লন্ডনে গতকাল রাতে অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট অ্যাওয়ার্ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় দল যোগ না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত। লন্ডনে থাকার পরও ওই অনুষ্ঠানে যোগ না দেওয়ার ঘটনাকে তিনি ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন। এ ব্যাপারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে লরগাত বলেন, ‘পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেটারদের না আসাটা লজ্জাজনক। কয়েক মাস আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের মাধ্যমে ক্রিকেটারদের আমন্ত্রণ জানিয়েছিলাম আমরা। তাঁদের অংশগ্রহণের বিষয়টিও নিশ্চিত করেছিলেন তাঁরা। ভারতের মতো দলের কাছে এ ধরনের আচরণ প্রত্যাশিত নয়।’ভারতীয়দের উপস্থিতির সুবিধার্থেই এ দিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল দাবি করে লরগাত বলেন, তাঁদের কথা ভেবেই তারিখটা নির্ধারণ করা হয়েছিল। যা হোক, তাঁরা আসেননি।’লরগাত আরও বলেন, ভারতীয়রা ছাড়া বলতে গেলে সবাই উপস্থিত ছিলেন। তাঁরা না আসায় উপস্থিত সবাই হতাশ হয়েছেন। আর এটা আরও বেশি কষ্ট দিয়েছে আমাকে।’ভারতীয় দলের ম্যানেজার শিবলাল যাদব অবশ্য দাবি করেছেন, তাঁদের আগেভাগে আমন্ত্রণ জানানো হয়নি। অথচ দেশটির বেশ কয়েকজন ক্রিকেটার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। শিবলাল অভিযোগ করেন, ‘অনুষ্ঠানের দিন দুপুর ১২টায় ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান আইসিসির একজন কর্মকর্তা। কিন্তু ততক্ষণে ক্রিকেটাররা বাইরে বেরিয়ে গেছেন। কেউ গেছে শপিং করতে, কেউ ঘুরতে। এ অবস্থায় অসহায়ত্ব প্রকাশ ছাড়া কিছুই করার ছিল না আমাদের।’ ওয়েবসাইট।