‘অধিনায়ক হিসেবে শ্রদ্ধা পেতে হবে’
পূর্ণকালীন অধিনায়ক হিসেবে শুরুটা হয়েছে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে। কিন্তু সামনে তো অপেক্ষা করছে আরও বড় সব চ্যালেঞ্জ। একটি ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে মাইকেল ক্লার্ক কথা বলেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে তাঁর ভবিষ্যৎ পথচলা নিয়ে অধিনায়কত্বের প্রথম সিরিজে তো সাফল্যই পেলেন, কিন্তু মাঠের বাইরে কতটা গুছিয়ে উঠতে পেরেছেন?মাইকেল ক্লার্ক: এটা অন্যরাই ভালো বলতে পারবে। আমার দিক থেকে আমি উপভোগই করেছি। অবশ্যই বুঝতে পারছি, সতীর্থরা আমাকে শ্রদ্ধা করছে ও সমর্থন দিচ্ছে, কারণ আন্তর্জাতিক ক্রিকেটটা আমি অনেক খেলেছি। ওই শ্রদ্ধাটাই এখন আমাকে পেতে হবে অধিনায়ক হিসেবে এবং এর সবচেয়ে ভালো উপায় সাফল্য। এখন অনেকটা সময় ফাঁকা আছে। গত ১২ মাসে কী হয়েছে আর আগামী এক-দুই বছরে দলকে কোথায় দেখতে চাই, এসব নিয়ে ভাবার অনেক সুযোগ পাব। শেষ ওয়ানডেতে বাংলাদেশ যখন শুরুটা দারুণ করল, আপনাকে দেখা গেছে রিকি পন্টিংয়ের সঙ্গে অনেকবার কথা বলতে...ক্লার্ক: শেষ ম্যাচের ওই সময়টায় ও হয়তো ওর ভাবনাটা জানাতে এসেছিল। আসলে পুরো সিরিজেই আমাদের মধ্যে যোগাযোগ ছিল দারুণ। ওর যখনই কিছু একটা মনে হয়েছে যেটা করা উচিত, আমাকে জানিয়েছে। শুধু ক্রিকেটার হিসেবে নয়, নেতা হিসেবেও রিকির জ্ঞান ও অভিজ্ঞতা এই মুহূর্তে এই দলটার ভীষণ প্রয়োজন। আপনার অন্যতম দায়িত্ব নিশ্চয়ই হবে অ্যাশেজে ভোঁতা মনে হওয়া বোলিং আক্রমণের কাছ থেকে সেরাটা বের করে আনা? ভালো মানের কোনো স্পিনারের অভাবটাও তো ভাবনার বিষয়...ক্লার্ক: আমাদের বোলিংয়ে প্রতিভার অভাব নেই। দুর্ভাগ্যজনকভাবে টেস্ট ক্রিকেটে বেশ কিছুদিন ধরেই আমরা প্রতিপক্ষকে অলআউট করতে পারছি না। কিন্তু আমাদের উন্নতি করে যেতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নেই। কথাটা আমাদের ফিল্ডিংয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। অস্ট্রেলিয়ার গ্রেট দলগুলোর দিকে যদি তাকান, কিছু গ্রেট বোলার অবশ্যই ছিল। কিন্তু ২০ উইকেট নিতে ক্যাচগুলো ঠিকঠাক নেওয়াও জরুরি। স্পিনে আমাদের বেশ কিছু বিকল্প আছে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে যে-ই সুযোগ পাক, তাকে দুহাতে আঁকড়ে নিতে হবে। আপনি নিজেই তো ক্লাব ক্রিকেট শুরু করেছিলেন বাঁহাতি স্পিনার হিসেবে। এখন হয়তো ব্যাটসম্যান, কিন্তু খেলাটাকে কি এখনো স্পিনারের দৃষ্টিতে দেখার চেষ্টা করেন?