'অত তাড়া কিসের?'

শচীন টেন্ডুলকারের অবসর নেওয়া না-নেওয়া নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। বয়স ৪০ হয়ে গেছে। আন্তর্জাতিক ক্রিকেটে কাটিয়ে দিয়েছেন ২২টি বছর। সেঞ্চুরির সেঞ্চুরি করেছেন; ক্রিকেটে সম্ভব-অসম্ভব প্রায় সব রেকর্ডই তাঁর দখলে। আধুনিক ক্রিকেটের ‘ব্র্যাডম্যান’ অভিধায় অভিহিত হয়েছেন সেও প্রায় বছর পনেরো হতে চলল। আর কী চাই টেন্ডুলকারের? আর কত দিন খেলবেন তিনি। ছোট ফরম্যাটের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তাহলে কী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের দুই শতম টেস্ট খেলেই ‘শেষ’ বলে দেবেন? লিটল মাস্টার অবশ্য নিজে আশ্চর্য নির্লিপ্ত নিজের অবসর ঘোষণা নিয়ে। উল্টো ভারতীয় মিডিয়াকে বলেছেন, ব্যাপারটা নিয়ে নাকি তিনি একেবারেই তাড়ার মধ্যে নেই।
ভারতের একটি টেলিভিশন চ্যানেল তাঁকে বহুচর্চিত প্রশ্নটি করেছিল। তিনি স্মিতহাস্যে উত্তর দিয়েছেন, ‘অত তাড়া কিসের, ভাই?’ সেই সঙ্গে এও বলেছেন, তাঁর অবসর নিয়ে কোনো কিছু ঘোষণা করার সময় নাকি এখনো আসেনি!
ভারতীয় ক্রিকেট ভক্তরা তাঁকে ‘ঈশ্বরতুল্য’ মনে করেন। ব্যাপারটি বিব্রত করে শচীনকেও, ‘আমি ঈশ্বর কীভাবে হই। আমি একজন ক্রিকেট খেলোয়াড়। উল্টো ঈশ্বরের আশীর্বাদ আমার দরকার। আমি তাঁর আশীর্বাদ পেয়েই এতদূর আসতে পেরেছি। আমি ভুল করি। শূন্য রানেও আউট হয়ে যাই। আমি ঈশ্বর হলে নিশ্চয়ই কখনো আউট হতাম না।’
কড়া পারিবারিক মূল্যবোধে বড় হয়েছেন টেন্ডুলকার। পুরো জীবনটাই নিয়মতান্ত্রিকতার ঘেরাটোপে বন্দী করে কাটিয়ে দিয়েছেন তিনি। সাফল্য-চূড়ায় উঠেও তাই নিজেকে সব সময়ই রাখতে পেরেছেন মাটিতে। অর্থ-যশ-খ্যাতি পায়ে লুটিয়ে পড়লেও মাথাটি রেখেছেন সব সময়ই ঠান্ডা।
পুরো ব্যাপারটিকেই এক ধরনের ‘ভারসাম্য’ রেখে চলা হিসেবে অভিহিত করেছেন টেন্ডুলকার। শুনিয়েছেন ছেলেবেলার গল্পও, ‘ছোটবেলা থেকেই দেখেছি, আমাদের বাড়িতে যেকোনো উত্সবই হয় খুব সহজ-সরলভাবে। কোথাও চাকচিক্যের আধিক্য থাকে না। স্কুলে পড়ার সময় ভালো ব্যাটিং করলে দেখেছি ঈশ্বরকে মিষ্টি উত্সর্গ করতে। আমার বড় ভাই বলতেন, “মানুষকে খেলাটি নিয়ে কথা বলতে দাও, তুমি এগিয়ে যাও।” এটাই খুব সম্ভবত লাইফস্টাইলে ভারসাম্য বজায় রাখা। পরবর্তী জীবনে ওই অনুশীলনটি আমার খুব কাজে লেগেছে।’
বাবাকে এখনো মিস করেন টেন্ডুলকার। জীবনের সবচেয়ে বড় আদর্শও তাঁর বাবা। ১৯৯৯ সালের বিশ্বকাপের সময় হঠাত্ই বাবাকে হারিয়েছেন। ইংল্যান্ড থেকে মুম্বাই ফিরে শেষকৃত্যে যোগ দিয়েই আবার দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। শোকগ্রস্ত অবস্থায় কেনিয়ার সঙ্গে ১৪০ রানের এক মহাকাব্যিক ইনিংস খেলে বাবাকে উত্সর্গ করেছিলেন। আজও ক্রিকেটের মাঠে কোনো সাফল্যের পরপরই আকাশের দিকে চেয়ে যেন প্রিয় বাবাকেই খুঁজে ফেরেন ক্রিকেট ইতিহাসের সেরাদের সেরা।
বাবার প্রসঙ্গে টেন্ডুলকার যেন অনেকটাই আবেগি, ‘বাবাকে সব সময় খুব মিস করি। তাঁর অভাব কোনোদিনই পূরণ হওয়ার নয়। তার পরও তিনি আছেন আমার কাছে আনন্দের স্মৃতি হয়ে। দিনের একটা সময় ওই স্মৃতির কাছে নিজেকে আত্মসমর্পণ করি। খুব ভালো লাগে।’
ক্রিকেট খেলে রোজগারের কমতি নেই। কিন্তু লিটল মাস্টারের মনটা যে কত সরল, তার সবচেয়ে বড় প্রমাণ তাঁর গাড়িপ্রেম। যখন ইচ্ছা, যেকোনো গাড়িই কিনে ফেলতে পারেন তিনি। মুম্বাইয়ের বাড়ির গ্যারেজে শোভা পায় ফেরারি, পোর্শে, বিএমডাব্লিউ থেকে শুরু করে অনেক কিছুই। কিন্তু তাঁর সবচেয়ে প্রিয় গাড়ি নাকি ৮০০ সিসির মারুতি। এখানেও নস্টালজিয়ায় আক্রান্ত টেন্ডুলকার, ‘কলেজে পড়ার সময় মারুতি ৮০০ যে ছিল আমার স্বপ্নের গাড়ি।’ পিটিআই।