'অদ্ভুত একটা বছর গেল'

চোটের কারণে ২০১৩ সালের শেষ দিকে মাঠেই নামতে পারেননি। এই বছর পাননি ব্যালন ডি’অরও। সেই ব্যালন ডি’অর পুরস্কারের অনুষ্ঠানে গিয়ে লিওনেল মেসি মুখোমুখি হয়েছিলেন ফিফা ডট কমের। ফেলে আসা বছর, বিশ্বকাপ ভাবনাসহ আরও অনেক কিছুই নিয়ে কথা বলেছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা
ফিফা ডট কম: ২০১৩ সাল তো বেশ উত্থান-পতনের মধ্য দিয়ে কেটেছে আপনার। আরেকটি লা লিগা জিতেছেন, আর্জেন্টিনাকে নিয়ে গেছেন বিশ্বকাপে। অন্যদিকে চোটে পড়ে আপনাকে বেশ কয়েক সপ্তাহ সাইডলাইনে থাকতে হয়েছে...
লিওনেল মেসি: হ্যাঁ, অদ্ভুত একটা বছর গেল। লা লিগা আর চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে আমি শতভাগ ফিট ছিলাম না। মৌসুমের শুরুতেও আমাকে বাইরে থাকতে হয়েছে। হ্যাঁ, এটা বলাই যায় চোটই এই বছরে আমার ক্যারিয়ারের নেতিবাচক দিক ছিল।
যারাই আপনার সঙ্গে কাজ করেছে সবাই দুটি বিষয়ে একমত, আপনি কতটা প্রতিভাবান ও খেলতে না পারাটা আপনি কতটা ঘৃণা করেন। এই কয়েক সপ্তাহ কীভাবে সামাল দিয়েছিলেন?
মেসি: সত্যি বলতে কী, এটা খুবই কঠিন ছিল। তবে আর্জেন্টিনায় চলে যাওয়ায় ড্রেসিংরুম থেকে কিছুটা দূরেই ছিলাম। একদিক দিয়ে সেটা ভালোই হয়েছে। হ্যাঁ, আমি খেলতে পারিনি বটে, কিন্তু দুই মাসের বিশ্রামটা শারীরিকভাবে আমার জন্য ভালোই ছিল। আমি ইতিবাচক দিকটাই দেখার চেষ্টা করছি।
রোজারিওতে কিছুদিন কাটিয়ে এলেন। নিজের শহরের কোনটা সবচেয়ে মিস করেন?
মেসি: সবকিছুই। আমার বন্ধুরা, আমার পরিবার, ওখানে থাকা সবকিছুই...। এটা আমার ঠিকানা। লম্বা সময় পর সেখানে অনেক দিন কাটিয়েছি। দারুণ লেগেছে।
l রাস্তাঘাটে নিরুপদ্রবে হাঁটতে পেরেছেন তো?
মেসি: হ্যাঁ, বার্সেলোনার মতোই পেরেছি (হাসি)। আমি অবশ্য বন্ধু, স্বজনদের বাসায়ই বেশি গিয়েছি। রাস্তাঘাটে খুব একটা ঘোরা হয়নি।
l বার্সার ম্যাচ টিভিতে দেখতে কেমন লেগেছিল? সব সময়ের মতোই কি স্নায়ুচাপে ভুগেছেন?
মেসি: অবশ্যই। মাঠের চেয়ে বরং খানিকটা বেশিই স্নায়ুচাপে ভুগেছি। যখন আপনাকে দর্শক হয়ে থাকতে হবে, দলকে সাহায্য করতে পারবেন না, তখন তো খারাপ লাগবেই।
l আপনার ফিটনেস নিয়ে মানুষজনের উদ্বেগটা চোখে পড়ার মতো। এটা কি বিশ্বকাপের বছর বলেই?
