‘অনেক কষ্টের পর এই সাফল্য’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়েছে রিয়াল মাদ্রিদ। এত দিন বার্সেলোনার দাপটে মনে হচ্ছিল শিরোপা জয়ের স্পর্ধাই হারিয়ে ফেলেছে সান্তিয়াগো বার্নাব্যুর ছেলেরা। জাত ট্যাকটিশিয়ান হোসে মরিনহোর তত্ত্বাবধানে রিয়ালের ৩২তম লিগ মুকুট স্বস্তির নিঃশ্বাস ছড়িয়ে দিয়েছে গোটা মাদ্রিদসহ সারা বিশ্বে ছড়িয়ে থাকা সমর্থকেরা।রিয়ালের খেলোয়াড়দেরও এই সাফল্য দিয়েছে হাঁপ ছেড়ে বাঁচার আনন্দ। বার্সেলোনার সঙ্গে এত দিন পেরে না ওঠার কষ্টটা যেন কড়ায়-গণ্ডায় মিটিয়ে দেওয়া গেছে। স্বস্তিটা কয়েক গুণ বেড়ে গেছে সাফল্যের পথ পরিক্রমায় বার্সেলোনাকে হারাতে পারায়।রিয়াল অধিনায়ক ইকার ক্যাসিয়াস মনে করেন, ‘অনেক কষ্টের পর এই সাফল্য। শুরুটা আমাদের ভালোই হয়েছিল। রিয়াল জারাগোজার বিপক্ষে ৬-০ গোলের জয়টা আমাদের দিয়েছিল দুর্দান্ত এক সূচনা। কিন্তু মৌসুমের দীর্ঘ পথে অন্যান্য দলের মতোই আমাদের ভালো সময়ের পাশাপাশি খারাপ সময়ও এসেছে। মাথা ঠান্ডা রেখে পারফরম্যান্সে স্থিতাবস্থা বজায় রেখেই আমাদের এই সাফল্য।’ক্যাসিয়াস আরও বলেন, ‘এই তো এক মাস আগেই পরপর দুটি ড্রয়ে মনে হচ্ছিল সবকিছু যেন দূরে সরে যাচ্ছে। সাজানো বাগান যেন এলোমেলো হয়ে যাচ্ছে। সবকিছু ছাপিয়ে আমাদের এই অর্জন প্রমাণ করেছে, আমরা এই অর্জনের যোগ্যতম দল।’রিয়ালের হয়ে এই প্রথমবারের মতো যাঁরা শিরোপার অংশীদার হলেন তাঁদেরও অভিনন্দন জানিয়েছেন ইকার ক্যাসিয়াস। তিনি বলেন, ‘আমি বুঝতে পারছি প্রথমবারের মতো শিরোপার স্বাদ পাওয়াটা কতটা আনন্দের। প্রথমবারের মতো যাঁরা শিরোপার স্বাদ পেয়েছেন—এমন সতীর্থদের মধ্যে অনেকেই গত কয়েক বছরে দলে এসেছেন। এঁরা সবাই এমন একটা সময় কাটাচ্ছিলেন, যখন আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবটি সবকিছুতেই আমাদের চেয়ে এগিয়ে ছিল। আমি ১৩ বছর ধরে এই ক্লাবের সঙ্গে আছি। এই ক্লাবের অনেক খারাপ ও ভালো সময়ের অংশীদার হয়েছি।’ রিয়াল মিডফিল্ডার জাবি আলোনসোর মতে, ‘এ শিরোপা রিয়ালের যোগ্যতার পুরস্কার। এ সাফল্যে আমাদের খেলোয়াড়েরা যথেষ্ট মেধার পরিচয় দিয়েছেন।’আলোনসোর সবচেয়ে বেশি ভালো লাগছে বার্সেলোনাকে হারিয়েই এ সাফল্যের দেখা পাওয়ায়। বার্সেলোনাকে দুর্দান্ত প্রতিপক্ষ হিসেবে বর্ণনা করে আলোনসো বলেন, ‘আমরা এ মৌসুমে সব জায়গাতেই বার্সাকে পেছনে ফেলেছি।’ ওয়েবসাইট।