‘অদম্য সিংহ’ এখন শুধু নামেই!
‘অদম্য সিংহ’ তকমাটা এখন ক্যামেরুনের জন্য প্রহসনের মতোই শোনাবে। আগের সেই হুংকারও এখন অনেকটাই স্তিমিত। এ নিয়ে যে টানা দুবার আফ্রিকান নেশনস কাপের চূড়ান্ত পর্বে উঠতে ব্যর্থ হলো চারবারের চ্যাম্পিয়নরা। তা-ও আবার পুঁচকে দ্বীপদেশ কেপ ভার্দের কাছে হেরে, যাদের জনসংখ্যাই কিনা মোটে পাঁচ লাখ! অথচ তিন বছর আগে ফিফা র্যাঙ্কিংয়ে দুই দলের মাঝে ছিল দুস্তর ব্যবধান। ক্যামেরুন যেখানে ছিল ১১ নম্বরে, কেপ ভার্দের র্যাঙ্কিং ছিল ৯৭। এখন অদম্য সিংহরা ৬০ ধাপ পিছিয়ে ৭১-এ, আর কেপ ভার্দে উঠে এসেছে ৫১ নম্বরে।প্রথম লেগটা ২-০ হারার পরই মূল পর্বে ওঠার স্বপ্ন ফিকে হয়ে গিয়েছিল ক্যামেরুনের। দিগ্ভ্রান্ত ক্যামেরুনের আশার পালে একটু হাওয়া লেগেছিল চারবারের আফ্রিকান বর্ষসেরা ফুটবলার স্যামুয়েল ইতো দলে ফিরে আসায়। আট মাসের নিষেধাজ্ঞা শেষে অনেক নাটকের পর দলে ফিরেছিলেন আনঝি মাখাচকালার স্ট্রাইকার। কিন্তু বৈতরণীটা শেষমেশ পার করতে পারলেন না। ম্যাচটা ক্যামেরুন ২-১ গোলে জিতেছে বটে, কিন্তু দুই লেগ মিলে জিতেছে কেপ ভার্দেই (৩-২)।রোববারটা স্মরণীয় হয়ে থাকবে ইথিওপিয়ার কাছেও, একসময়ের আফ্রিকান চ্যাম্পিয়নরা দীর্ঘ ৩০ বছরের নির্বাসন শেষে আবার ফিরছে বড় আসরে। ইমানুয়েল আদেবায়োরের গোলে টোগোও উঠেছে চূড়ান্ত পর্বে। শনিবারের দাঙ্গার কারণে পরিত্যক্ত হয়ে যাওয়া ম্যাচে আইভরি কোস্ট এগিয়ে ছিল ২-০ গোলে। দ্রগবাদের মূল পর্বে ওঠাটা নিশ্চিতই, যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এখনো। বড় দলগুলোর মধ্যে ক্যামেরুন ছাড়া নেই শুধু মিসরই। এএফপি।