ক্লার্ক: আমার মনে হয় দেখতে হবে, বিশেষ করে অধিনায়ক হওয়ার পর। যতটা সম্ভব বোলারের জায়গায় নিজেকে কল্পনা করতে হবে, স্পিনারের ক্ষেত্রে তো আরও বেশি। স্পিনারের সঙ্গে যোগাযোগ হতে হবে যতটা বেশি সম্ভব, সে কী চাইছে তা বুঝে সে অনুযায়ী ফিল্ডিং সাজানো খুব গুরুত্বপূর্ণ। ১৬ বছর বয়সে গ্রেড ক্রিকেটে আমি স্পিনার হিসেবেই শুরু করেছিলাম, আটে ব্যাটিং করতাম। কিন্তু আমার নিজের কাছে আমি সব সময়ই একজন ব্যাটসম্যান যে কিছুটা বোলিং করে। একজন স্পিনারের পারফরম্যান্স আর সেটা ধরে রাখার মধ্যে সমন্বয়টা খুব সূক্ষ্ম, শেন ওয়ার্নের প্রথম কয়েকটা টেস্ট ম্যাচই এর আদর্শ উদাহরণ... ক্লার্ক: অ্যাশেজটা খুব কঠিন ছিল, কারণ সিরিজ জয়ের জন্য আমরা নানা রকম চেষ্টা করেছি। চোটেরও একটা বড় ভূমিকা ছিল। কিন্তু আমি নিশ্চিত, ভবিষ্যতে নির্বাচকেরা একজন স্পিনারকে বেছে নিয়ে পর্যাপ্ত সুযোগ দেবে। তবে একটা ব্যাপার আমাদের মনে রাখতে হবে, আরেকজন শেন ওয়ার্ন আমরা কখনোই পাব না। ও একজনই। স্পিনারদের কাছে আমাদের প্রত্যাশাটাও বদলে গেছে। তবে আমি বিশ্বাস করি, অস্ট্রেলিয়ান ক্রিকেটের সফল পথচলায় স্পিন একটা বড় ভূমিকা রাখবে। অনেকের মতে অভিষেক ইনিংসটাই (১৫১) টেস্টে এখনো আপনার সেরা। আপনার নিজের কী মনে হয়?ক্লার্ক: আমার নিজের কাছে সেরা লর্ডসের ইনিংসটা (২০০৯ অ্যাশেজে ১৩৬), পুরো ইনিংসে সবচেয়ে ভালো ব্যাটিং করেছি ওই ইনিংসেই। সম্ভবত সবচেয়ে কঠিন দুই ইনিংসের একটি ২০০৮ সালে ওয়েস্ট ইন্ডিজে (অ্যান্টিগায় ১১০), আমার সাবেক বাগদত্তার (লারা বিঙ্গল) বাবা মারা যাওয়ার পরপর। ওই অবস্থায় উইন্ডিজে ফিরে সেঞ্চুরি করাটা ছিল বিশেষ কিছু। আরেকটি ওর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর, নিউজিল্যান্ডে গিয়ে (গত বছরের মার্চে ওয়েলিংটনে ১৬৮)। ক্যারিয়ারজুড়ে বেশ কিছু স্মরণীয় ইনিংস আছে। তবে সবচেয়ে স্মরণীয় অবশ্যই অভিষেকের দেড় শ। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া আগের মতো রানআউট করতে পারছে না। রিকি পন্টিংকে কি মাঠে শিকারির ভূমিকায় দেখতে চান, যে একসময় সরাসরি থ্রোতে নিয়মিত রানআউট করত?ক্লার্ক: আমার মতে, ও এখনো বিশ্বের সেরা ফিল্ডারদের একজন। এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো, ও এমনই অসাধারণ এক ফিল্ডার যে তরুণেরা ওর কাছ থেকে অনেক শিখতে পারে। দলে বেশ কজন খুব ভালো অ্যাথলেট, খুব ভালো ফিল্ডার আছে। এখন পুরো ব্যাপারটাই হলো কঠিন পরিশ্রম, অনুশীলনে প্রচুর ক্যাচ ধরা, স্টাম্পে বল ছোড়া। ফিল্ডিংকে গুরুত্ব দেওয়া। জুলাইয়ের ক্যাম্পে এদিকটায় আমি অবশ্যই বাড়তি দৃষ্টি দেব।