‘অধিনায়কের যোগ্য নন ফিলিপ লাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের ইউরো চ্যাম্পিয়নশিপে ফেভারিট হিসেবেই অংশ নিয়েছিল জার্মানি। গ্রুপ পর্বের তিনটি ম্যাচ জিতে শুরুটাও করেছিল দুর্দান্তভাবে। কিন্তু সেমিফাইনালে ইতালির কাছে হেরে বিদায় নিতে হয়েছে জোয়াকিম লোর শিষ্যদের। এরপর থেকেই তীক্ষ সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন জার্মান ফুটবলাররা। এবার সমালোচনার মুখে পড়েছেন অধিনায়ক ফিলিপ লাম ও বাস্তেইন শোয়েনস্টাইগার। এঁদের কারোরই নেতৃত্ব দেওয়ার মতো পর্যাপ্ত যোগ্যতা নেই বলে মন্তব্য করেছেন জার্মানির সাবেক ফুটবলার গুন্টার নেটজার।মাইকেল বালাকের পরে জার্মানির অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ফিলিপ লাম। এ নিয়ে বালাকের সঙ্গে প্রকাশ্য মনোমালিন্যও হয়েছিল এই জার্মান ডিফেন্ডারের। কিন্তু এখন ফিলিপ লামের এই নেতৃত্বকেই জার্মানির অন্যতম প্রধান অকার্যকারিতা হিসেবে শনাক্ত করেছেন কিংবদন্তি জার্মান ফুটবলার গুন্টার নেটজার। সম্প্রতি একটি কলামে তিনি লিখেছেন, ‘ক্যামেরার সামনে ফিলিপ লামকে খুবই দুর্দান্ত অধিনায়ক বলে মনে হয়। কিন্তু মাঠে গত মৌসুমে বায়ার্ন মিউনিখের পক্ষে আর এখন ইউরোতে সে কিছু গুরুতর দুর্বলতা দেখিয়েছে। সে খুবই আক্রমণাত্মক খেলতে চায় আর কার্যকারিতা হারিয়ে ফেলে।’ জার্মানির সহ-অধিনায়ক বাস্তেইন শোয়েনস্টাইগারেরও সমালোচনা করেছেন নেটজার। বলেছেন, ‘শোয়েনস্টাইগার প্রকৃত নেতা না। হল্যান্ডের বিপক্ষে মারিও গোমেজকে সে যে দুর্দান্ত পাসটা দিয়েছিল, তার জন্য আমি তার প্রশংসা করব। আর এ রকম খেলা প্রতিনিয়তই খেলে যেতে হবে। কিন্তু শুধু এটুকুই নেতৃত্বের জন্য যথেষ্ট নয়।’১৯৭২ ও ১৯৭৩ সালে সেরা জার্মান ফুটবলারের জন্য মনোনীত হওয়া এই ফুটবলারের মতে, নেতৃত্বের যোগ্যতা আছে কি না—সেটা কোচ শুধু যাচাই করতে পারেন, এটা শিখিয়ে দেওয়ার মতো ব্যাপার না। আর প্রতিটা দলেই নেতৃত্ব দিতে সক্ষম, এমন ফুটবলার থাকা জরুরি। তিনি বলেছেন, ‘ইতিহাসের প্রত্যেকটা দুর্দান্ত দলেই অন্তত এতজন অসাধারণ খেলোয়াড় ছিলেন। যিনি দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।’