'অতটা বুড়ো হইনি এখনো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তো অনেক রসিকতাও করলেন লি না
অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তো অনেক রসিকতাও করলেন লি না

কথা বলেন বেশ মজা করে। কোর্টের মতো মাইক্রোফোন হাতেও দারুণ সপ্রতিভ। অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তো অনেক রসিকতাও করলেন লি না। ফাইনাল-পরবর্তী সংবাদ সম্মেলনেও প্রাণোচ্ছল ছিলেন চীনের মেয়ে
 মাথার ওপর থেকে চাপটা একটু হলেও কমল?
লি না: হ্যাঁ, শেষ পর্যন্ত আমি পেরেছি। এই অস্ট্রেলিয়ান ওপেনে শেষ দুবারের মতো এবার হয়নি। এবার আমি নিজেকে নিয়ে গর্বিত।
 ফাইনালের শুরুতে মনে হচ্ছিল স্নায়ুচাপে ভুগছেন। সব ফোরহ্যান্ড মিস করছিলেন...
লি না: সবগুলো কিন্তু মিস করিনি (হাসি)।
 জেতার পর খুব একটা উদ্যাপন করেননি। খুশির চেয়েও কি বেশি নির্ভার ছিলেন?
লি না: যখন শেষ সেটে সে (সিবুলকোভা) সার্ভ করল, আমি ১৫-৪০ বা এ রকম পয়েন্টে এগিয়ে ছিলাম। ভাবছিলাম, আচ্ছা, ম্যাচটা জেতার পর আসলে আমি কী করব। এরপরই আমি একটা পয়েন্ট হারালাম। তখন ম্যাচ শেষে কী করব সেই চিন্তা বাদ দিয়ে ভাবছিলাম আপাতত পয়েন্টটা জিততে হবে। জেতার পর ভীষণ রোমাঞ্চিত ছিলাম। টিমের সবাইকে আলিঙ্গনও করতে গিয়েছিলাম। কিন্তু ওদের সঙ্গে দূরত্বটা বেশি ছিল (হাসি)।
 আপনি এই টুর্নামেন্টের সবচেয়ে বেশি বয়সী বিজয়ী। রেকর্ডটা নিয়ে গর্বিত?
লি না: আমি কিন্তু অতটা বুড়ো হইনি এখনো (হাসি)। হ্যাঁ, টুর্নামেন্টের শুরুতে সবাই আমাকে নিয়ে কথা বলছিল। আমি বলব বয়স-টয়স আসলে কোনো ব্যাপার নয়। এটা নিয়ে আমি খুশিই। বয়স তো আমার অভিজ্ঞতা আরও বাড়িয়েছে।
 টেনিসে মজার মানুষ খুব কম। আপনি কখন টের পেলেন আপনার মধ্যে কৌতুকপ্রবণতা আছে? আপনার স্বামী কখনো আপনাকে বলে না, ‘হয়েছে, এবার থাম’?”
লি না: ও কখনো এমন কিছু বললে আমি ওকে ডিভোর্স দিয়ে দেব (হাসি)। আমি তো নিজেকে আর বদলাতে পারি না। আগে ও কৌতুক করে আমাকে অনেক কথা বলত। আমি তো খুব স্বাভাবিকভাবেই কথা বলি। কিন্তু যখন আমি কথা শেষ করি, তখন সবাই বলে, ওহ! আপনি তো দারুণ মজা করেন। তখন বুঝি, আমি মনে হয় মজা-টজা খারাপ করি না!
 কিন্তু আপনি তো মানুষকে হাসাতে পছন্দ করেন?
লি না: হ্যাঁ, কেন নয়? সবাই তো হাসিখুশি থাকতেই পছন্দ করে। আর এই টুর্নামেন্টে আমার মনে হয়েছে মানুষ আমার নাম ধরে আরও বেশি উল্লাস করেছে।
 রোলাঁ গাঁরোর সঙ্গে এই শিরোপার তুলনা? আপনি বলেছিলেন, ফ্রেঞ্চ ওপেনটা হুট করে জিতে গিয়েছিলেন। আর এটাকে তো তিনবারের চেষ্টায় পেলেন...
লি না: আমি আসলে এটার জন্য অনেক দিন ধরে প্রস্তুতি নিচ্ছিলাম। প্রতি রাউন্ডেই, প্রতিদিনেই আমি ভাবতাম আমার কী করা উচিত। সেমিতে উঠলে আমি কী করব, ফাইনালে উঠলে কী করব। কারণ আগেও আমি দুবার ফাইনালে উঠেছি।
 নিজের খেলায় আপনি অনেক পরিবর্তন এনেছেন। এই পুরস্কার কি সেটিরই ফল?
লি না: এখন পর্যন্ত আমি তাই বলব। সিদ্ধান্তটা ঠিকই ছিল। কারণ নিজেকে যদি আসলেই প্রমাণ করতে হয় তাহলে আমাকে নিজের কিছু একটা বদলানো চাই। নইলে সারা জীবন এক জায়গাতেই থাকতে হবে।
 আজারেঙ্কার চেয়ে এখন ১১ পয়েন্ট পিছিয়ে আপনি। পরের লক্ষ্য কী আজারেঙ্কাকে পেছনে ফেলে দুইয়ে উঠে আসা?
লি না: হ্যাঁ, কেন নয়? অবশ্যই। আমি তো আমার র্যাঙ্কিং উন্নতির চেষ্টা করবই।
 আপনি বলেছেন, ম্যাক্স আইসেনবাড (এজেন্ট) আপনাকে ধনী বানিয়েছে...
লি না: ফ্রেঞ্চ ওপেনের পর আমি অন্তত দশটা স্পনসর পেয়েছি। এই স্পনসর জোগাড় করা তো ম্যাক্সের জন্য কঠিন। চীন থেকে আমেরিকায় এলে আপনার জেটল্যাগ হয়। কিন্তু চীনের কোম্পানিগুলো সেটা বোঝে না। রাত-বিরাতে ওকে ফোন ধরতে হয়। একদিক দিয়ে এটা ওর জন্য ভালোও...ওজন কিছুটা কমছে ওর (হাসি)
 আপনার মা কি আপনার খেলা দেখেন?
লি না: না, দেখেন না। আমি খেললে তিনি স্নায়ুচাপে ভোগেন। এমনকি আমাকে একটা টেক্সটও পাঠান না। আমি সংবাদ সম্মেলনের পরেই তাঁকে ফোন দেব...।