
শেষ ওয়ানডের দল থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের দলে পরিবর্তন একটাই—ইলিয়াস সানির জায়গায় ঢুকেছেন সৌম্য সরকার। খেলার সুযোগ পেলে বোলিং-ব্যাটিং দুটোতেই কিছু করে দেখাতে চান এই পেস বোলিং অলরাউন্ডার
প্রথমবারের মতো ডাক পেলেন জাতীয় দলে। খেলার সুযোগও আসতে পারে। কতটা রোমাঞ্চিত?
সৌম্য সরকার: সবারই স্বপ্ন থাকে জাতীয় দলে খেলার। সে সুযোগ তো পেয়েছি, এখন অন্য রকম লাগছে...আমিও জাতীয় দলের হয়ে খেলব! দুই দিন অনুশীলনের সুযোগ পেয়েছি। খেললে ভালো করার চেষ্টা করব।
একটা ম্যাচের জন্য ডাক পেয়েছেন। সুযোগ পেলে কী লক্ষ্য নিয়ে খেলবেন?
সৌম্য: সুযোগ পেলে সবাই ভালো করতে চায়। আমিও চেষ্টা করব ভালো কিছু করার জন্য।
অনুমান করতে পেরেছিলেন, এই সিরিজেই ডাক পাবেন?
সৌম্য: না, সে রকম কোনো পূর্বাভাস পাইনি। হঠাৎ ডাক পেয়েই প্রথম জানতে পেরেছি। বলতে পারেন আমি একটু সারপ্রাইজড।
পেস বোলিং অলরাউন্ডার হিসেবে দলে এসেছেন। দুটি দায়িত্ব একসঙ্গে পালন করতে কতটা প্রস্তুত আপনি?
সৌম্য: প্রস্তুতি ভালোই। আমি মূলত ব্যাটসম্যান, পাশাপাশি বোলিং করি। সব সময় চেষ্টা থাকবে দুটিতেই ভালো করার। যখন যেটায় সুযোগ পাব তাতেই সেরাটা দেওয়ার চেষ্টা করব।
ঘরোয়া দীর্ঘ পরিসরের ক্রিকেটে ভালো পারফরম্যান্স আপনার। খেলোয়াড় হিসেবে সেটাই বেশি উপভোগ করেন নাকি টি-টোয়েন্টি ক্রিকেট?
সৌম্য: আসলে ক্রিকেট খেলাটাই আমি উপভোগ করি (হাসি)।
এমন একটা সময়ে ডাক পেলেন যখন দলটা জয়ের মধ্যে আছে। এতে কি বাড়তি সুবিধা হলো আপনার?
সৌম্য: বাংলাদেশ জয় পেয়েছে, সিরিজ জিতেছে। আমি ভালো সময়ে দলে এসেছি। চেষ্টা করব নিজেকে দলের এখনকার পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে। দল ভালো করছে, এর মধ্যে আমিও যদি ভালো করি তাহলে নিজেরও ভালো লাগবে।
দলের সবাই এখন পারফর্ম করছে। খেলার সুযোগ পেলে একই চাপ তো আপনার ওপরও থাকবে...
সৌম্য: পারফর্ম না করলে তো আমাকে টিমে রাখবে না। যদি সুযোগ পাই চেষ্টা করব পারফর্ম করতে।
সাকিব আল হাসান একবার আপনার পারফরম্যান্স দেখে অর্থ পুরস্কার দিয়েছিলেন, ভালো খেলার পেছনে সেটাও কি একটা প্রেরণা?
সৌম্য: যেকোনো পুরস্কারই অনেক বড়। আমি পারফর্ম করেছিলাম, ভালো করার জন্য সাকিব ভাই আমাকে পুরস্কৃত করেছিলেন। অবশ্যই ভালো লেগেছে। আমার খেলাটা ভালো লাগাতেই সাকিব ভাই আমাকে পুরস্কারটা দিয়েছিলেন। তখন থেকে চেষ্টা করেছি আরও ভালো পারফর্ম করতে।
আপনি তো একটু আক্রমণাত্মক ব্যাটিং করেন। কাউকে দেখে এমন ব্যাটিংয়ে উৎসাহী হয়েছেন, নাকি এটা সহজাত?
সৌম্য: ছোটবেলায় টেপ টেনিসে পাওয়ার ক্রিকেট খেলতাম। খেলতে খেলতে বিকেএসপিতে ভর্তি হই। বিকেএসপিতে থাকার সময় প্রিমিয়ার লিগে তামিম ভাইকে ব্যাটিং করতে দেখতাম। অনেক মারতেন। তামিম ভাইকে যে ফলো করতাম তা না। যুবরাজ, গেইল এদের খেলা দেখে মনে হয়েছে না হার্ড হিটারই হব।
জাতীয় দলে ডাক পাওয়ায় আপনার পরিবারের সবাই নিশ্চয়ই অনেক খুশি?
সৌম্য: অনেক খুশি সবাই। আমার চেয়ে বোধ হয় তারাই বেশি খুশি হয়েছে। ছোটবেলা থেকেই তাদের ইচ্ছে ছিল আমি যেন জাতীয় দলে খেলি। আমি যখন বিকেএসপিতে ভর্তি হই, তখন ভাবত বিকেএসপিতে ভর্তি হয়েছে যেহেতু, ছেলে নিশ্চয়ই ভালো কিছু করবে। আসলে তো ব্যাপারটা সে রকম না। নিজে ভালো না খেললে কেউ ওপরে যেতে পারে না।
বিকেএসপিতে ভর্তি হওয়াটা পারিবারিক সিদ্ধান্ত ছিল, নাকি নিজের ইচ্ছায় ভর্তি হয়েছিলেন?
সৌম্য: এটা পারিবারিক সিদ্ধান্ত।
পরিবারের আর কেউ খেলাধুলায় ছিলেন?
সৌম্য: বাবা ফুটবল খেলতেন। মেজো ভাই পুষ্পেন ক্রিকেট খেলতেন। সাতক্ষীরায় প্রথম বিভাগে ক্রিকেট খেলেছেন। ছোটবেলায় ক্রিকেট খেলা তাঁর কাছেই শিখেছি বলতে পারেন।