'অথই' জলের ড থৈ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বয়সভিত্তিক সাঁতারের প্রথম দিনেই জিতেছে চারটি সোনা। পাহাড়ি কন্যা ড থৈ প্রু মারমার তাই এমন সোনাঝরা হাসি। কাল মিরপুর সুইমিং কমপ্লেক্সে  l প্রথম আলো
বয়সভিত্তিক সাঁতারের প্রথম দিনেই জিতেছে চারটি সোনা। পাহাড়ি কন্যা ড থৈ প্রু মারমার তাই এমন সোনাঝরা হাসি। কাল মিরপুর সুইমিং কমপ্লেক্সে l প্রথম আলো

বাড়ির পাশে সাঙ্গু নদ। পাহাড়ি নদে নামতে বেশ ভয়ই পেত ড থৈ প্রু মারমা। তার যত দুরন্তপনা ছিল নীলগিরি পাহাড়ে। দৌড়াত, দড়ি লাফাত। কিন্তু বান্দরবানের থানচির কিশোরী ড থৈ কখনো ভাবেনি এভাবে ‘অথই’ জলে সাঁতার কাটবে। মিরপুর সুইমিং কমপ্লেক্সে কাল শুরু হওয়া জাতীয় বয়সভিত্তিক সাঁতারের প্রথম দিনটি ছিল বিকেএসপির এই সাঁতারুর। ১৫-১৭ বালিকা বিভাগের চারটি ইভেন্টে অংশ নিয়ে সোনা জিতেছে সব কটিতেই।
সাধারণত ফুটবল, হকি, আর্চারি, কারাতে, উশু, ভারোত্তোলনেই পাহাড়ি খেলোয়াড়দের ছড়াছড়ি। সাঁতারেই যেন তাদের অনাগ্রহ। এ কারণেই কিনা সেই আশির দশকের পর থেকে আর কোনো আদিবাসী সাঁতারু উঠে আসেনি। বান্দরবানের তিং তিং ম্যা, সুচরিতা চাকমা, রাঙামাটির সরনিকা চাকমাদের পর প্রায় দুই যুগের ব্যবধানে আরেকজন আদিবাসী সাঁতারু পেল ফেডারেশন।
ছোটবেলায় জিমন্যাস্টিকস খুব পছন্দ ছিল ড থৈর। কিন্তু চাচাতো ভাই উথোয়া চিং মারমা তাকে বিকেএসপিতে ভর্তি করে দেন সাঁতারে। এর পর থেকেই পানির সঙ্গে সখ্য। প্রথম দিনের অভিজ্ঞতার কথা মনে পড়লে এখনো শিউরে ওঠে ড থৈ, ‘প্রথম যেদিন পানিতে নামি, মনে হচ্ছিল যেন ডুবে যাচ্ছি। পরে আমার কোচ এসে টেনে তোলেন।’
তিন বছর আগে বিকেএসপিতে ভর্তি হয়ে প্রথমবারই অংশ নেয় বয়সভিত্তিক সাঁতারে। সেবার একটি ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল ড থৈকে। পরের বছর তিনটি ব্রোঞ্জ, গতবার চারটি সোনা। তবে এবার ১২টি ইভেন্টেরই সোনা জিততে চায় সে, ‘আমি এবার ১২টি ইভেন্টে সাঁতরাব। সবগুলোই জিততে চাই। আমার প্রস্তুতিও অনেক ভালো হয়েছে। আজ চারটিতেই জিতে আত্মবিশ্বাস বেড়ে গেছে।’
উচ্চতা ৪ ফুট ১১ ইঞ্চি। কিন্তু শারীরিক সামর্থ্যে অন্যদের চেয়ে একটু এগিয়েই। সাঁতারে আগ্রহও প্রচণ্ড। সব মিলিয়ে ড থৈকে স্বপ্ন দেখাচ্ছে অনেক বড় কিছু অর্জনের, ‘আমি বাড়িতে গেলেও নদীতে নিয়মিত অনুশীলন করি। স্বপ্ন দেখি একদিন এসএ গেমসে সোনা জিতব।’
ড থৈর দিনে আলো ছড়িয়েছেন বিকেএসপির আরেক সাঁতারু ১৮-২০ বছর গ্রুপের আরিফুল ইসলাম। পাঁচটি ইভেন্টে সোনা জিতেছেন তিনি, নতুন জাতীয় রেকর্ড গড়েছেন ২০০ মিটার ফ্রি-স্টাইলে। ছেলেদের ১৩-১৪ বছর বয়সে ২০০ মিটার ফ্রি-স্টাইলে বিকেএসপির জাহিদুল ইসলাম, মেয়েদের ১৮-২০ বছরে বগুড়া সুইমিং সেন্টারের মরিয়ম খাতুন ২০০ মিটার বাটারফ্লাই ও ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে, বালিকা ১১-১২ বছর বয়সী গ্রুপে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে আনসারের মুক্তি খাতুন, ১৩-১৪ বছর বয়সীদের ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে বগুড়া সুইমিং সেন্টারের নয়ন আলী নতুন জাতীয় রেকর্ড গড়েছে।