‘অধিনায়কত্ব পিটারসেনের জন্য নয়!’
বিশ্বকাপ শেষে অ্যান্ড্রু স্ট্রাউস ইংল্যান্ড ওয়ানডে দলের অধিনায়কত্বের দায়িত্বটা ছেড়ে দেওয়ার পর নেতৃত্বের ভার নেওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন কেভিন পিটারসেন। কিন্তু ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এই দায়িত্বটা দিয়েছে অ্যালিস্টার কুককে। এ নিয়ে হয়তো কিছুটা মনোকষ্টেও ভুগেছেন পিটারসেন। তবে সতীর্থ অ্যান্ডারসন মনে করছেন, অধিনায়কত্ব না পাওয়াটা ভালোই হয়েছে এই ডানহাতি স্টাইলিশ ব্যাটসম্যানের জন্য। মেইল অন সানডে পত্রিকার এক কলামে অ্যান্ডারসন লিখেছেন, ‘পিটারসেনকে আমি আগেও দেখেছি। দলের মধ্যে সব সময়ই তাঁর একটা নেতৃত্বের ভূমিকা থাকে। কিন্তু অধিনায়কত্বের আলাদা চাপ না নেওয়াটা তাঁর জন্য ভালোই হয়েছে। কোচ পিটার মুরের অধীনে পিটারসেন যখন অধিনায়ক ছিল, তখন সময়টা তাঁর জন্য খুব একটা ভালো যায়নি। ড্রেসিংরুমে প্রায়ই অনেক ঝামেলা হতো।’২০০৮ সালের আগস্টে ইংল্যান্ড দলের অধিনায়কত্বের দায়িত্ব নিয়েছিলেন পিটারসেন। পরবর্তী পাঁচ মাস কোচ পিটার মুরের সঙ্গে তাঁর মনোমালিন্যের কথা অনেকবারই উঠে এসেছিল পত্রিকার পাতায়। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে নতুন কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের সঙ্গে জুটি বেঁধে দলকে নেতৃত্ব দেওয়া শুরু করেছিলেন অ্যান্ড্রু স্ট্রাউস। ক্রিকইনফো।