মেসি: না, সত্যি বলতে কী, আমি খুবই নির্ভার ছিলাম। শারীরিক ও মানসিকভাবে সামনের ছয় মাসের জন্য খুবই ভালো অবস্থায় আছি। আমার মনে হয় আর্জেন্টিনার সময়টা ভালোই কেটেছে, যদিও আমি বলতে পারছি না ঠিক কয়জনের সঙ্গে আমার দেখা হয়েছে। সেরে ওঠার দিকেই আমার মনোযোগ ছিল। এমনকি আমি প্রেদিওতে (আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের অনুশীলনস্থল) গিয়ে একসময় ঘুমিয়েও পড়েছিলাম। যেন আমি আবার দলে ডাক পেয়েছি!
l কিন্তু একটু তো দুশ্চিন্তা ছিলই। বিশ্বকাপ বলে কথা, তাই না?
মেসি: হ্যাঁ, অবশ্যই। যদিও আর বেশ কিছু মাস বাকি আছে, সেটা অবশ্য দেখতে দেখতেই কেটে যাবে। কিন্তু তার আগেও অনেক গুরুত্বপূর্ণ কাজ, চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, কোপা ডেল রে জেতা।। আমরা এক ধাপ করে সামনে এগোচ্ছি, কিন্তু সত্যিটা হচ্ছে, আমরা বিশ্বকাপ নিয়ে ভাবতে শুরু করে দিয়েছি।
l ফর্ম, গড় বয়স ও খেলোয়াড়দের অভিজ্ঞতা বিচারে আর্জেন্টিনাকে মনে করা হচ্ছে এবারের অন্যতম ফেবারিট। আপনি কি একমত?
মেসি: হ্যাঁ, এটাই সত্যি। আমরা খুব ভালো অবস্থায় আছি। কলম্বিয়ায় গিয়ে ওদের হারানোর আগ পর্যন্ত আমরা খুব ভালো করছিলাম না, এর পর থেকে আমরা দারুণ খেলেছি। আমাদের দলটা খুবই ভালো। ২০১৪ হয়তো আমাদের বছর হতেও পারে। কিন্তু বিশ্বকাপ এমন কিছু, শুরু হওয়ার পর যেখানে যেকোনো কিছু হতে পারে। কিন্তু আমি মনে করি আমরা ভালো ফর্মেই আছি।
l ব্রাজিলকে নিয়ে কথা বলি। ওদের সঙ্গে তো সব সময়ই আপনি ভালো খেলেছেন। গোল করে জয়ও পেয়েছেন। আপনি কি যেকোনো একটা সাক্ষাতের কথা মনে করতে পারেন?
মেসি: অবশ্যই। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ওদের সঙ্গে ম্যাচটার কথা এখনো মনে আছে (২০০৫ সালে হল্যান্ডে), যখন আমরা ওদের সেমিফাইনালে ২-১ গোলে হারিয়েছিলাম, সেই ম্যাচে আমার গোলেই দল ফাইনালে গিয়েছিল। বুঝতেই পারছেন ওটা আমার কাছে কেমন ম্যাচ ছিল। আমার জেতা প্রথম শিরোপাগুলোরও একটি ছিল ওটা। দারুণ একটা স্মৃতি।
l বিশ্বকাপের ম্যাচগুলো এত আলাদা এবং অনন্য কেন?
মেসি: বিশ্বকাপের খেলা পুরোপুরিই আলাদা। পরিবেশ বলুন, আর যা-ই বলুন, সবকিছুই অন্য রকম। চ্যাম্পিয়নস লিগ ‘গ্রেট’ হতে পারে, কিন্তু বিশ্বকাপ ‘স্পেশাল’।
l গ্রুপ এফ-এ বসনিয়া, ইরান ও নাইজেরিয়ার সঙ্গে পড়েছে আর্জেন্টিনা। এ নিয়ে কী ভাবছেন?
মেসি: সবাই বলছে গ্রুপটা খুব সহজ হয়েছে। কিন্তু এটা বিশ্বকাপ, এখানে সহজ ম্যাচ বলতে কিছু নেই। প্রতিপক্ষ দলগুলো যোগ্য বলেই বিশ্বকাপে এসেছে।
l শেষ প্রশ্ন, এই বাক্যটা শেষ করুন, ‘২০১৪ সালে লিওনেল মেসি...’”
মেসি: আমি জানি না। আশা করছি, বার্সেলোনা ও আর্জেন্টিনার জন্য বছরটা অসাধারণ হবে। শুধু মেসির জন্য নয়, সবার জন্যই।