম্পিয়ন ডেনমার্ক। ২৪ মিনিটে ডাচ গোলরক্ষক মার্টিন স্টেকেলেনবার্গের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠিয়েছেন মাইকেল ক্রন-দেলি। অনেক চেষ্টা করেও সেই গোল শোধ করতে পারেনি হল্যান্ড। ম্যাচ শেষে অবশ্য একা ফন পার্সিকে দুষতে রাজি হননি ফন মারউইক, ‘এটা শুধু রবিন ফন পার্সির ব্যর্থতা নয়। আমাদের পাঁচ-ছয়জন খেলোয়াড় অনেক সুযোগ পেয়েছিল। তা ছাড়া রেফারি আমাদের একটি পেনাল্টিও দেননি।’হল্যান্ডের অপ্রত্যাশিত পরাজয় মৃত্যুকূপ গ্রুপ ‘বি’কে জমিয়ে তুলল। হল্যান্ডের পরাজয়ে ‘হতাশ’ হয়েছেন লোও। জার্মান কোচ বলেছেন, ‘ওরা অন্তত ড্র করলেও আমি খুশি হতাম। এখন আমাদের খুবই শক্তিশালী হল্যান্ড দলের বিপক্ষে জিততে হবে। ডাচরা অনেক সুযোগ পেয়েছিল। ওরা গোল করতে না পারায় আমি বিস্মিত। এখন তাদের জন্য বাঁচা-মরার লড়াই। ওদের বিপক্ষে আমাদের ম্যাচটি তাই আরও কঠিন হয়ে গেল। অবশ্য আমরা এই ম্যাচ নিয়ে রোমাঞ্চিতও।’জার্মানি-হল্যান্ড ম্যাচটি আগামী পরশু। এএফপি, রয়টার্স।