‘অধিনায়কত্ব রাতের ঘুম কেড়ে নেয়’
বিশ্বকাপ ক্রিকেটের পরপরই ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন কুমার সাঙ্গাকারা। তবে টেস্ট দলের অধিনায়কত্ব আরও কিছুদিন চালিয়ে যেতে চান তিনি। বিশ্বকাপের ফাইনালে একটি পরাজয়ই কেন যেন ভাঙা হাটের সুর বাজিয়ে দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেটে। চারদিকে কেমন যেন বিদায়, বিদায় ভাব। মাহেলা জয়বর্ধনে কিছুদিন আগেই লঙ্কান ক্রিকেটে পরিবর্তনের ডাক দিয়েছেন। বলেছেন, নতুনদের গড়ে তুলতে তাঁদের মতো জ্যেষ্ঠ খেলোয়াড়দের ভূমিকা রাখতে হবে। সাঙ্গাকারা অধিনায়কত্ব ছেড়েছেন নিজের ক্রিকেট ক্যারিয়ারের স্বার্থেই। আরও বেশ কয়েক বছর ক্রিকেট খেলাটা সুনামের সঙ্গেই খেলে যেতে চান তিনি। একটি ক্রিকেট ওয়েবসাইটের সঙ্গে সাক্ষাত্কারে শ্রীলঙ্কার বিশ্বকাপ অধিনায়ক বলেছেন, ‘ক্রিকেট খেলাটা একটি মজার ব্যাপার। কিন্তু ক্রিকেটে অধিনায়কত্ব আপনার রাতের ঘুম কেড়ে নেবে। বিশেষ করে, আপনি যদি এই উপমহাদেশের টেস্ট খেলুড়ে কোনো দেশের অধিনায়কত্ব করেন।’অধিনায়কত্ব ছেড়ে দিয়ে এই উপমহাদেশের অধিনায়কদের মুখপাত্র হয়েই যেন কথা বললেন সাঙ্গাকারা। শহীদ আফ্রিদি ‘পুট’ বলতে ‘কুট’ বলে ফেললেই গণমাধ্যম জুড়ে শুরু হয় আলোচনা-সমালোচনা বিতর্ক। মহেন্দ্র সিং ধোনি বিশ্বকাপটা জয় করে যে বেঁচে গেছেন, সেটা তিনি ইনিয়ে-বিনিয়ে বলেই ফেলেছেন বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চেই। কুমার সাঙ্গাকারা শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তুলেছেন, তুলেছেন ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে। বছরজুড়েই শ্রীলঙ্কার পারফরম্যান্স আনন্দদায়কই। কিন্তু বিশ্ব আসরের ফাইনালে জিততে না পারার ব্যর্থতাই তাঁর ওপর চাপ হয়ে দেখা দিচ্ছে। ৩৩ বছর বয়সী সাঙ্গাকারা নিজের ক্যারিয়ার আরও বছর চারেক প্রলম্বিত করার জন্যই হয়তো ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। বাংলাদেশ ক্রিকেটে ভারত, পাকিস্তান কিংবা শ্রীলঙ্কার সমপর্যায়ে না যেতে পারলেও সাকিব আল হাসান যে চাপ নিয়ে রাতে ঘুমাতে যান, তা আফ্রিদি, ধোনি কিংবা সাঙ্গাকারার চেয়ে কি কোনো অংশে কম!সাঙ্গাকারার মতে, এই উপমহাদেশে মানুষের প্রত্যাশার সঙ্গে নিজেদের পারফরম্যান্সের মেলবন্ধন ঘটাতে গিয়েই হিমশিম খেতে হয় অধিনায়কদের।সাঙ্গাকারা বলেন, বর্তমান সময়ে একজন ক্রিকেট অধিনায়ককে কেবল ক্রিকেট নিয়ে ভাবলেই চলে না, তাঁকে অন্য ব্যাপার-স্যাপারগুলো নিয়েও ভাবতে হয়। খেলোয়াড়েরা সব সময়ই ক্রিকেট নিয়ে ভাবতে চান, তাঁরা অন্য কিছু নিয়ে একেবারেই মাথা ঘামাতে চান না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, ক্রিকেটের বাইরের ব্যাপারগুলোতে ক্রিকেটারদের বেশি মাথা ঘামাতে হয়।সাঙ্গাকারা আরও বলেন, শ্রীলঙ্কা কিংবা উপমহাদেশীয় ক্রিকেটের ‘সমস্যা’ হলো, এখানে সবাই ক্রিকেট ভালোবাসে পাগলের মতো। সবাই মনে করে, তাদের প্রিয় জাতীয় দলটা তাদের চিন্তা অনুযায়ীই চলবে। এই মনোভাবে একজন ক্রিকেট প্রশাসক থেকে শুরু করে সাধারণ ক্রিকেটানুরাগী—সবার মধ্যেই রয়েছে। অনেক সময় এই ‘বোদ্ধা’রা আপনার ওপর নিজেদের মতকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। তখন সেটা কিন্তু মানসিক পীড়নের কারণ হয়ে দেখা দেয়।সাঙ্গাকারার মতে, এই ব্যাপারগুলো শ্রীলঙ্কা কিংবা এই উপমহাদেশে কখনোই পরিবর্তিত হবে না। এসব ব্যাপারে আসলে আদর্শ কোনো সমাধানও নেই বলে মনে করেন কুমার সাঙ্গাকারা। তিনি বলেন, নীতিনির্ধারণী ব্যাপার নিয়ে কাজ করা কখনোই সহজ নয়।বিশ্বকাপের ফাইনালে পরাজয় তাঁর অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পেছনে নিয়ামক হিসেবে কাজ করেনি বলেই জানিয়েছেন সাঙ্গাকারা। তিনি বলেন, ‘বিশ্বাস করুন আর না-ই করুন, বিশ্বকাপ জিতলেও আমি অধিনায়কত্ব ছেড়ে দিতাম।’ কারণ, বিশ্বকাপ শুরু হওয়ার মাস তিনেক আগেই নাকি ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন। ওয়েবসাইট।