‘অধিনায়কত্বটা একটা নতুন মাইলফলক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলের নেতৃত্বের ভার পেয়েছেন সুরেশ রায়না। অধিনায়কত্বের অভিজ্ঞতাটা একেবারে নতুন না হলেও এটাকে ক্যারিয়ারের একটা নতুন মাইলফলক হিসেবেই দেখছেন এ বাঁ-হাতি ব্যাটসম্যান। কারণ, এবার তিনি নেতৃত্ব দিতে যাচ্ছেন বিশ্বকাপজয়ী ভারতীয় দলকে। আর নতুন কোচ ডানকান ফ্লেচারের উপস্থিতিটাও এটাতে একটা নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন রায়না।গত বছর একটি ত্রিদেশীয় সিরিজ ও জিম্বাবুয়েতে বেশ কয়েকটি টি-টোয়েন্টি ম্যাচে ভারতের অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছেন রায়না। কিন্তু সে সময়ের অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল না তাঁর জন্য। টি-টোয়েন্টি দুটি জিতলেও ত্রিদেশীয় সিরিজের ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারেননি তিনি। কিন্তু এবার পরিস্থিতি সে রকম হবে না বলে আশাবাদী রায়না। তিনি বলেছেন, ‘আমি ভারতীয় দলের অধিনায়কত্ব পেয়ে খুবই গর্বিত। আমরা কয়েক দিন আগেই বিশ্বকাপ জিতেছি। আর এখন আমাদের সঙ্গে আছেন নতুন কোচ ডানকান ফ্লেচার। আশা করছি ওয়েস্ট ইন্ডিজ সফরে আমরা ভালো পারফরম্যান্স দেখাতে পারব। আমার জন্য এটা একটা নতুন মাইলফলক। ফ্লেচার নিশ্চয়ই আমাদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। আর মাঠে যেন আমরা সেগুলোর কার্যকরী প্রয়োগ ঘটাতে পারি, তার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। ওয়েস্ট ইন্ডিজে ভালো ফলাফলটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভালো একটা ব্যাপার হচ্ছে, এবার আমাদের দলে অনেক তরুণ ক্রিকেটার আছে, যারা নিজেদের সামর্থ্যের সর্বোচ্চ প্রমাণ দিতে দৃঢ়প্রতিজ্ঞ। আমি এ দল নিয়ে সত্যিই খুব খুশি।’ টাইমস নিউজ নেটওয়ার্ক।