‘অঘটন’ এড়াল ইংল্যান্ড
শেষ মুহূর্তের নাটকীয়তায় বেঁচে গেল ইংল্যান্ড। না হলে এবারের বিশ্বকাপ আসরের প্রথম ‘অঘটন’ দেখত ক্রিকেটবিশ্ব। শ্বাসরুদ্ধকর ম্যাচে আট বল বাকি থাকতে ছয় উইকেটের জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। হল্যান্ড হেরেছে, তবে বিশ্বকাপটাই যেন জমিয়ে দিয়েছে দলটি।‘অঘটন’ উপমা ব্যবহার করায় আপত্তি তুলতে পারেন অনেকেই। প্রতিবাদে একজন আবার তেড়েও আসতে পারেন, রায়ান টেন ডয়েসকেট! ইংলিশ বোলারদের মেরে-কেটে সেঞ্চুরি করলেন। উইকেট নিলেন দুটি। ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও এই ইংল্যান্ডকে পরাজয়ের লজ্জা দিয়েছিল হল্যান্ড। তার পরও ‘অঘটন’ শব্দটা আসে কেন? ব্যাটে-বলে লড়াই করেই তো জয় তুলে নিতে যাচ্ছিল ডাচরা।অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস ৮৮ ও জোনাথন ট্রট ৬২ রানের ইনিংস খেলেছেন। বলতে গেলে রান পেয়েছেন ইংল্যান্ডের টপ অর্ডারের সবাই। তবে ‘লজ্জা’ বাঁচানোর জন্য ইংল্যান্ডকে ধন্যবাদ দিতে হবে পল কলিংউড ও রাভি বোপারাকে। দুজনেই ৩০ রান করে অপরাজিত থাকেন। ম্যাচ যখন প্রায় হাতছাড়া হয়ে যাচ্ছিল, ফিরিয়ে এনেছেন যে তাঁরাই!শুরুতেই ইংল্যান্ডকে নাড়িয়ে দেয় ডাচরা। পুরো ৫০ ওভার বোলিং করে হল্যান্ডের মাত্র ছয়টি উইকেট শিকার করতে পেরেছেন ইংল্যান্ডের বোলাররা। দলীয় ৩৬ রানে প্রথম আর ৫৮ রানে দ্বিতীয় উইকেটের পতন। তবে এর পর ৭৮ রানের জুটি গড়েন টম কুপার ও রায়ান টেন ডয়েসকেট। ব্যক্তিগত ৪৭ রানে সাজঘরে ফেরে কুপার। ডয়েসকেটও ফিরেছেন, তবে এর আগে ঘাম ঝরিয়ে দেন ইংলিশদের। ১১০ বলে ৯ চার ও ৩ ছয়ে এই ব্যাটসম্যান খেলেন ১১৯ রানের ক্যারিয়ারসেরা ইনিংস। সঙ্গে অধিনায়ক পিটার বোরেনের অপরাজিত ৩৫ রানের উপর ভর করে হল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ২৯২ রান। ক্রিকইনফো।