‘অতিবাহাদুরি’র খেসারত দিয়েছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘টার্নিং’ উইকেটই ইংল্যান্ডকে হারানোর জন্য যথেষ্ট—সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে ভারতীয় দলের ভাবনাটা ছিল এমন। মনের মতো উইকেটই পেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনিরা। কিন্তু চার ম্যাচের টেস্ট সিরিজে ভারত হেরেছে ২-১-এ। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন মনে করেন, এ সিরিজে অতিবাহাদুরির খেসারতই দিতে হয়েছে ভারতকে।‘ভারত শুধু চেয়েছিল টার্নিং উইকেট। ভেবেছিল, এতেই ভেঙে পড়বে ইংল্যান্ড। ওরা আসলে খুব বেশি বাহাদুরি করেছিল। এই অতিবাহাদুরির খেসারতই দিতে হয়েছে ভারতকে।’ ‘ডেইলি মেইলে’ লেখা কলামে বলেছেন নাসের হুসেইন।৪৪ বছর বয়সী নাসের বলেন, ‘ভারতীয় কন্ডিশনে ভারতের চেয়েও ভালো স্পিনার ইংল্যান্ডের রয়েছে। শারীরিক ও মানসিক দিক থেকে স্বাগতিকদের চেয়ে সফরকারীরা ফিট ছিল।’ভারতীয় দল যে অতি-টার্নিং উইকেট চায়, এটা প্রকাশ্যে আসে আহমেদাবাদ টেস্ট শেষে। ওই টেস্টে ৯ উইকেটের জয় পায় ভারত। এর পরও সন্তুষ্ট হতে পারেননি মহেন্দ্র সিং ধোনি! ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক দাবি করেছিলেন, স্পিনাররা প্রথম দিন থেকেই সুবিধা পাবেন, পরবর্তী টেস্টে যেন এমন উইকেট বানানো হয়। আহমেদাবাদের উইকেট নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে ধোনি বলেছিলেন, ‘আমি এ ধরনের উইকেট দেখতে চাই না। স্পিনাররা যথেষ্ট টার্ন ও বাউন্স পাননি। আশা করছি, সামনের ম্যাচগুলোতে এমন উইকেট দেখব যেখানে একদম শুরু থেকেই বল ঘোরানো সম্ভব হবে।’ ধোনির ‘অদ্ভুত’ আবদার শুনে ক্ষোভ আর বিস্ময় প্রকাশ করেছিলেন বেশ কজন সাবেক ক্রিকেটার। যা-ই হোক, মুম্বাই টেস্টে ধোনির মনের মতো করে উইকেটই বানিয়েছিলেন কিউরেটররা। কিন্তু স্পিনই কাল হয়ে দাঁড়ায় ভারতের। ইংলিশ স্পিনারদের ঘূর্ণিতে কুপোকাত হয়ে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় ভারত। কলকাতা টেস্টেও হার ঠেকাতে পারেননি ধোনিরা। সিরিজের শেষ টেস্টটি গতকাল ড্র হয়।ইংল্যান্ডের ২-১-এ সিরিজ জয়টা একদিক থেকে ঐতিহাসিক। এটি যে দীর্ঘ ২৮ বছর পর ভারতের মাটিতে ইংলিশদের টেস্ট সিরিজ জয়! অথচ সিরিজটা ভারতীয়দের কাছে ছিল প্রতিশোধের। গত বছর ইংল্যান্ড সফরের টেস্ট সিরিজে ৪-০ তে হোয়াইটওয়াশ হয়েছিল ভারত। কিন্তু এবার ফিরতি সফরে প্রতিশোধ নেওয়ার বদলে উল্টো হারের লজ্জা পেল ভারতীয়রা। সূত্র: পিটিআই।